উল্লেখ্য, ১৩৩টি নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ছিল ৪৭টি, বিভিন্ন পদে উপনির্বাচন বা স্থগিত নির্বাচন ৭২টি, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ১টি, পৌরসভা নির্বাচন ৪টি ও বিভিন্ন পদে উপনির্বাচন বা স্থগিত নির্বাচন ৭টি এবং খুলনা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের ১টি করে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
আগামী সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই নির্বাচনকে খাটো করে দেখার সুযোগ নেই। ইংরেজি ভাষায় একটি প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। ভোরের লক্ষণ বলে দেয় দিনটি কেমন যাবে। বৃহস্পতিবারের নির্বাচনে যেসব অঘটন ঘটেছে, তাতে আগামী জাতীয় কিংবা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ও শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে।
আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম, টাঙ্গাইলের ঘাটাইলের একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাই করতে গেলে ত্রিমুখী সংঘর্ষ হয় এবং এতে পুলিশের গুলিতে আবদুল মালেক নামে যুবদলের এক স্থানীয় নেতা মারা যান। পত্রিকার খবর অনুযায়ী ওই প্রার্থী আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা যদি ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা চালিয়ে থাকেন, তাহলে তাতে বিএনপি বা যুবদলের কোনো নেতার সম্পৃক্ত থাকার কথা নয়। তিনি কি তাহলে প্রতিপক্ষ কোনো প্রার্থীর পক্ষে সেখানে গিয়েছিলেন অন্যায়ের প্রতিবাদ জানাতে? অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের উপনির্বাচনে যে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে, তাঁরা দুজনই আওয়ামী লীগের সমর্থক।
তাঁদের একজনের বাড়ির আঙিনায় মহড়া দিয়েছেন অস্ত্রধারীরা। এর আগেও বিভিন্ন নির্বাচনে দেখা গেছে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যেই বেশি সংঘাতের ঘটনা ঘটেছে। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেড় শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছে, যার অধিকাংশ আওয়ামী লীগের নেতা-কর্মী।
নির্বাচনে এসব জবরদস্তির ঘটনা কখন ঘটে? যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা প্রার্থীরা মনে করেন নির্বাচনে জয়ের জন্য ভোটারদের রায়ের প্রয়োজন নেই, যেকোনো উপায়ে ব্যালট বাক্স ভরতে পারলেই জয় নিশ্চিত করা যাবে এবং এর জন্য জবাবদিহি করতে হবে না। এ রকম পরিবেশে আর যাই হোক নির্বাচনে জনরায়ের প্রতিফলন ঘটে না। নির্বাচনের নামে এ ধরনের জবরদস্তি ও প্রহসন বন্ধ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রয়োজনে তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা নেবে। এ ক্ষেত্রে কার দুর্বলতা বেশি ছিল, সেই বিতর্কে না গিয়েও পুরো ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানাই। একটি নিরপেক্ষ কমিটির মাধ্যমে এর তদন্ত হতে হবে।
আশা করি, এই নির্বাচনের ব্যর্থতা থেকে ইসি শিক্ষা নেবে এবং ভবিষ্যতে যাতে প্রতিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু যেনতেন প্রকারে একটি ভোটানুষ্ঠানের মাধ্যমে কাউকে বিজয়ী বা পরাজিত ঘোষণা করা নয়। নির্বাচনে সত্যিকার অর্থেই জনরায়ের প্রতিফলন ঘটতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিঃশঙ্কচিত্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারেন, সেই নিশ্চয়তাও তাদের দিতে হবে। কতিপয় দুষ্ট লোকের জন্য নির্বাচনব্যবস্থা ধ্বংস হতে দেওয়া যায় না। দেরিতে হলেও নির্বাচন কমিশনের ঘুম ভাঙুক।