সিরাজগঞ্জের চুনিয়াহাতির কাজীপাড়ার আছিয়া বেগম, সয়াধনগড়াপাড়ার রাহেলা বেগম, পিটিআই ফুলপাড়ার সুরাইয়া বেগম, ক্লোজারের সামিনা খাতুন, নতুন ভাঙ্গাবাড়ির সূর্য বেগম, আছিয়া বেগম, চিনাটি কাজীপাড়ার হাসিনা খাতুন, চুনয়াহাটির কাজীপাড়ার হাজেরা খাতুন, তেঁতুলিয়ার করিমন খাতুন, বিন্দুপাড়ার কমলা বেগ, সয়াধনগড়া পূর্বপাড়ার মাহেলা বেওয়া, ভাঙ্গাবাড়ির আয়েশা বেগম, কামারখন্দের চাঁদপুর গ্রামের রাজুবালা দে, ফুলপাড়ার আয়মনা বেগম, কুষ্টিয়ার দুলজান নেসা, মৌলভীবাজারের বাবনী রাজগৌড়, শালগীর খাড়িয়া, রাঙামার কুর্মি কিংবা কুষ্টিয়ার গুরুদাসী—পাঠক, এঁদের কাউকে কি আপনারা চিনতে পেরেছেন?হয়তো উত্তর আসবে, না। এঁদের কাউকেই চেনার কথা নয়। নামের দিক থেকে এঁরা কেউই পরিচিত নন। কারণ, তাঁদের ‘বীরাঙ্গনা’ খেতাবের খোলস পরিয়ে ইতিহাস, সমাজ ও রাষ্ট্র থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের ‘ইজ্জতের’ বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধকেন্দ্রিক এই বয়ানের সঙ্গে অভ্যস্ত হয়েই বড় হয়েছে আজকের বাংলাদেশ। যদি এই বয়ানকেই আমরা মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ডিসকোর্স হিসেবে গ্রহণও করি, তাহলেও প্রশ্ন আসে, সেই ইতিহাসনির্ভর বাংলাদেশ ৩০ লাখ শহীদ ও দুই লাখ নারীর আত্মত্যাগকে কি সমভাবে মূল্যায়ন করছে?একমাত্র মূল্যায়ন বীরাঙ্গনা খেতাব দিয়ে এই নারীদের বায়বীয়ভাবে মহিমান্বিত করা, যেটি শুধু মুক্তিযুদ্ধকেন্দ্রিক ডিসকোর্স তৈরিতেই কাজে লেগেছে, বাস্তবে নয়। বীরাঙ্গনা মানে হলো ‘বীর যে নারী’। এটি একটি রাষ্ট্রীয় খেতাব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের খেতাব দিয়ে সম্মানিত করা হয়েছিল। কোনো খেতাবই ছোট নয়। কিন্তু নারীদের ক্ষেত্রে এই খেতাবের সম্মান রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে না পারার কারণে তাঁদের জন্য এটি সম্মানের চেয়ে বিড়ম্বনা তৈরি করেছে বেশি। যুক্তিসংগতভাবেই অন্যান্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পাশেই সেই বীরাঙ্গনা নাম থাকার কথা। কিন্তু তা হয়নি। এটি অনস্বীকার্য সত্য যে রাষ্ট্রীয় ও সামাজিক পরিসরে এ ধরনের অবহেলার কারণে সেই বীরাঙ্গনা নারীদের জীবন আর জীবন হয়ে উঠতে পারেনি। গুরুদাসীর মতো এঁদের অনেকেই এক জীবন পাড়ি দিয়েছেন ‘পাগলি’ পরিচয় নিয়ে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তাজুল ইসলাম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, বীরাঙ্গনারা যদি মুক্তিযোদ্ধার সনদ পেতে চান, তাহলে তাঁকে প্রমাণ করতে হবে যে তিনি বীরাঙ্গনা। এই বিষয়টি অনেকটি এ রকম যে ধর্ষণের শিকার মেয়েটিকেই প্রমাণ করতে হবে, সে ধর্ষণের শিকার হয়েছে। প্রতিমন্ত্রীকে বিনয়ের সঙ্গেই বলতে চাই, জীবনের সঙ্গে নানা রকম বোঝাপড়া করার পর, এই ৪১ বছর পরে এসে একজন নারী যদি সমাজ ও রাষ্ট্রের কাছে তাঁর প্রতি ১৯৭১ সালে ঘটে যাওয়া অত্যাচার এবং তাঁর পরবর্তী জীবনের কষ্টের কাহিনি এসে বলেন, তাঁকে আর কী প্রমাণ দিতে হবে সনদের জন্য? কী ধরনের প্রমাণ আপনি চাচ্ছেন? সম্ভবত সমাজের ভয়ে এবং রাষ্ট্রীয়ভাবে এ ধরনের পূর্ণ অপমান অনুমান করতে পেরেই এত দিন পরেও খুব বেশি নারী তাঁর সেই বীরাঙ্গনা পরিচয় দিয়ে মাথা তুলে দাঁড়াতে চাননি। যেখানে এই ৪১ বছরেও আমরা তাঁদের প্রাপ্য সম্মান দিতে পারেনি, যেখানে আজ আমাদের হাতজোড় করে ক্ষমা চাওয়ার কথা, সেখানে আমরা চাচ্ছি প্রমাণ!১৯৭১ সালে তাঁদের ওপর দিয়ে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী দুর্বিষহ জীবনের কথা মুখ ফুটে বলা খুবই দুরূহ কাজ এবং ঈর্ষণীয় কাজই বটে। আজ ৪১ বছরের মধ্যে কেউ কেউ বলতে পেরেছেন সেই দুঃসহনীয় স্মৃতি। শুধু একাত্তরই নয়, পরবর্তী জীবনে পারিবারিক ও সামাজিকভাবে যে যন্ত্রণা ভোগ করেছেন, তা হয়তো তাঁদের জীবন-জয়ী করেছে, কিন্তু রাষ্ট্রীয় সম্মানের ভাগীদার করেনি। তাঁদের অনেকেই আজ জীবনের শেষ প্রান্তে। বিচার চান সেই অপরাধীদের। আর সেই সঙ্গে রাষ্ট্রের কাছে সম্পূর্ণভাবে অচিহ্নিত এই নারীরা চান রাষ্ট্র ও সমাজে তাঁদের সম্মান।দেশে চলছে মুক্তিযুদ্ধের সময় চালানো মানবতাবিরোধী অপরাধের বিচার। এই অপরাধগুলোর মধ্যে অন্যতম অপরাধ ছিল নারী ধর্ষণ। যুদ্ধাবস্থায় ধর্ষণ শুধু পুরুষতান্ত্রিক ক্ষমতার চর্চা নয়, এটি যুদ্ধের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহূত হয়। ১৯৭১ সালেও হয়েছে। এই ধর্ষণের সঙ্গে যুক্ত ছিল এ দেশীয় স্বাধীনতাবিরোধী চক্র, পাকিস্তান সেনাবাহিনীর দোসররা। দেশের মুক্তিকামী জনগণের ওপর নানা ধরনের নির্যাতন, হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে লুটপাট, অগ্নিসংযোগসহ নানা ধরনের স্বাধীনতাবিরোধী তৎপরতা যারা চালিয়েছে, তাদের বিচার বর্তমানে এ দেশের মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত ও বড় চাওয়া। আর সেই ধর্ষণের শিকার নারীদের সাক্ষ্য এই বিচারকে আরও বেগবান করবে। দুই.১২ বছরের ফ্রক পরা কিশোরী মেয়ে মর্জিনা। ১৯৭২ সালে নারী পুনর্বাসনকেন্দ্রে ছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার মেয়েটি। পাকিস্তানি হানাদার বাহিনী তার ওপর নির্যাতন চালালেও তাঁকে ক্যাম্পে ধরে এনেছিল এদেশীয় দোসরদের সহায়তায়। অধ্যাপক নীলিমা ইব্রাহিম তাঁর আমি বীরাঙ্গনা বলছি বইটির ভূমিকায় আছে এই কিশোরী মর্জিনার কথা। সেই মর্জিনা সন্তান কাউকে দেবে না বলে নীলিমা আপাদের দেখে দৌড়ে পালিয়ে যেতে চাইতেন। সেই মর্জিনাসহ আরও অনেক নির্যাতিত নারীর সন্তানকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা জানি না, সেই মর্জিনা কোথায় আছেন? আমরা কখনো জানতেও চাইনি। ১২ বছরের মর্জিনার সাময়িকভাবে ‘অনাকাঙ্ক্ষিত’ সন্তানকে সুইডেনে পাঠিয়ে মর্জিনাকে আমরা সামাজিক ‘বিড়ম্বনা’ থেকে বাঁচাতে চেয়েছি মাত্র। কিন্তু সেই মর্জিনারা ৪১ বছরে কোথায় আছেন, কেমন আছেন, তার খোঁজ কেউ জানে না। সমাজ ও রাষ্ট্রের দায়িত্বহীনতায় তাঁদের অনেকেই বীরাঙ্গনা খেতাব মাথায় পরেই আত্মহত্যা করেছেন, কেউ ব্যানার্জি থেকে হয়েছেন টি নিয়েলসন। অন্য দেশে গিয়ে জীবনকে নতুনভাবে বুনেছেন। আরও অনেকেই চলে গেছেন পাকিস্তানি সেনাদের সঙ্গে। দেশকে ‘মায়ের’ অবয়বে কল্পনা করে আমরা তাঁর সঙ্গে গভীর মমতার বন্ধন বোধ করি। কিন্তু সেই মাতৃভূমিতেই সম্মানসহ জায়গা হয়নি বীরাঙ্গনা মায়েদের। দেশ নামক মায়ের সঙ্গে এই বীরাঙ্গনা মায়েদের এক কল্পিত সংঘর্ষ তৈরি করে। তাঁদের অবদান ইতিহাসে এবং যুদ্ধের বয়ানে স্বীকার করে নিলেও বাস্তব ক্ষেত্রে তাঁদের গ্রহণ করতে এখন পর্যন্ত পর্যাপ্ত উদারতা দেখাতে পারেনি রাষ্ট্রটি। মুক্তিযুদ্ধে শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতপ্রাপ্ত একজন পুরুষকে এ রাষ্ট্র ও সমাজ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান জানালেও ধর্ষণের মাধ্যমে শরীরে আঘাতপ্রাপ্ত নারীকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে দেখেনি রাষ্ট্র। এ কারণেই রাষ্ট্রীয় খেতাব পেয়েও তাঁদের জায়গা হয়নি কোনো তালিকায়। মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বিভিন্ন কোটা চালু থাকলেও সেটি হয়নি বীরাঙ্গনা খেতাব পাওয়া নারীদের বেলায়।কিন্তু উল্টোটা ঘটেছে। এ দেশের পতাকা উড়েছে স্বাধীনতাবিরোধীদের গাড়িতে। রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হয়েছে। বর্তমানে দীর্ঘদিন পরে হলেও বিচার চলছে একাত্তরের সেই মানবতাবিরোধী অপরাধীদের। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের জন্য। অন্যদিকে এই বিচার যেন না হয়, সে জন্য জামায়াতে ইসলামী প্রকাশ্যে এবং বিএনপিসহ অন্যান্য শরিক দল সেই হরতাল ও বিক্ষোভে সমর্থন দিচ্ছে। সেই বিচারের রায় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে এই বিচারবিরোধী তৎপরতা। কিন্তু যেকোনো মূল্যেই এই বিচার হতে হবে। জোবাইদা নাসরীন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক। [email protected]