এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াদ নামের এক এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে খুন হয়েছেন শিক্ষক মোস্তফা ভূঁইয়া। তিনি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এসএসসি পরীক্ষাকেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত রোববার এসএসসি পরীক্ষা চলাকালে চুনকুটিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রের ৩১০ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকালে তিনি হাতেনাতে রিয়াদ নামের এক পরীক্ষার্থীর নকল ধরেন এবং তার খাতা আধা ঘণ্টার জন্য আটকে রাখেন। আর এই ‘অপরাধে’ সোমবার সকালে রিয়াদ শিক্ষক মোস্তফা ভূঁইয়ার বাসায় গিয়ে সাক্ষাতের নাম করে বুকে ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করে। তাঁর বাড়িও ওই এলাকায়। এটি ঠান্ডা মাথায় খুন। আরও উদ্বেগের বিষয় হলো, একজন শিক্ষার্থীর হাতেই শিক্ষককে প্রাণ দিতে হলো। পরীক্ষায় নকল করার দায়ে আধা ঘণ্টা খাতা আটকে রাখার কারণে যে ছাত্র শিক্ষককে খুন করতে পারে, তার পরীক্ষা দেওয়ার অধিকার নেই। শিক্ষকের উদারতার সুযোগ নিয়েই রিয়াদ তাঁকে খুন করার সুযোগ পেয়েছে। কেননা হাতেনাতে নকল ধরার দায়ে শিক্ষক তাকে পরীক্ষাকেন্দ্র থেকে বের করে দিতে কিংবা পুলিশে সোপর্দ করতে পারতেন। হত্যাকাণ্ডের পর রিয়াদের পুরো পরিবারের পালিয়ে যাওয়ার ঘটনাও অস্বাভাবিক। অভিভাবকদের উচিত ছিল খুনি পুত্রকে পুলিশের হাতে সোপর্দ করে নিজেদের দায়মুক্ত করা।শিক্ষকতার মতো একটি মহান পেশার দায়িত্ব পালন করতে গিয়ে মোস্তফা ভূঁইয়া জীবন দিয়েছেন। তাঁর মৃত্যু আমাদের অপরাধী করে তোলে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিহতের স্বজনের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই। কিন্তু সেই সঙ্গে আশা থাকবে যে সমবেদনার মধ্যেই সরকার দায়িত্ব শেষ করবে না। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মানুষ গড়ার যে কারিগর জীবন দিলেন, তাঁর শিশু সন্তানদের গড়ার ও পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে হবে এই সমাজ ও রাষ্ট্রকেই। আমরা চাই অবিলম্বে খুনিকে গ্রেপ্তার করা হোক, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। খুনের বিচারই কেবল খুনিকে নিবৃত্ত এবং সমাজকে নিরাপদ রাখতে পারে।