একসময় আমাদের কৃষি পুরোটাই ছিল মান্ধাতার আমলের। কৃষকেরা চাষাবাদের জন্য শতভাগ প্রকৃতির ওপর নির্ভরশীল ছিলেন। ধীরে ধীরে তাঁরা সেচযন্ত্র, পাওয়ার টিলার ইত্যাদি ব্যবহার করতে থাকেন; যার বেশির ভাগই ছিল বিদেশ থেকে আমদানি করা।
এ অবস্থায় সরকারের কৃষি বিভাগ দেশেই কৃষিযন্ত্র উদ্ভাবন ও গবেষণার ওপর জোর দেয়। কৃষিযন্ত্র উদ্ভাবন ও গবেষণাকে যেভাবে সরকার গুরুত্ব দিয়েছে, সেভাবে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসেননি। যে দেশের বিজ্ঞানীরা পাটের জিন রহস্য উদ্ঘাটন করতে পারেন, সেই দেশ কৃষিযন্ত্রে কেন পিছিয়ে থাকবে? রোববার এক কর্মশালায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বাংলাদেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত কৃষিযন্ত্রের উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
তাঁর এই আহ্বান সময়োপযোগী। খাদ্য উৎপাদনের মতো কৃষিযন্ত্র তৈরিতেও আমাদের স্বাবলম্বী হতে হবে। তবে এ ক্ষেত্রে সরকারের আমদানি নীতির পরিবর্তন আবশ্যক। বর্তমানে কৃষির খুচরা যন্ত্রাংশের ওপর ৩০-৪০ শতাংশ এবং কৃষিযন্ত্র আমদানির ওপর ৫ শতাংশেরও কম শুল্ক নির্ধারণ করা আছে। এটি দেশীয় উদ্যোক্তাদের জন্য মোটেই সুখকর নয়।
গত কয়েক বছরে খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষিতে যন্ত্রের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। প্রত্যন্ত অঞ্চলের কৃষকেরাও দেশে উদ্ভাবিত ও আমদানি করা কৃষিযন্ত্র ব্যবহার করছেন। দেশে ধান উৎপাদনের বেশির ভাগই এখন সেচনির্ভর। কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কৃষি যন্ত্রপাতির অভ্যন্তরীণ বাজার নয় হাজার কোটি টাকার। কোনো কোনো কৃষিযন্ত্রের পুরোটা বা ৮০ শতাংশই আমদানি করতে হয়।
কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আনতে হলে সব কৃষিযন্ত্রই দেশে উৎপাদন করতে হবে। এ ব্যাপারে উদ্যোক্তাদের প্রণোদনা দিতে খুচরা যন্ত্রাংশ আমদানির শুল্ক কমাতে হবে। ব্যাংকঋণের সুদের হারও সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে। এ ছাড়া কৃষিভিত্তিক শিল্পের জন্য পৃথক শিল্প এলাকা প্রতিষ্ঠার কথাও ভাবা যেতে পারে। দেশ কৃষিযন্ত্রে স্বাবলম্বী হলে আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা যেমন বাঁচবে, তেমনি এ খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানও বাড়বে।