ঋণচুক্তির মেয়াদ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) পদ্মা সেতুর অর্থায়নে ঋণচুক্তির মেয়াদ আরও এক মাস বাড়ানোর ফলে এই প্রকল্পে উন্নয়ন-সহযোগীদের অর্থায়নের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। অন্যদিকে, এর আগে সরকার দুর্নীতির অভিযোগ প্রশ্নে বিশ্বব্যাংকের সবগুলো শর্ত মেনে নেওয়ায় বাতিল হওয়া ঋণচুক্তি নতুন করে করার পরিস্থিতিও তৈরি হয়েছে। এ নিয়ে পানি যথেষ্ট ঘোলা হয়েছে, এখন বাস্তবতা বিবেচনায় নেওয়ার পালা। সরকার কী করে, সেটাই দেখার বিষয়।পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়টি বিলম্বিত হোক, তা সরকারের চাওয়া হতে পারে না। এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। এর সঙ্গে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও দেশের একটি বড় জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার সরাসরি সম্পর্ক রয়েছে। এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা রাজনৈতিকভাবেও সরকারকে ক্ষতিগ্রস্ত করবে। অতএব, সরকারের বাস্তব বিবেচনাবোধের পরিচয় দিতে হবে।পদ্মা সেতু প্রকল্পে এডিবি ও জাইকার প্রতিশ্রুত ঋণসহায়তার পরিমাণ যথাক্রমে ৬১ ও ৪১ কোটি ডলার। এই দুটি উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠান ঋণচুক্তির মেয়াদ এক মাস বৃদ্ধি করায় এটাই প্রমাণিত হয় যে তারা এই প্রকল্পে সহায়তা করতে আগ্রহী। এডিবি ও জাইকার এই ১০২ কোটি ডলার পদ্মা সেতু প্রকল্পের জন্য খুবই জরুরি। বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ১২০ কোটি ডলার পাওয়ার জন্য চেষ্টার পাশাপাশি এডিবি ও জাইকা প্রতিশ্রুত ১০২ কোটি ডলার যাতে হাতছাড়া না হয়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। কারণ, পদ্মা সেতু নির্মাণে আমাদের বৈদেশিক মুদ্রা লাগবে এবং এর চেয়ে সহজ শর্তে বৈদেশিক অর্থ জোগাড় করার উপায় নেই। পদ্মা সেতুর মতো এত বড় প্রকল্পে বিশ্বব্যাংক, এডিবি বা জাইকার মতো প্রতিষ্ঠানের যুক্ততার ভিন্ন মাত্রাও রয়েছে। এই প্রকল্পে কাজ করতে সবচেয়ে পরীক্ষিত ও নামী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো অংশ নিক, সেটাই আমাদের চাওয়া। পদ্মা সেতু প্রকল্পে উন্নয়ন-সহযোগী এই প্রতিষ্ঠানগুলোর যুক্ততা একদিকে যেমন প্রকল্পটির আর্থিক দিকটি নিশ্চিত করে, তেমনি কাজের মান, স্বচ্ছতা ও জবাবদিহিও বাড়ায়। আমরা মনে করি, পদ্মা সেতু প্রকল্পের শুরুতেই দুর্নীতির চেষ্টার যে অভিযোগ উঠেছে, তার একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য তদন্ত-প্রক্রিয়ার পাশাপাশি সেতু নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। বিশ্বব্যাংকের শর্ত মানার ফলে এ ব্যাপারে সব বাধা অপসারণের জন্য আলোচনার একটি ক্ষেত্র তৈরি হয়েছে। তবে সরকারের নানা মহল থেকে দেওয়া নানা বক্তৃতা-বিবৃতি ও ইঙ্গিত এ ক্ষেত্রে নতুন করে বাধা সৃষ্টি করতে পারে। তা ছাড়া, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের বিষয়টি দৃশ্যত এখনো চূড়ান্ত হয়নি। অর্থমন্ত্রী এডিবি ও জাইকার ঋণচুক্তির মেয়াদ এক মাস বাড়ানো প্রসঙ্গে বলেছেন, ‘মেয়াদ বাড়ানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে, এই সময়ের মধ্যে যেন বিষয়টির সুরাহা হয়।’ বিশ্বব্যাংকের ঋণ পাওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এই এক মাস সময়ের মধ্যে বিষয়টির একটি সুরাহা হোক, পদ্মা সেতু নিয়ে সব অনিশ্চয়তা কেটে যাক, নির্মাণকাজ শুরু হোক—এটা আমাদের যেমন চাওয়া, তেমনি দেশবাসীরও।