গাজীপুরের টাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনার তদন্ত, বিচার ও ক্ষতিপূরণ—সবকিছুতেই চলছে টালবাহানা। সবচেয়ে আশ্চর্য হলো, মালিকের ঠিকানাই খুঁজে পাচ্ছে না পুলিশ! অথচ মালিক সাবেক সাংসদ মকবুল হোসেন ঠিকই আড়ালে থেকে লোক মারফত তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনা সাক্ষ্য দেয়, তাজরীন ও রানা প্লাজার ঘটনার পর সরকারের শিল্প মন্ত্রণালয় অনেক উচ্চবাচ্য করলেও কার্যত তাদের কাজের ধারা বদলায়নি কিছুই।
গত মাসের ঘটনায় নিহত হয়েছিলেন ৪২ জন, যাঁদের মধ্যে ৩৯ জনই ছিলেন ওই কারখানার শ্রমিক-কর্মচারী। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। কারখানার মালিক সাবেক সাংসদ পলাতক, আহত শ্রমিকদের চিকিৎসা ও আহত-নিহত সবার পরিবারকে ক্ষতিপূরণের কোনো উদ্যোগই নেয়নি কারখানা কর্তৃপক্ষ।
প্রথম আলোর বুধবারের সংবাদ থেকে জানা যাচ্ছে, দুর্ঘটনায় নিহত ৪২ জনের মধ্যে ৩১ জনের পরিবারকে এবং আহত শ্রমিকদের ৭ জনকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি করেছে জেলা প্রশাসন। কিন্তু কারখানার মালিককে কেন ছাড় দেওয়া হচ্ছে? কারখানার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভবনের ধ্বংসাবশেষ সরানোর কাজে নিয়োজিত ঠিকাদার মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারলেও পুলিশ সম্পূর্ণ অন্ধকারে!
কারখানা ভবনের মেয়াদ চার বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। গ্যাসের সংযোগও ছিল ত্রুটিপূর্ণ। স্পষ্টতই মালিকের অবহেলার জন্যই এত মানুষের মর্মান্তিক মৃত্যু হলো। অন্যদিকে তদন্তের অবস্থাও তথৈবচ। ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন ১০ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হলেও এখনো তা তিমিরেই রয়ে গেছে। শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও কী করছে, তা বোধগম্য নয়। এসব তদন্ত প্রতিবেদন ঘটনার কারণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য জরুরি।
রানা প্লাজার ট্র্যাজিক ঘটনার পর শিল্প মন্ত্রণালয় থেকে সব কারখানা পরিদর্শন করে কারখানার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছিল। যদি বিপর্যয় ঘটার পরই জানতে হয় কোন কারখানার মেয়াদ শেষ, কোনটা ঝুঁকিপূর্ণ আর কোথায় যন্ত্রপাতি বা বিদ্যুৎ ও গ্যাস সংযোগে ত্রুটি ছিল; তাহলে কারখানা পরিদর্শকের কাজ কী? মামলার এজাহারভুক্ত আসামিদের পুলিশের খুঁজে না পাওয়ার কাহিনিও আর কত শুনতে হবে?