কোনো ভূমিহীন ব্যক্তি ভূমিহীন থাকবেন না, কোনো গৃহহীন ব্যক্তি গৃহহীন থাকবেন না—সরকারের এমন অঙ্গীকার আমরা প্রায় সময়ই শুনে থাকি। এ জন্য নানা পদক্ষেপ ও প্রকল্প নেওয়া হলেও এ নিয়ে দুর্নীতি ও অনিয়মের শেষ নেই। মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম তো রীতিমতো তোলপাড়ই ফেলে দিল। এর সঙ্গে যুক্ত কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতেও আমরা দেখেছি। এরপরও এ ধরনের অনিয়ম থামছে না।
পিরোজপুরের কাউখালী উপজেলায় ভূমিহীনদের বঞ্চিত করে খাসজমি বরাদ্দ করা হয়েছে সচ্ছল ও আর্থিকভাবে সামর্থ্যবান ব্যক্তিদের। গত ১০ ফেব্রুয়ারি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। এরপরে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেয়নি প্রশাসন। বিষয়টি খুবই দুঃখজনক। ২০১৯ সালের ১০ জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসক কাউখালী উপজেলায় ১৩৭ জনকে খাসজমি বন্দোবস্তের অনুমোদন দেন। সেই তালিকা ঘেঁটে ২০ জন ব্যবসায়ী, ২৫ জন সচ্ছল ব্যক্তি, ৩ জন প্রবাসী ও চাকরিজীবী ও তাঁদের স্ত্রীসহ মোট ৫৩ জনের সন্ধান পাওয়া গেছে, যাঁরা ভূমিহীন নন।
সরকারি নীতিমালা অনুযায়ী, খাসজমি বন্দোবস্তের বেলায় অগ্রাধিকার পাবে দুস্থ মুক্তিযোদ্ধার পরিবার, সব জমি নদীতে ভেঙে গেছে এমন পরিবার, বিধবা ও স্বামী নেই এমন নারী ও তাঁর পরিবার, কৃষিজমিহীন ও বসতভিটাহীন পরিবার, ভূমি অধিগ্রহণের ফলে ভূমিহীন হয়ে পড়া পরিবার এবং ১০ শতাংশ বসতবাড়ি আছে, কিন্তু কৃষিজমি নেই, এমন কৃষিনির্ভর পরিবার। এক পরিবারের একাধিক ব্যক্তি খাসজমি বরাদ্দ পাওয়ার নিয়ম নেই। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করে এক পরিবারের ৫ সদস্য ১০ শতাংশ করে জমি বরাদ্দ পেয়েছেন। বোঝাই যাচ্ছে, বড় ধরনের আর্থিক দুর্নীতি ও অনিয়ম হয়েছে এখানে।
বিতর্কিত এ বরাদ্দ বাতিলের দাবিতে গত রোববার উপজেলা শহরে মিছিল ও সমাবেশ করেছে কৃষক ক্ষেতমজুর সমিতি। সেখানে বক্তারা বলেন, সচ্ছল ব্যক্তিরা প্রভাব খাটিয়ে ও ঘুষ দিয়ে তাঁদের নামে খাসজমি বরাদ্দ নিয়েছেন। তদন্ত করে এসব বরাদ্দ বাতিল করতে হবে। এদিকে উপজেলার চিরাপাড়া মৌজায় ২৫ থেকে ৩০ বছর ধরে অর্ধশত ভূমিহীন কৃষক পরিবার বসবাস করছে। ওই পরিবারগুলো শুরু থেকে খাসজমি পাওয়ার জন্য আবেদন করলেও তাদের কোনো বরাদ্দ দেওয়া হয়নি। অথচ ধনাঢ্য ব্যক্তি, ধনী কৃষক ও ব্যবসায়ীরা খাসজমির বন্দোবস্ত পেয়েছেন। বিষয়টি অমানবিক।
তদন্ত করে সচ্ছলদের বরাদ্দ বাতিল করে ভূমিহীনদের প্রতি সুবিচার করা হোক। সেই সঙ্গে এ অনিয়মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।