আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয় ‘বিদ্যুৎ আইন, ২০১৬’ নামে একটি নতুন আইনের খসড়া তৈরি করেছে, যেখানে বিদ্যুৎ বিভাগকে বেশ জবরদস্ত ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা ও পুনরায় সংযোগ দেওয়ার চূড়ান্ত ক্ষমতার অধিকারী হবে বিদ্যুৎ বিভাগ। তারা কোনো অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর বা বিদ্যুতের বিলখেলাপির সংযোগ বিচ্ছিন্ন করলে বা এ আইনের আওতায় অন্য কোনো পদক্ষেপ নিলে, তিনি বা তাঁরা এর প্রতিকার চাইতে কোনো দেওয়ানি বা ফৌজদারি আদালতে মামলা দায়ের করতে পারবেন না।
পরিহাসের বিষয় হলো, যে আইন মন্ত্রণালয় এ আইনের খসড়ার আইনগত দিক নিয়ে মতামত দেবে, তার কাছেই বিদ্যুতের বিল বকেয়া হয়েছে সাত কোটি টাকা!
অবশ্য সাত কোটি সামান্য টাকা। সরকারের ৪০ মন্ত্রণালয় ও বিভাগের মোট বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ এ বছরের জুন পর্যন্ত যা দাঁড়িয়েছে, তা সাত কোিটর তুলনায় গগনচুম্বী: ১ হাজার ৫৫৪ কোটি টাকা! এর মধ্যে কোনো কোনো মন্ত্রণালয়ের বকেয়া তো ২০০ কোটি টাকারও বেশি।
ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ের গ্রাহকদের বিদ্যুতের বকেয়া বিলের গড় ২ শতাংশেরও কম। বিদ্যুৎ বিভাগের পাঁচটি কোম্পানি বলছে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের বিল পরিশোধের চিত্র সন্তোষজনক। মূল সমস্যা সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের। তারা সময়মতো বিল পরিশোধ করে না এবং এ ব্যাপারে দৃশ্যত কারও কোনো জবাবদিহি নেই। এ অবস্থায় প্রস্তাবিত কঠোর আইনটির অপব্যবহারের শিকার হতে পারেন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ের গ্রাহকেরা।
আসলে নীতিগতভাবে এ ধরনের কোনো আইন করা উচিত নয়, যার কারণে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান আদালতের শরণাপন্ন হতে পারবেন না। বিদ্যুতের অবৈধ ব্যবহার, বিলখেলাপি, চুরি ইত্যাদি বন্ধ করতে বিদ্যুৎ বিভাগের সার্বিক ব্যবস্থাপনা ও সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের জবাবদিহি নিশ্চিত করা দরকার।