এ কেমন পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বছর দু–এক আগে ঢাকার মোহাম্মদপুর থানায় কর্মরত অবস্থায় ওই থানার গাড়িচালক শাহ আলমের স্ত্রী শান্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শান্তা স্বামী শাহ আলমের মোহাম্মদপুরের বাঁশবাড়ির ভাড়া বাসা থেকে কেরানীগঞ্জে বাবার বাড়ি চলে যান। সেই থেকে তিনি কখনো বাবার বাসায় থাকতেন, কখনো থাকতেন একই এলাকায় অন্য কোনো ভাড়া বাসায়। এখন থেকে মাস দেড়েক আগে শাহ আলম জানতে পারেন, তাঁর স্ত্রী শান্তার সঙ্গে এসআই আনোয়ারের বিবাহবহির্ভূত সম্পর্ক আছে এবং শান্তা এখন কেরানীগঞ্জের আরশিনগরে তাঁর বাবার বাসা থেকে কয়েক বাসা দূরে যে বাসায় ভাড়া থাকেন, সেটি এসআই আনোয়ারের ভাড়া করা। আনোয়ার বাসাটি ভাড়া নিয়েছেন নিজেকে লোহালক্কড়ের ব্যবসায়ী পরিচয় দিয়ে।
বাংলাদেশে এ ধরনের ঘটনা খুব বিরল নয়। কিন্তু গত বুধবার প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়েছে বিবাহবহির্ভূত সম্পর্কের চেয়ে অনেক বেশি গুরুতর কারণে। পুলিশের এসআই আনোয়ার হোসেন স্ত্রী কর্তৃক পরিত্যক্ত শাহ আলমকে লোক মারফত ডেকে নিয়ে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গিয়ে তাঁর দুই পায়ে গুলি করে তাঁকে সন্ত্রাসী সাজানোর চেষ্টা করেছেন। এই রোমহর্ষক বিভীষিকারও সামান্য বিবরণ রয়েছে ওই প্রতিবেদনে।
এসআই আনোয়ারের বিরুদ্ধে এই যে রোমহর্ষক নিষ্ঠুরতার অভিযোগ উঠেছে, তা গোটা পুলিশ বিভাগের ওপর জনসাধারণের আস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাঁর যেন বিচার ও শাস্তি হয়, তা নিশ্চিত করা প্রধানত পুলিশ বিভাগেরই দায়িত্ব। তাঁকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। এটা ভালো খবর। তবে এখানেই যেন এ প্রক্রিয়া শেষ হয়ে না যায়। প্রয়োজন জোরালো সাক্ষ্য–প্রমাণসহ দক্ষতার সঙ্গে মামলাটি পরিচালনা করা, যাতে আদালতে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়।