বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনের প্রধান কারণ যদি হয় কার্বন নিঃসরণ, তাহলে বাংলাদেশের দায় তাতে ধর্তব্য নয় বললেই চলে। কিন্তু জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব যেসব দেশে সবচেয়ে বেশি হবে, আমরা আছি তাদের প্রথম সারিতে। শিল্পোন্নত দেশগুলো কয়েক শ বছর ধরে লাগামহীনভাবে কার্বন নিঃসরণ করে চলেছে; এই নিঃসরণ কমানো দরকার বলে বক্তৃতাও দিচ্ছে প্রচুর। কিন্তু তাদের সত্যিকারের দায়বোধ এখনো দৃশ্যমান নয়। কারণ, কিছু সময় পরপর মহা আড়ম্বরের সঙ্গে যেসব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে শুধুই প্রতিশ্রুতি শোনা যায়। আইনি বাধ্যবাধকতার অভাবে প্রতিশ্রুতিগুলো আজও নিষ্ফল।
আরও একটা জলবায়ু সম্মেলনের আগে এই কথাগুলো স্মরণ করার উপলক্ষ তৈরি হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং সচেতন নাগরিক কমিটি, খুলনা (সনাক)—এই তিন সংস্থার যৌথ সংবাদ সম্মেলনের খবরে। শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত ওই সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মন্তব্য করেছেন, প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে গৃহীত চুক্তি অনুসারে শিল্পোন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমানোর এবং জলবায়ু অর্থায়নের যে ঐচ্ছিক প্রতিশ্রুতি দিয়েছে, তা নিছকই প্রতিশ্রুতি বলে পৃথিবীর অস্তিত্ব একটা বড় ঝুঁকির মুখোমুখি রয়েছে। অর্থাৎ, প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়দায়িত্ব আইনি বাধ্যবাধকতার আওতায় না নেওয়ার ফলে পৃথিবীর বিপন্নতার এই ঝুঁকি ক্রমেই বেড়ে চলেছে।
এসব নাগরিক গোষ্ঠীর অভিযোগ, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের শিকার দেশগুলোর বাড়তি বিপন্নতার সুযোগ নিচ্ছে বিশ্বব্যাংকের মতো সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর যখন ক্ষতিপূরণ পাওয়ার কথা, তখন বিশ্বব্যাংক ‘ঋণবাণিজ্যের সুযোগ নিচ্ছে’। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ঘোষণা দিয়ে গেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। এই ঘোষণায় বিশেষজ্ঞরা তো বটেই, সচেতন নাগরিকেরাও বিস্মিত হয়েছেন। টিআই এবং তার সহযোগী সংগঠন দুটির সঙ্গে আমরাও একমত যে, আমাদের ন্যায্য পাওনা হলো ক্ষতিপূরণ, আর সেই ক্ষতিপূরণের অর্থ জোগান দেওয়ার দায়িত্ব শিল্পোন্নত দেশগুলোর, যারা কার্বন নিঃসরণকারীদের তালিকার শীর্ষে রয়েছে।
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির সম্মুখীন উন্নয়নশীল দেশগুলোর ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়াগুলো আরও সহজ করতে হবে। ঋণ নেওয়া কোনোভাবেই উচিত হবে না; কারণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাকে কেন্দ্র করে একবার ঋণবাণিজ্য শুরু হলে ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া অকার্যকর হয়ে পড়তে পারে।