খেলাপি ঋণ পুনর্গঠনের সুযোগ নিয়েও যাঁরা কিস্তি পরিশোধ করছেন না, তাঁদের মতলব বোঝা কঠিন নয়। কিন্তু ঋণ প্রদানকারী ব্যাংক কিংবা এদের তদারকি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক অনেকটাই নির্বিকার। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো উকিল নোটিশ দেওয়া কিংবা বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানানোর মধ্যে তাদের কার্যক্রম সীমিত রেখেছে।
ব্যাংকিং খাতে বড় বড় ঋণ কেলেঙ্কারির পরও কেন এমনটি ঘটছে, সেই প্রশ্নের উত্তর মিলবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের বক্তব্যে। তাঁর মতে, ‘বাংলাদেশ ব্যাংক তো আর স্বাধীন প্রতিষ্ঠান নয়। এ জন্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একজন ব্যবসায়ীর চাপে বাংলাদেশ ব্যাংক এ সুবিধা দিতে বাধ্য হয়েছিল।’
প্রথম আলোর খবর অনুযায়ী আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি উন্নয়নবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের প্রস্তাব অনুযায়ী ঋণ পুনর্গঠন-সুবিধা দেওয়া হলেও এখন তাঁর গ্রুপই ঋণ ফেরত দিচ্ছে না। কোনো কোনো খেলাপি প্রতিষ্ঠান নতুন করে ঋণ নেওয়ারও বায়না ধরছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে খেলাপি ১০ শিল্প গ্রুপকে যে প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণ পুনর্গঠন করা হয়েছিল, দুই বছর পর দেখা যাচ্ছে, তাদের অর্ধেকই নতুন করে খেলাপি হয়েছে। বেক্সিমকো গ্রুপ ছাড়াও বাকি চার খেলাপি প্রতিষ্ঠান হলো নারায়ণগঞ্জের এমআর গ্রুপ, চট্টগ্রামভিত্তিক এসএ গ্রুপ, রতনপুর গ্রুপ, কেয়া গ্রুপ। একই সুবিধা পাওয়া যমুনা, থার্মেক্স, শিকদার, আবদুল মোনেম ও এননটেক্স নিয়মিত ঋণ পরিশোধ করতে পারলে তারা কেন করল না? ব্যাংকগুলোই বা কেন খেলাপি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিল না? খেলাপি প্রতিষ্ঠানকে বারবার ঋণ দেওয়ার অর্থ হলো জনগণের অর্থ তছরুপ করার সুযোগ করে দেওয়া। কথায় বলে, ন্যাড়া একবারই বেলতলা যায়। কিন্তু আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো বারবারই বেলতলা যেতে পছন্দ করে। এমনকি বেসিক ব্যাংক কিংবা হল–মার্ক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটার পরও। আর সেই দুষ্কর্মের খেসারত কেন ব্যাংকের আমানতকারীরা দেবেন?
অবিলম্বে এসব খেলাপি প্রতিষ্ঠানের কাছ থেকে কিস্তি অনুযায়ী পাওনা আদায় করা হোক। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রয়োজনে ঋণ প্রদানকারী ব্যাংকগুলোকে আইনি সুরক্ষা দিতে হবে। কতিপয় খেলাপির কাছে আমাদের ব্যাংকিং খাত জিম্মি হয়ে থাকতে পারে না।