এইচএসসি পরীক্ষার রুটিন
এ বছর এইচএসসি পরীক্ষায় আমি একজন অংশগ্রহণকারী। কিন্তু এই প্রকাশিত সময়সূচিতে বিজ্ঞান বিভাগের একজন ছাত্র হওয়ার কারণে সন্তুষ্ট হতে পারছি না। এই রুটিনে পদার্থ প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষার আগে কেবল এক দিন বন্ধ দেওয়া হয়েছে। আবার গণিত প্রথম পত্রের আগে ২৫ দিন বন্ধ দেওয়া হয়েছে। পদার্থ প্রথম পত্রের আগে কেবল এক দিন বন্ধ থাকায় বিশাল সিলেবাস শেষ করতে একজন সাধারণ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর প্রায় দেড় বছর সময় লাগবে, তা-ও হয়তো শেষ করা সম্ভব হবে না। আবার রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিধায় সম্পূর্ণ বইটি ভালোভাবে একবার রিভিশন দিতে হবে, যা এক দিনে কোনো ক্রমেই সম্ভব নয়। অপর দিকে গণিত প্রথম পত্র পরীক্ষার আগে এত দিন বন্ধ আমাদের গণিতের যথার্থ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে। প্রায় দুই বছরের কষ্টের ফসল এবং একটি ভালো উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির পাথেয় হলো ভালো একটি এইচএসসি রেজাল্ট। উত্তম প্রস্তুতিতেই এই সাফল্য অর্জনের মূলমন্ত্র। উত্তম প্রস্তুতির স্বার্থে বিজ্ঞান বিভাগের পদার্থ প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষার আগে আরও কিছুদিন এবং গণিত প্রথম পত্রের আগের ছুটি পরিমিতকরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আবেদন জানাচ্ছি। মো. হাসান-উল-ইকবালবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বিজিবি হেডকোয়ার্টার্স, ঢাকা।