এই সংঘাতের শেষ কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসে সন্ত্রাসী হামলার পর আহত একজনকে বের করে নিয়ে আসছেন অগ্নিনির্বাপক দলের সদস্যরা
প্যারিসে সন্ত্রাসী হামলার পর আহত একজনকে বের করে নিয়ে আসছেন অগ্নিনির্বাপক দলের সদস্যরা

১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের পাঁচটি ভিন্ন ভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলায় যে ভয়াবহ পরিণতি ঘটেছে, তা বিশ্বব্যাপী ধিক্কৃত হয়েছে। এই হামলার পেছনে সিরিয়া ও ইরাকে যুদ্ধরত সন্ত্রাসী সংগঠন বলে পরিচিত ইসলামিক স্টেট বা দায়েশ-এর যে হাত ছিল, তা আক্রমণের ধরন দেখে বোঝা গিয়েছিল। ওই দিন (বাংলাদেশ সময়) ভোররাত থেকে যা দেখেছি তাতে অন্তত আমি নিশ্চিত ছিলাম যে প্যারিসের মতো শহরে পাঁচটি ভিন্ন ভিন্ন জায়গায় প্রায় একই সময়ে এ ধরনের কমান্ডো স্টাইলের আক্রমণের পেছনে দারুণ প্রশিক্ষণ এবং সমন্বয়ের প্রয়োজন, তা বর্তমানে আইএস ছাড়া আর কোনো সন্ত্রাসী সংগঠনের নেই। এ ধরনের আক্রমণ আল-কায়েদারও সামর্থ্যের বাইরে। ইতিপূর্বে এ বছরের জানুয়ারিতে প্যারিসের এক রম্যপত্রিকা শার্লি এবদোর অত্যন্ত গর্হিত কার্টুন ছাপানোর পর যে আক্রমণ হয়েছিল, তার পেছনে ছিল আল-কায়েদা। তার পরপরই ইহুদি মার্কেটে আরেকটি আক্রমণ চালায় আল-কায়েদা-সমর্থকেরা।
বছরের প্রথম দিকের আক্রমণের পর থেকেই ফ্রান্সের ওলাঁদ সরকার বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যমতে, প্রায় ২২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছিল। আটক করেছিল সিরিয়াফেরত প্রায় ৩৭০ জনকে এবং প্রায় ১১ হাজার ব্যক্তি সন্দেহের তালিকায় থাকায় নজরদারিতে রয়েছে বলেও তথ্য রয়েছে। তথাপি এ হামলা ঠেকাতে পারেনি ফ্রান্সের মতো শক্তিশালী শক্তিধর দেশ। প্রাপ্ত তথ্যে জানা যায় যে এ হামলায় যাঁরা অংশ নিয়েছিলেন এবং বন্দুকযুদ্ধে ও আত্মঘাতে মৃত্যুবরণ করেছেন, তাঁদের সবারই বয়স ৩০ বছরের নিচে। হামলাকারীর সংখ্যা ১০ থেকে ১২ জনের বেশি নয়। পরিসংখ্যানে প্রকাশ, সাতজন হামলাকারী নিহত হয়েছেন এবং বাদবাকিরা পলাতক রয়েছেন, যার মধ্যে অন্যতম সালেহ আবদেসালেম। এরই মধ্যে প্যারিসের উপকণ্ঠে বেলজিয়ামে রেজিস্ট্রিকৃত যে গাড়িটি পাওয়া গেছে, তাতে বেশ কিছু একে-৪৭ রাইফেলও পাওয়া গেছে।
প্যারিসে হামলার তদন্ত এখনো শেষ হয়নি, যার প্রেক্ষাপটে অনেক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে। এঁদের সবাই মুসলমান ধর্মাবলম্বী এবং বেশির ভাগ উত্তর আফ্রিকা মূলের ফ্রেঞ্চ, বেলজিয়ান ও মূল ভূখণ্ড ইউরোপের নাগরিক। ধারণা করা হচ্ছে যে যে দুজনের পাসপোর্ট পাওয়া গেছে, তার মধ্যে অপরজন সিরীয় এবং এই দুজনই গ্রিসের পথে শরণার্থীদের পরিচয়ে ফ্রান্সে প্রবেশ করেছিলেন। আক্রমণকারীরা বেশির ভাগই আলজেরীয়-ফ্রেঞ্চ নাগরিক তা এক প্রকার নিশ্চিত। এঁদের সঙ্গে যুক্ত হয়েছেন ইউরোপের আরও কয়েকটি দেশের তরুণেরা।
প্যারিসের এ আক্রমণ অপ্রত্যাশিত ছিল না। ফ্রান্সের গোয়েন্দা সংস্থা, ডাইরেক্টর জেনারেল অব এক্সটার্নাল সিকিউরিটিজ (ডিজিএসই) বিশ্বের অন্যতম সেরা বলে বিবেচিত। সংস্থার কাছে এ ধরনের আক্রমণের তথ্য ছিল। ফ্রান্স যে অন্যতম প্রধান টার্গেট তা জানান দিতে আইএসও কার্পণ্য বোধ করেনি। এমনকি হামলার আগে ইরাকের গোয়েন্দা সংস্থা বলেছিল যে এঁদের সবাইকে সিরিয়ার আইএস অধিকৃত রাকা ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তথ্যে প্রকাশ, তুরস্কের গোয়েন্দা সংস্থাও একই ধরনের বার্তা দিয়েছিল। তথাপি ফ্রান্সের সরকার এ হামলা ঠেকাতে পারেনি। এর কারণ, হামলাকারীরা সবাই স্লিপার সেল হিসেবে বহুদিন প্যারিসের অভ্যন্তরে ছিল এবং এদের নেপথ্যের পরিচালনায় এমন একজন ছিল, যার সঙ্গে সিরিয়ায় যোগাযোগ ছিল। তবে ওই সব যোগাযোগ ছিল গোপন সংকেতের মাধ্যমে। অপর দিকে স্লিপার সেলের সদস্যদের সঙ্গে অপ্রচলিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল বলে মনে হয়। কারণ, ফ্রান্স পুলিশের ভাষ্য অনুযায়ী কোনো ধরনের মোবাইল অথবা ইন্টারনেটই ব্যবহার না হওয়ার কারণে এ হামলার প্রযুক্তিনির্ভর আগাম তথ্য পাওয়া যায়নি।
এ হামলা ছিল সম্পূর্ণ কমান্ডো স্টাইলের। অত্যন্ত কার্যকর, সুপরিকল্পিত, পেশাদারিপূর্ণ হামলা। হামলার ধরন দেখে একটি বিষয় পরিষ্কার, যে টার্গেট নির্ণয় ছিল তা ছিল হামলার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সহজ টার্গেট। আইএস আল-কায়েদার মতো প্রতীকী স্থাপনায় হামলা করেনি। এ হামলা করা হয়েছে এমন সব জায়গায়, যেখানে ওই দিন জনসমাগম ছিল বেশি। এর উদাহরণ ৮০ হাজার দর্শকে ভরা এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির জায়গায়, স্তাদ দ্য ফ্রঁস (ফুটবল স্টেডিয়াম) আত্মঘাতী। ওখানে ওই সময়ে যে কঠিন নিরাপত্তা থাকবে, সে ধারণা নিশ্চয়ই হামলাকারীদের ছিল। স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলায় মাত্র তিনজনের মৃত্যু হলেও আতঙ্ক ছড়ায় সমগ্র স্টেডিয়ামে। রাষ্ট্রপতি এবং অতিথিকে বের করে আনা হয়। আতঙ্ক ছড়ানোই ছিল প্রধান উদ্দেশ্য এবং অন্যান্য জায়গা থেকে পুলিশের নজর এড়ানো। বড় ধরনের অপর হামলাটি হয় প্যারিসের মধ্য স্থানীয় জায়গায় বাতাক্লঁ কনসার্ট হলে এবং লা-বেল ইকুইপ, লো পতি কবোজ রেস্তোরাঁ এবং কাসা নস্ত্রা রেস্তোরাঁয়। এগুলো কাছাকাছি জায়গা, প্যারিস শহরের ডিস্ট্রিক-১১-তে। কনসার্ট হল ও রেস্তোরাঁগুলোতেই সবচেয়ে বেশি হতাহত হয়েছেন।
এসব টার্গেট পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে আক্রমণের একমাত্র উদ্দেশ্য বহুসংখ্যক সাধারণ মানুষের হতাহতের মাধ্যমে ফ্রান্সের সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা এবং বার্তা দেওয়া যে ইসলামিক স্টেটের বিরুদ্ধে পরাশক্তিগুলোর চতুমুর্খী হামলা সত্ত্বেও তারা ইউরোপের হৃদয়ে কম্পন ধরাতে সক্ষম। এর জবাবে উপর্যুপরি বিমান হামলায় আইএস কিছুটা কাবু হলেও তাদের উদ্দেশ্য এ সংঘাতকে আরও বিস্তৃত করা এবং গ্রাউন্ট ট্রুপস বা তথাকথিত মিত্র জোটের সেনাবাহিনীকে সিরিয়ার মাটিতে প্রবেশ করানো। দায়েশের মতে, তারা আইএস নব্য ক্রুসেডার ও তাদের মিত্রদের বিরুদ্ধে ওই মাটিতে যুদ্ধ করছে, যা একাদশ ও দ্বাদশ শতাব্দীতে ক্রুসেডের ক্ষেত্র ছিল। এর আগে লেবাননে হিজবুল্লাহ–অধ্যুষিত এলাকায় এক সমাবেশে আত্মঘাতী হামলা এবং তুরস্কে আত্মঘাতী হামলা দিয়েও তাদের এই মতবাদকে জানান দিয়েছে।

>ফ্রান্স ইউরোপের প্রথম দেশ, যেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০১৪ থেকে সিরিয়া ও ইরাকে আইএসবিরোধী বিমান হামলায় যোগ দিয়েছে। অস্থায়ী ঘাঁটি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। যুদ্ধে যুক্ত হচ্ছে বিমানবাহী রণতরি

প্রশ্ন হচ্ছে, ফ্রান্সের ওপরে এমন উপর্যুপরি হামলা কেন? যদিও আইএস ওয়াশিংটনকেও হুমকি দিয়েছে। দূরত্ব ও অন্যান্য কারণে যুক্তরাষ্ট্রে এত বড় হামলা সহজ হবে না। ফ্রান্স হাতের নাগালে। আইএস বা দায়েশের মতে, ফ্রান্স প্রধান ক্রুসেডার দেশ। তা ছাড়া সীমানাবিহীন ইউরোপে চলাফেরার সুবিধার সুযোগ নিয়েছে এসব সন্ত্রাসী হামলা সংগঠিত করতে শুধু স্লিপার সেল গঠনই নয়, অস্ত্র মজুত অথবা সংগ্রহ করার কাজটিও অলক্ষ্যে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এখানে শুধু প্রশিক্ষণই নয়, এ হামলায় রসদ জোগানোও ছিল অত্যন্ত পেশাদার কর্মযজ্ঞ।
এ হামলার মাধ্যমে আইএস যেমন সিরিয়ার বাইরে তাদের সংগঠিত হওয়ার ক্ষমতা এবং উন্নত প্রশিক্ষণের নজির সৃষ্টি করেছে, তেমনি ইউরোপের উদার সীমান্তনীতিকে চ্যালেঞ্জ করেছে। ফ্রান্সকে তার রাষ্ট্র ও সমাজকাঠামোর পরিবর্তনের পরিকল্পনায় বাধ্য করেছে, যা গত সোমবার ফ্রাঁসোয়া ওলাঁদের সংসদে ভাষণের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। রাষ্ট্রের শাসনতন্ত্রের আরও কঠিন পদক্ষেপের সংযোজনের কথা বলা হচ্ছে। অনেকে মনে করেন, এ ঘটনা ফ্রান্সকে পঞ্চম রিপাবলিক থেকে ষষ্ঠ রিপাবলিকের পথে চালিত করবে, যা ফ্রান্সকে আগের মতো উদার রাখবে না।
অপর দিকে প্রথমবারের মতো ফ্রাঁসোয়া ওলাঁদ আসাদের বিরুদ্ধে শক্ত অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে বলেছেন যে ফ্রান্সের শত্রু আসাদ নয়, তাঁর মতে এখন ফ্রান্সের একক শত্রু আইএস। ওলাঁদ এখন পুতিন এবং ওবামার সঙ্গে এক টেবিলে বসে আলোচনায় রাজি হয়েছেন। কয়েক দিনের মধ্যেই মস্কো সফরের কথা রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টও, যিনি আইএসের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করেছেন।
এ হামলার পর আসাদ এবং আইএস প্রায় অভিন্ন সুরে বলেছিল যে ফ্রান্সের ভ্রান্ত পররাষ্ট্রনীতির কারণেই এই হামলা। এই দুই প্রান্তের ব্যক্তি ও সংগঠন একই সুরের কথার পেছনে ভিন্ন ভিন্ন যুক্তি রয়েছে। ফ্রান্স প্রথম থেকেই আমাদের অপসারণ চেয়েছে, যার পেছনে রয়েছে ফ্রান্সের এতদ্ঞ্চলে ঔপনিবেশিক আমলের প্রেক্ষাপট। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেভেন্ট অঞ্চলে ফ্রান্সের উপনিবেশ তৈরি হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণ কর্তৃত্ব হারিয়েছিল। যদিও বৃহত্তর সিরিয়াকে তত দিনে বিভাজন করে লেবানন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। তথাপি ফ্রান্সকে অনিচ্ছা সত্ত্বেও পাততাড়ি গোটাতে হয়েছিল। ব্রিটিশ প্রাধান্য আর আরব জাতীয়তাবাদীদের কাছে ফ্রান্স ছিল অগ্রহণযোগ্য ও ঔপনিবেশিক শক্তি।
ফ্রান্স ইউরোপের প্রথম দেশ, যেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০১৪ থেকে সিরিয়া ও ইরাকে আইএসবিরোধী বিমান হামলায় যোগ দিয়েছে। অস্থায়ী ঘাঁটি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। যুদ্ধে যুক্ত হচ্ছে বিমানবাহী রণতরি। এর আগেও একবার বিমানবাহী রণতরি চার্লস দ্য গল এতদ্ঞ্চলে পাঠিয়েছিল এবং হালে পুনরায় ভূমধ্যসাগরে রয়েছে এই বৃহত্তম ফরাসি বিমানবাহী রণতরি। আবুধাবিতে রয়েছে ছয়টি রাফায়েল এবং জর্ডানে রয়েছে ছয়টি মিরেজ-২০০০ সিরিজের জঙ্গি বিমান। বর্তমানে জঙ্গি বিমানের হামলার মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। এ হামলার পরিপ্রেক্ষিতে ফরাসি সেনা মোতায়েনেরও চিন্তাভাবনা করছে, তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে।
ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে ফ্রান্সের অভিযান শুধু ইরাক অথবা সিরিয়াতেই নয়, শুরু হয়েছিল ১৯৯০ সালে আলজেরিয়ায় ইসলামপন্থীদের ক্ষমতাবঞ্চিত করার পর থেকে। ওই বছরেই আলজেরিয়ার ইসলামি সংগঠন প্যারিসে বোমা হামলা চালিয়ে আটজনকে হত্যা ও ২০০ জনকে আহত করেছিল। ২০১৩ সালে মালেতে অভিযানসহ নাইজার এবং সাদ-এ এককভাবে ফ্রান্স ইসলামি জঙ্গি বলে কথিতদের ওপর অভিযান চালিয়েছিল। বর্তমানে নাইজার, মালে ও সাদে ফ্রান্সের উপস্থিতি রয়েছে। এখনো আইভরি কোস্টসহ বেশ কয়েকটি সাবেক কলোনিতে ফ্রান্সের উপস্থিতি দৃশ্যমান।
যাহোক, ৯/১১ যেমন বিশ্বের ভূকৌশলে পরিবর্তন এনেছিল, ফ্রান্সের ওপরে এ নৃশংস হামলার প্রেক্ষাপটে ইউরোপে কী ধরনের ভূকৌশলগত পরিবর্তন আসে তা দেখার বিষয়। সিরিয়ায় আসাদের বিকল্প খোঁজা এখন ফ্রান্সের জন্যও কঠিন হবে। এ সংঘাতে সবচেয়ে লাভবান হচ্ছে রাশিয়া ও ইরান। আইএস উপলক্ষ মাত্র। হয়তো আইএসও আল-কায়েদার মতো দুর্বল হয়ে ইতিহাস হয়ে যাবে, তবে যে বীজ পশ্চিমা বিশ্ব আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া আর মিসরে বপন করেছে, তার খেসারত বিশ্বকে আরও বহুদিন দিতে হবে। হয়তো বেশি খেসারত দিতে হবে আমাদের মতো দেশগুলোকে।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]