‘আমরা তোমাকে অভিবাদন জানাই, বিশ্বের সামনে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করার জন্য। ফারাজ, তুমি সব সময় চেয়েছিলে আমাকে একজন গর্বিত মা হিসেবে দেখতে। আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে গর্বিত মা হিসেবে প্রতিষ্ঠিত করেছ।’ ফারাজ আইয়াজ হোসেনের মা সিমিন হোসেন লিখেছেন তাঁর বার্তায়। তিনি এই বার্তা পাঠিয়েছেন ইতালির মিলানভিত্তিক প্রতিষ্ঠান গার্ডেন অব দ্য রাইচাস ওয়ার্ল্ডওয়াইডের (গারিও) কাছে।
এই মায়ের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে চাই, ফারাজ শুধু তাঁর মা কিংবা পরিবারকে গৌরব দান করেননি, তিনি মাথা উঁচু করেছেন আমাদের সবার। আজ দেশে দেশে ফারাজের মহান আত্মত্যাগের কথা ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
১৫ জুলাই তিউনিসিয়ার রাজধানী তিউনিসে একটি স্মৃতি-উদ্যান স্থাপন করা হয়েছে। সম্মান জানানো হয়েছে বিশ্বের পাঁচজন মুসলিম ব্যক্তিকে—যাঁরা মানবতার জন্য ত্যাগ, সাহসিকতা ও আদর্শবাদিতার পরিচয় দিয়েছেন। ফারাজ আইয়াজ হোসেন তাঁদের একজন।
গারিওর চেয়ারম্যান গাব্রিয়েলে নিসিম লিখেছেন, ‘ঢাকার রেস্তোরাঁয় ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হন ইতালির কয়েকজন নাগরিক। সে সময় সেখানে নৈশভোজে ফারাজ হোসেনের সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অবিন্তা ও তারিশি। সন্ত্রাসীরা তাঁকে চলে যাওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু কেবল একটি জাতির মানুষ বেঁচে থাকবে—এমন নাৎসিবাদী ভাবধারা মেনে নিতে পারেননি ফারাজ। এর বিপরীত মতই তিনি ধারণ করতেন, তিনি বিশ্বাস করতেন সবার বেঁচে থাকার অধিকারে। তাই মৃত্যুকেই শ্রেয় বলে মেনে নেন তিনি।’
ফারাজের আত্মদান ঊর্ধ্বে তুলে ধরেছে মানবিকতা, সাহস আর আদর্শের পতাকা। ফারাজ আমাদের জানিয়ে গেলেন, সকল স্বার্থ আর আত্মপরায়ণতার বিপরীতে জীবনের চূড়ান্ত মুহূর্তেও মানুষ কতটা মহৎ হয়ে উঠতে পারে। মানুষ মানুষের জন্য, বিপদেই প্রকৃত মানুষের পরিচয়—এই সত্য আমরা আবার শিখলাম। বিশ্ববাসী জানল, বাংলাদেশের মানুষের কাছে মানবতার এই সত্য শাশ্বত। গর্বে আমাদের মাথা উঁচু হয়ে উঠেছে। আমরা শুনতে পাচ্ছি, ‘উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই, ওরে ভয় নাই/নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই।’
ফারাজের মৃত্যু নেই। তিনি যে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে আত্মদান করলেন, তা অমর। অন্যের জন্য প্রাণ বিলিয়ে দিতে পারেন যে মানুষ, তিনি মৃত্যুহীন।
ফারাজ, আপনাকে অভিবাদন।