বাবা রুহুল আমিন স্থানীয় আওয়ামী লীগের নেতা হলেও ছেলে নবম শ্রেণির ছাত্র রাজন আলী কোনো রাজনীতি করত না। অথচ সেই রাজনীতির শিকার হয়ে তাকে জীবন দিতে হলো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র রাজন গত বৃহস্পতিবার আমবাগানে খেলছিল বন্ধুদের সঙ্গে। দেখে ফেলে ইসলামী ছাত্রশিবিবের কর্মীরা তার ওপর সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর গত শুক্রবার রাতে তার মৃত্যু ঘটে। এটি মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।
স্বভাবতই প্রশ্ন ওঠে, কেন এই হত্যাকাণ্ড ঘটল? কিশোর রাজনের সঙ্গে শিবিরের নেতা-কর্মীদের কোনো বিরোধ ছিল না। বিরোধ থাকতে পারে তার বাবার রাজনীতির সঙ্গে। শিবগঞ্জে ইসলামী ছাত্রশিবিবের কর্মীরা যৌথ বাহিনীর বাড়াবাড়ির প্রতিশোধ নিতে এক নিরীহ ও নিরপরাধ কিশোরকেই লক্ষ্যবস্তু করে। জিঘাংসার আশ্রয় নেয়। এটি কী ধরনের রাজনীতি?
অবরোধকারীদের হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যুআইয়ামে জাহিলিয়ার যুগে আরব দেশে বাবার অপরাধের জন্য ছেলেকে কিংবা ছেলের অপরাধের জন্য বাবাকে হত্যা করা হতো। তাহলে কি বাংলাদেশে ফের সেই অন্ধকার যুগ ফিরে এল? শিবগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালানোর জন্য সরকার বা আওয়ামী লীগের নেতাদের ওপর শিবির ক্ষুব্ধ হতে পারে। কিন্তু নিরীহ কিশোরকে কেন জীবন দিতে হলো? এর জবাব কী?
রাজনীতির নামে এই প্রতিশোধস্পৃহা ও নৃশংসতা চলতে পারে না। আমরা ধিক্কার জানাই সেই কাপুরুষদের, যারা একজন নিরীহ ও নিরপরাধ কিশোরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা নিন্দা জানাই সেই সহিংস রাজনীতিকে, যে রাজনীতি একজন মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেয়, যে রাজনীতি দেশকে ধ্বংস করে, যে রাজনীতি কিশোরকে হত্যা করতে প্ররোচনা দেয়, চিরতরে সেই রাজনীতির অবসান চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিদের বলব, বাগাড়ম্বর বা পাইকারি গ্রেপ্তার নয়। অবিলম্বে রাজনের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি দিন।