ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাথা থেকে বের হওয়া উদ্ভট ধারণাটির নাম ‘উড়াল ফুটপাত’! এক কিলোমিটারের সামান্য বেশি এই হাঁটা পথের জন্য সম্ভাব্য খরচ ১১৫ কোটি টাকা মাত্র! ডিএসসিসির তহবিলে সম্ভবত অর্থের পাহাড় জমেছে, তা না হলে টাকা খরচ করতে তারা এত মরিয়া হবে কেন?
কেন এই ‘উড়াল ফুটপাত’? ডিএসসিসি মেয়রের যুক্তি, হকারদের কারণে মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না। হকারদের ফুটপাত থেকে সরাতে বারবার উদ্যোগ নিয়েও তিনি ব্যর্থ হয়েছেন। তিনি স্বীকার করেছেন ফুটপাত দখলের সঙ্গে পুলিশের কিছু সদস্য জড়িত, আছে রাজনৈতিক দলের নামধারী নেতা-কর্মীরা। ফলে বিকল্প হচ্ছে এই উড়াল ফুটপাত। এমন যুক্তিকে হাস্যকর ছাড়া আর কীই-বা বলা যায়!
পুলিশ বাহিনীর দায়িত্ব আইন রক্ষা করা। এখন পুলিশ বাহিনীর কোনো কোনো সদস্য যদি দখলের মতো অপকর্মে জড়িয়ে পড়েন, তবে তাঁদের বিরুদ্ধে তিনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছেন না কেন? পুলিশের পক্ষ থেকে তো ডিএসসিসি মেয়রের এই বক্তব্য মেনে নেওয়া হয়নি যে দখলের সঙ্গে পুলিশ জড়িত।
আর দখলদার হিসেবে তিনি রাজনৈতিক দলের নামধারী বলে যাঁদের কথা বলেছেন, তাঁরা আসলে কোন দলের ‘নামধারী’? তাঁদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে পারছেন না কেন? অবৈধ দখলদারদের দখল থেকে ডিএসসিসি যদি ফুটপাত দখলমুক্ত রাখতে না পারে, তবে তো তাদের সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলতে হয়। উড়াল ফুটপাত তৈরি হলে তা তারা দখলমুক্ত রাখতে পারবে, সেই ভরসা কোথায়?
ফুটপাত দখলদারদের হাতে ছেড়ে দিয়ে উড়াল ফুটপাত বানানোর উদ্যোগ একটি উদ্ভট ও অবাস্তব চিন্তা ছাড়া আর কিছুই নয়। বোঝা যায় আধুনিক নগর-পরিকল্পনা সম্পর্কে কোনো ধারণা ডিএসসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নেই। এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা ও মতামত নেওয়ার সংস্কৃতিও নেই। ডিএসসিসির বক্তব্য অনুযায়ী এই প্রকল্প এখন একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা আশা করব, এমন একটি প্রকল্প অনুমোদন দেওয়া থেকে একনেক বিরত থাকবে।