এই লাঞ্ছনা ও অপমানের বিচার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজে ভর্তির ফরম পূরণের সময় লিখতে হয়েছিল, বড় হয়ে কী হতে চাই। লিখেছিলাম, ‘ওরিয়ানা ফ্যালাসির মতো সাংবাদিক হতে চাই।’ বিজ্ঞানে পড়া, মোটামুটি ভালো ছাত্রীর এ রকম ইচ্ছা দেখে যেসব প্রশ্ন আসতে থাকল, তাতে মনে হলো, আমি সাংবাদিক নয়, তেলাপোকা হতে চেয়েছি। গত এক যুগে দেশের গণমাধ্যম আর সাংবাদিকতার জগতে এমন এক পরিবর্তন এসেছে যে সেসব প্রশ্নের উত্তরে আমাকে নতুন করে আর তেমন কিছু বলতে হয়নি।গত কয়েক দিন ধরে নিজেকে হঠাৎ করে আবার তেলাপোকাই মনে হচ্ছে। তাড়া খাওয়া সেই তেলাপোকা, ক্ষুদ্র অসহায় এক কীট, আমাকে ঘিরে কতগুলো প্রাণী উল্লাস করছে। ধেয়ে নিয়ে যাচ্ছে, বাঁচার জন্য অসহায় আমি জোরে জোরে পা ফেলছি। সামনে এগিয়ে আসছে কয়েকজন, মাথায় পানি ঢেলে দিচ্ছে, খালি বোতল দিয়ে ইচ্ছামতো বাড়ি দিচ্ছে যেখানে-সেখানে। চারদিকে তাকাচ্ছি, বাঁচানোর কেউ নেই, কেউ এগিয়ে আসছে না। প্রাণীগুলোর মধ্যে দু-চারজন ঘিরে ধরেছে আমাকে, ঘুষি মারছে, রাস্তায় ফেলে পিষে মারতে চাইছে, তেলাপোকাই তো!নাদিয়া শারমিন সাংবাদিক। বাংলাদেশে যে ৩০টির মতো টিভি চ্যানেলে বহু সাংবাদিক সফলতার সঙ্গে কাজ করছেন, তার মধ্যে তিনি একজন। ব্যক্তিগত পরিচয় না থাকলেও ধারণা করতে পারি, কখনো দিনে, কখনো রাতে, কখনো ডেস্কে কাজ করেন তিনি। ২০০০ সাল থেকে টিভিতে কাজ করছি, কখনো শুনিনি বা দেখিনি কোনো রিপোর্টার ছেলে না-মেয়ে, সেটি চিন্তা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে বা রিপোর্টার নিজেও কাজ করার সময় তাঁর নারী পরিচয় নিয়ে দ্বিধা করছেন। আগুন, ঝড়, জলোচ্ছ্বাস, আন্তর্জাতিক সম্মেলন—কোথায় গিয়ে মেয়েরা সাংবাদিকতা করেননি, মনে করতে পারি না। বাংলাদেশের মতো সরগরম রাজনীতির দেশে রাজনৈতিক সমাবেশ কাভার করা তো মামুলি ব্যাপার। জানি না, সেদিন তেমন ভেবেই বাড়ি থেকে বের হয়েছিলেন কি না নাদিয়া। তবে আমি নিশ্চিত, তিনি জানতেন না, কী অপেক্ষা করছে তাঁর জন্য, আমাদের সবার জন্য।৬ এপ্রিল হেফাজতে ইসলামের সমাবেশে নাদিয়া শারমিনসহ বেশ কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এটুকু শুনেছিলাম ৬ এপ্রিল রাতেই, এরপর কিছু খণ্ড খণ্ড বর্ণনা নাদিয়ার সাক্ষাৎকারে। আমার শ্রদ্ধেয় স্যার সাখাওয়াত আলী খানকে বলছি, জি স্যার, সেই ঘটনার ভিডিও ঘুরছে ইন্টারনেটে, দেখানো হচ্ছে টিভিতে। আপনি আপনার লেখায় ঠিকই অনুমান করেছেন, কারও না কারও কাছে এর ভিডিও ছিল। কী ঘটেছিল সেদিন, নাদিয়ার সঙ্গে দেখতে পাচ্ছে সবাই।কিন্তু এ তো লাঞ্ছনা নয়, একে তো লাঞ্ছনা বলে না। জানি না একে কী বলে, তবে আমি নিশ্চিত, যাঁরা সেদিনের এই ভিডিও দেখেছেন, তাঁরা বুঝবেন, ‘নারী’ থেকে ‘মানুষ’ হয়ে ওঠার এই নিরন্তর সংগ্রামকে মূল-কাণ্ডসহ উপড়ে ফেলতে চাইছে এই লোকগুলো। কী অপার সাহসে হাজারো পুলিশের বেষ্টনীতে থাকা অবস্থায় একটি মেয়ের শিক্ষা, দক্ষতা, পেশাদারি—সবকিছু ফুঁৎকারে উড়িয়ে দিয়ে তাঁর নারী পরিচয়কে একমাত্র পরিচয় করে তুলে একদল ইতর যেভাবে ইচ্ছা সেভাবে তাঁকে অপমান করে!‘মেয়ে হয়ে কেন এই পুরুষের সমাবেশে আসলি?’ ‘কেন মাথায় কাপড় নাই’—এসব প্রশ্নের উত্তর আজকে আমাকেও দিতে হবে, দিতেই হবে আপনাকেও। আজকে নারী সাংবাদিককে দিতে হচ্ছে, কাল চিকিৎসককে দিতে হবে, পুলিশকে দিতে হবে, বিজ্ঞানীকে দিতে হবে। উত্তরটা ভেবে রাখুন, সব পেশাজীবী নারী। আর উত্তর না দিতে পারলে যে কেউ, সে একজন রিকশাওয়ালা হোক, দিনমজুর হোক, স্কুল পাস হোক আর নিরক্ষর হোক—আপনাকে চাইলে রাস্তায় ফেলে পেটাতে পারে। মানতে পারছি না, মানতে পারছি না এই অপমান। সাংবাদিক অগ্রজেরা, নারীনেত্রীরা, মানবাধিকারকর্মীরা, যাঁরা শাহবাগে আওয়াজ তুলেছেন যুদ্ধাপরাধের বিচারের সেই অনুজেরা, সবাইকে বলছি এর নিষ্পত্তি জরুরি, তা না হলে এখন আমাদের যেমন ৪২ বছর ধরে অনেক প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে, তেমনি আরও অনেক অমীমাংসিত প্রশ্নের তৈরি হবে। আবারও পেছনের হিসাব মেলাতে বসতে হবে আমাদের।মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি একটি সাক্ষাৎকারে হেফাজতের এক নেতাকে বলেছেন, ‘প্রয়োজনে আপনি বোরকা পরে ঘরে বসে থাকুন, মেয়েদের নিরাপদে বাইরে কাজ করতে দিন।’ এত বিপ্লব আমরা চাই না। শুধু এর বিচার করুন। সবার ছবি আছে, সবাইকে স্পষ্ট দেখা যাচ্ছে, ধরুন এদের সবাইকে। জানান দিন মুক্তিযুদ্ধের চেতনার, অসাম্প্রদায়িক নারী-পুরুষের সমান অধিকারের এই দেশে এরা ভয়ংকর অপরাধী হিসেবে বিবেচিত। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো ছোটখাটো অঘটন নয়, অনেক বড় অঘটনের শুরু। সেটা মাথায় রেখেই দয়া করে এর সুরাহা করুন, অমীমাংসিত রেখে দেবেন না একে আরও অনেক কিছুর মতো। বহু যুদ্ধের পর মেয়েরাই তাদের কাজের জায়গাটি তৈরি করে নেয়, এটি কুড়িয়ে পাওয়া কোনো ফল নয়, কয়েকজন ভণ্ডের তাণ্ডবে একে নষ্ট হতে দেওয়া যায় না কিছুতেই।মিথিলা ফারজানা: গণমাধ্যমকর্মী।