এ কেমন উন্নয়ন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাপছাড়া উন্নয়নের আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকল যাত্রাবাড়ী-কাঁচপুর আট লেন প্রকল্প। তিন বছরের কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ইতিমধ্যে খরচ হয়ে গেছে সিংহভাগ বরাদ্দ। সড়ক ও জনপথ অধিদপ্তর ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব করেছে। ধারণা করা যায়, বিভিন্ন অজুহাতে অর্থ বরাদ্দও বাড়ানো হবে। তাহলে প্রশ্ন, উন্নয়ন মুখ্য নাকি রাষ্ট্রীয় কোষাগার নয়ছয় করা মুখ্য?
৩ বছরের কাজ ৫ বছরেও হয়নিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী-কাঁচপুর অংশ রাজধানীর যানজটগুলোর অন্যতম। যাত্রীসাধারণের বিপুল ভোগান্তিই শুধু নয়, গতিশীল অর্থনীতির জন্য বাণিজ্যিক মহানগরী ও প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে যাওয়ারও প্রধান সড়ক এটি। এ কারণে মহাসড়কটি আট লেনে উন্নীত করা সরকারের অগ্রাধিকারের অংশ। এ বিবেচনা থেকেই যাত্রাবাড়ী-কাঁচপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটারের বেশি সড়ক আট লেনে রূপান্তর করা জরুরি। কিন্তু সেই কাজটি তিন বছরেও শেষ হলো না। এর মধ্যে প্রকল্পের নির্ধারিত মহাসড়কের দৈর্ঘ্য প্রায় পৌনে দুই কিলোমিটার কমানো হয়। এবং ‘যথারীতি’ প্রকল্প ব্যয় না কমে বরং আরও বাড়ে। শুরুতে যা ছিল ১২০ কোটি টাকার প্রকল্প, তা হয়ে দাঁড়ায় প্রায় ১৩২ কোটি টাকা। সওজ প্রকল্প বাস্তবায়নের মেয়াদ পঞ্চম থেকে ষষ্ঠ বছরে নেওয়ার প্রস্তাব করেছে। ধারণা করা যায়, এই প্রস্তাবের সঙ্গে প্রকল্প ব্যয়ও আরেক দফা বাড়ানো হবে।
অন্যদিকে প্রকল্প বাস্তবায়ন ৮০ শতাংশ হওয়ার দাবি করা হলেও বাস্তবে তা হয়নি। অথচ কাজ না করেই খরচ উত্তোলন করা হয়েছে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল সড়কসেতু নির্মাণেও দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। একদিকে তুমুল গতিতে ব্যয় বাড়ে, অন্যদিকে প্রকল্প বাস্তবায়নের গতি স্থবির হয়ে পড়ে। অথচ হাতিরঝিল প্রকল্পটি স্বল্পতম সময়ে সম্পাদন করা হয়েছিল।
সুষ্ঠু তদন্তপূর্বক যাত্রাবাড়ী-কাঁচপুর আট লেন প্রকল্পের কাজের স্বচ্ছতা আনা হোক।