এই ছবি! এই পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি কখনো মিথ্যে বলে না।গত বুধবার ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর প্রথম পাতায় ছয় কলামজুড়ে প্রকাশিত ছবিটি দেখে আমরা একই সঙ্গে ক্ষুব্ধ ও বিপন্ন বোধ করছি। ছবিতে দেখা যায় একজন নিরস্ত্র তরুণের ওপর পাঁচ-ছয়জন পুলিশ কমান্ডো কায়দায় ঝাঁপিয়ে পড়েছে। পেছন থেকে একজন পুলিশ তরুণটিকে পাকড়াও করে কনুই দিয়ে সজোরে তাঁর ঘাড় চেপে রেখেছে, যাতে তিনি পালিয়ে যেতে না পারেন। আরেকজন পুুলিশ সামনের দিক থেকে তরুণটির শরীরের মাঝ বরাবর সবুট লাথি মেরে শক্তি প্রদর্শন করছেন, তাঁর ডান হাতে ধরা আগ্নেয়াস্ত্র। আঘাত থেকে রক্ষা পেতে তরুণটি দুই হাত দিয়ে তাঁর লাথি মারা পা আঁকড়ে ধরছেন। লাথি মারছেন তাঁর বাঁ পাশে থাকা পুলিশ সদস্যটিও। আরেক পুলিশ খানিকটা দূর থেকে আগ্নেয়াস্ত্র তাক করে আছেন তরুণটির দিকে। তাঁদের পেছনে আরও কয়েকজন পুলিশ তরুণটির দিকে এগিয়ে আসছেন। একেবারে যুদ্ধপ্রস্তুতি। ডেইলি স্টার ছবির শিরোনাম দিয়েছে ‘কপস অর ক্রিমিনাল।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না অপরাধী? গত বছর জুন মাসে করাচির রাস্তায় প্যারা মিলিটারি সদস্যরা ছিনতাইকারী সন্দেহে পাকড়াও করা শরফরাজ শাহ নামে এক যুবককে একেবার গায়ে ঠেকিয়ে গুলি করে হত্যা করেছিল। শরফরাজ হাতজোড় করে ক্ষমা চাইলেও তাঁরা দুই দফা গুলি করে তাঁর মৃত্যু নিশ্চিত করে। সেই ঘটনার ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে পাকিস্তানে তোলপাড় সৃষ্টি হয় এবং সরকার অভিযুক্ত প্যারা মিলিটারি সদস্যদের গ্রেপ্তার করে জেলে পাঠায়। চট্টগ্রামের পুলিশ সদস্যরা ওই তরুণকে গুলি না করলেও গুলি করতে উদ্যত হয়েছিলেন। অন্তত ছেলেটিকে যদি তাঁরা গুলি করার ভয়ও দেখিয়ে থাকেন, তাঁর মানসিক অবস্থার কথা চিন্তা করুন। এই তরুণটি কোনো সন্ত্রাসী দলের সদস্য নন। বিরোধী দলের মারদাঙ্গা কর্মীও নন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া এক মেধাবী শিক্ষার্থী, যিনি আরও অনেক সতীর্থের সঙ্গে মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারে সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন। শহরের নন্দনকাননে তাঁরা জড়ো হতে চেষ্টা করেন। কিন্তু আমাদের দেশপ্রেমিক ও জনসেবক পুলিশ সদস্যরা তাঁদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেন। তাঁরা কয়েকজনকে আটক করে জেলে পাঠান। বাহাদুর পুলিশ বটে! পত্রিকায় ছবি ছাপা হওয়া ওই তরুণের মতো হাজার হাজার মেধাবী শিক্ষার্থী গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। চিন্তিত তাঁদের অভিভাবকেরাও। এত দিন এইচএসসি পাস করার পর শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের মতো মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা দিয়ে আসছিলেন (প্রকৌশল, কৃষি ও সাধারণ বিশ্ববিদ্যালয়ে এখনো যথারীতি ভর্তি পরীক্ষা চালু আছে)। হঠাৎ সরকার জানিয়ে দিল এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে না। এসএসসি ও এইচএসসির নম্বরের ভিত্তিতেই ভর্তি করা হবে। এক দেশে দুই আইন, একই শ্রেণীতে ভর্তির জন্য দুই বিধান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সরকার যদি মনে করে থাকে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য পরীক্ষার প্রয়োজনই নেই, তাহলে সেই নিয়ম সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সব বিভাগের জন্য প্রযোজ্য হওয়া উচিত। কেবল মেডিকেলে ভর্তির জন্য ভিন্ন ব্যবস্থা কেন? অন্যান্য উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা চালু থাকলে মেডিকেলে সেই পদ্ধতি তুলে নেওয়ার কী যুক্তি থাকতে পারে? মেডিকেল কলেজে অভিন্ন ভর্তি পরীক্ষা চালু করায় শিক্ষার্থীরা হয়রানি থেকে অনেকটা রক্ষা পেয়েছিলেন। শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল অন্যান্য বিশ্ববিদ্যালয়েও অভিন্ন পরীক্ষাপদ্ধতি চালু করার দাবি জানিয়ে আসছেন কয়েক বছর ধরেই। কেননা, মেডিকেল ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা আলাদা পরীক্ষা দিতে হয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে বিভাগভিত্তিক পরীক্ষা হয়। শিক্ষার্থীদের এই হয়রানির অবসান হওয়া প্রয়োজন। কিন্তু সরকার তাঁদের হয়রানির বিষয়টি আমলে না নিয়ে মেডিকেলে তড়িঘড়ি করে ভর্তি পরীক্ষা বাতিল করে দেশজুড়ে মহাহুলুস্থুল কাণ্ড বাধিয়ে দিয়েছে। যেকোনো নতুন পদ্ধতি চালু করতে শিক্ষার্থীদের সময় দিতে হয়। পরীক্ষার পর যেসব শিক্ষার্থীর মন ফুরফুরে থাকার কথা, তাঁদের সামনে অনিশ্চয়তার দেয়াল তুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ওপর যে মানসিক চাপ পড়েছে, তার কৈফিয়ত কী? যেকোনো পদ্ধতির সুবিধা-অসুবিধা আছে। ভর্তি পরীক্ষার পক্ষে যেমন যুক্তি আছে, তেমনি আছে পরীক্ষার বিপক্ষেও। আমরা সেই বিতর্কে যাচ্ছি না। আমাদের আপত্তি হচ্ছে দেশের মেধাবী তরুণদের প্রতি পুলিশের আচরণ নিয়ে। গত বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ (অবশ্য ঈদের আগে শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশ থেকে যে গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমরা তার নিন্দা করি। দেশের সেরা শিক্ষার্থীদের কাছ থেকে অন্তত এ ধরনের আচরণ আশা করি না)। চট্টগ্রামে শিক্ষার্থীরা যদি সে ধরনের কিছু করে থাকতেন, তাহলে পুলিশের মারমুখী হওয়ার যুক্তি ছিল। তারা বলতে পারত, আত্মরক্ষা বা জনজীবনের নিরাপত্তার জন্য তাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। কিন্তু সেসবের কিছুই ঘটেনি।ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশ সমাবেশে বাধা দেওয়ায় টিএসসির সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে শিক্ষার্থীরা তাঁদের দাবি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু চট্টগ্রামে সোমবারের মতো বুধবারও শিক্ষার্থীদের জড়ো হতেই দেয়নি পুলিশ। বাংলাদেশে নিশ্চয়ই পুলিশরাজ প্রতিষ্ঠিত হয়ে যায়নি। তাহলে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ওপর কেন তারা নির্যাতন চালাল? কেন তাঁদের গ্রেপ্তার করল? এই শিক্ষার্থীদের মধ্যে নিশ্চয়ই পুলিশ সদস্যদের সন্তান ও ভাইয়েরাও আছেন। কীভাবে নিজেদের সন্তান ও ভাইদের ওপর তারা চড়াও হয়! এ জন্যই কি জনগণ তাদের বেতন-ভাতার জোগান দেয়? পুলিশের কাজ নিরীহ শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়া নয়, জনজীবনে শান্তি রক্ষা করা। তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। সেই দায়িত্ব তারা পালন করলে মানুষ এভাবে ঘরে-বাইরে বেঘোরে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাত না। পুলিশ সন্ত্রাসী, খুনি-দস্যুদের ধরতে পারে না। যত শক্তি প্রদর্শন নিরীহ ও দুর্বল মানুষের ওপর। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে এখন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলছেন, আদালতের রায়ের পর মেডিকেলে ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তিনি ভর্তি পরীক্ষার মাধ্যমে মেডিকেলে শিক্ষার্থী ভর্তির পক্ষে। তাহলে সময়ক্ষেপণ কেন? এখনই সিদ্ধান্ত নিন। যে হাজার হাজার শিক্ষার্থী ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন, তাঁদের ঘরে ফিরিয়ে নিন। স্বাস্থ্যমন্ত্রী আদালতের রায়ের দোহাই দিচ্ছেন। সেই রায় কবে পাওয়া যাবে? বিষয়টি জটিল বলেই তো হাইকোর্টের দুজন বিচারক দুই রকম সিদ্ধান্ত দিয়েছেন। এখন তৃতীয় বেঞ্চ রায় দেবেন। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে যদি কেউ আপিল করেন? তখন বিষয়টি আরও ঝুলে যাবে। আর একটি কথা। ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন—সব ব্যাপারেই যদি আদালতকে সিদ্ধান্ত দিতে হয়, তাহলে সরকার কী করছে? সরকারের এতগুলো মন্ত্রণালয়, বিভাগ আছে কেন? এই যে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী প্রতিবছর মানসিক যন্ত্রণায় ভোগেন, কোথায় তাঁরা ভর্তি হবেন, কীভাবে ভর্তি হবেন, এর স্থায়ী প্রতিকার হওয়া উচিত। সরকার মেডিকেলে ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তটি এক বছর আগে নিলে এত হাঙ্গামা হতো না। তাতে শিক্ষার্থীরা মানসিকভাবে প্রস্তুত থাকতেন। যেমনটি সরকার করেছে সৃজনশীল প্রশ্নপত্রের বেলায়। একটি গণতান্ত্রিক সরকারের কাজ সমস্যা বাড়ানো নয়, সমস্যা কমানোযে তরুণদের পরবর্তী শিক্ষাজীবন নিয়ে এখন মানসিক প্রস্তুতি নেওয়া দরকার, ভর্তির আগে নিরুদ্বিগ্ন সময় কাটানো দরকার, তাঁদের ঠেলে দেওয়া হয়েছে রাজপথে। তাঁরা কঠিন মানসিক যন্ত্রণায় ভুগছেন। কেউ বা চট্টগ্রামের ওই তরুণটির মতো শারীরিক নির্যাতনেরও শিকার হচ্ছেন। এর প্রতিকার কী? ছবি মিথ্যে কথা বলে না। একজন নিরীহ শিক্ষার্থীর ওপর যেভাবে পুলিশ সদস্যরা ঝাঁপিয়ে পড়েছেন, তা আইনের চোখে অপরাধ। ছেলেটি কোনো অপরাধ না করেও কেন পুলিশি নির্যাতনের শিকার হলেন? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাই। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরীহ শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করলেও চিহ্নিত সন্ত্রাসীদের টিকিটি ধরতে পারেন না। আমরা নিরীহ তরুণের ওপর নির্যাতনকারী পুলিশ চাই না। আমরা পুলিশি নির্যাতনের ছবি আর পত্রিকায় দেখতে চাই না। যারা এই ছবির স্রষ্টা অর্থাৎ চট্টগ্রামে তরুণ শিক্ষার্থীর ওপর নির্যাতন চালিয়েছে, তাদের চিহ্নিত করুন। বিচার করুন। আইনের রক্ষক বলে দাবিদার পুলিশ সদস্যরা যদি এভাবে ক্রমাগত আইন লঙ্ঘন করে চলেন, মানুষের অধিকার ও মর্যাদার ওপর আঘাত হানেন, তাহলে তাঁদের হাতে রাষ্ট্র ও মানুষ—কেউ নিরাপদ নয়।  সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]