দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলা উপলক্ষে আয়োজিত যাত্রাপালার আসরে বোমা বিস্ফোরণের ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসেবে বিবেচনা করার সুযোগ কম। সাম্প্রতিক কালে দুই বিদেশি নাগরিক ও একজন খ্রিষ্টান যাজককে হত্যাচেষ্টা এবং একজনের ওপর সন্ত্রাসী হামলা বা শিয়া মসজিদে গুলি চালিয়ে হত্যা ও মহররমের সময় গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে এর যোগসূত্র থাকা অস্বাভাবিক নয়। ঢাকায় পাঁচ সহযোগীসহ একজন পীর, পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী খিজির হায়াত খান ও টিভির ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যার সঙ্গে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততা আছে বলে গোয়েন্দাদের সূত্রে বলা হচ্ছে।
দিনাজপুরের কান্তজিউ মন্দিরে রাসমেলা হয়ে আসছে ৩০০ বছর ধরে। মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের হলেও রাসমেলায় সর্বধর্মের মানুষের সমাগম ঘটে। আহত ব্যক্তিদের তালিকাও তার সাক্ষ্য দেয়। এ ধরনের আয়োজন যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে, তা বলার অপেক্ষা রাখে না। যে অপশক্তি এই সম্প্রীতির বন্ধন চায় না, সেই অপশক্তিই যে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে সন্দেহের অবকাশ কম।
কিন্তু দুর্ভাগ্যজনক হলো সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও খুব কম ক্ষেত্রেই অপরাধীরা ধরা পড়েছে। কান্তজিউ মন্দিরের ঘটনায় সন্দেহভাজন যে পাঁচজনকে আটক করা হয়েছিল, জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে এ কথা বলা অযৌক্তিক নয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছে। একদিকে জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা, অন্যদিকে অপরাধের রহস্য উদ্ঘাটন কিংবা অপরাধীদের ধরতে না পারা সরকারের স্ববিরোধিতাই প্রকট করে তোলে।
অনেক সময় রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি দোষারোপের কারণে প্রকৃত অপরাধী পার পেয়ে যায়। কান্তজিউ মন্দিরের ঘটনায় সে রকমটি হবে না বলেই আমাদের প্রত্যাশা। সরকারকে মনে রাখতে হবে, এসব সন্ত্রাসী হামলা জনমনে কেবল নিরাপত্তাহীনতাবোধ তৈরি করে না, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও বিপদ ডেকে আনতে পারে। কান্তজিউ মন্দিরে রাসমেলায় হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। এই অপশক্তিকে রুখতেই হবে।