এ ধরনের সিদ্ধান্ত বিপজ্জনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ১৮ বছর ঠিক রেখে ‘যুক্তিসংগত’ কারণে মা-বাবা বা আদালতের সম্মতিতে তা ১৬ বছর কারার যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তাকে সঠিক ও যৌক্তিক হিসেবে বিবেচনা করা যাচ্ছে না। ১৮ বছরের আগে শারীরিক বা মানসিক কোনোভাবেই একটি মেয়ে বিয়ের যোগ্য হয়ে ওঠে না। শিশু আইন, শিশুনীতি ও জাতিসংঘের শিশু অধিকার সনদে ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ এই সনদে স্বাক্ষরকারী একটি দেশ। ফলে আইনগতভাবে বিয়ের বয়স কমানোর সুযোগ নেই।
এটা ঠিক যে আমাদের দেশে মেয়েশিশুর মা-বাবা বা অভিভাবকেরা নানা সামাজিক সমস্যার মুখোমুখি হন, নিরাপত্তার বিষয়টিও অনেক সময় গুরুতর আকার ধারণ করে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ প্রশ্ন তুলেছেন, ‘বিয়ে ছাড়া কেউ প্রেগন্যান্ট (অন্তঃসত্ত্বা) হয়ে গেলে কী হবে?’ এসব গুরুতর প্রশ্ন ও সমস্যা সামাজিকভাবেই মোকাবিলা করতে হবে, ধর্ষণের মোকাবিলা করতে হবে ধর্ষকের শাস্তি নিশ্চিত করে। সেদিকে মনোযোগ না দিয়ে আইন সংশোধন করে ‘যুক্তিসংগত’ কারণের বিধান রাখা ও ১৬ বছর বয়সী মেয়েশিশুকে ‘অপরিণত বয়স্ক’ বিবেচনা না করার সিদ্ধান্ত বরং এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবে।

বর্তমানে বিয়ের ন্যূনতম বয়স ১৮ নির্ধারিত থাকার পরও নানা কৌশলে কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। এখন মা-বাবাকে ১৬ বছর বয়সী একটি মেয়ের বিয়ের সিদ্ধান্ত গ্রহণের অধিকার দেওয়ার অর্থ হচ্ছে শিশুটির ইচ্ছা-অনিচ্ছাকে বিবেচনায় না নিয়ে তার ওপর এমন একটি জীবন চাপিয়ে দেওয়া, যা গ্রহণ করতে সে মানসিক ও শারীরিকভাবে সক্ষম হয়ে ওঠেনি।
১৮ বছরের আগে একটি মেয়েশিশুর শারীরিক বিকাশ পূর্ণতা পায় না। এই শারীরিক ঘাটতি নিয়ে একটি মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শুধু তার স্বাস্থ্যের ওপরই চাপ পড়ে না, বরং গর্ভের শিশুটিও প্রয়োজনীয় পুষ্টি মায়ের কাছ থেকে পায় না। ফলে একজন দুর্বল মা একটি দুর্বল ও পুষ্টিহীন শিশুই জন্ম দেবে। এটা এক পুষ্টিহীনতার চক্র তৈরি করবে, যা জাতির জন্য বিপজ্জনক।
এ ধরনের একটি নতুন আইন করা থেকে সরকার সরে আসবে, সেটাই আমাদের প্রত্যাশা।