এইচএসসি পরীক্ষার সময়সূচি
দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কিছুদিন আগে ২০১৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু এ সময়সূচি মোটেও সৃষ্টিশীল হয়নি। একজন শিক্ষার্থীর জীবনে এইচএসসি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপেই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ দুয়ার খুলতে থাকে, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে দেখা যায় যে গণিত পরীক্ষার আগে প্রায় ২৬ দিন বন্ধ, যা মোটেও প্রয়োজন নেই। প্রথম দিকে ঘন ঘন পরীক্ষা দিয়ে পরবর্তী সময়ে এত বিশাল বন্ধের কোনো যৌক্তিকতা নেই। এ ছাড়া পদার্থবিদ্যা প্রথম পত্র পরীক্ষার আগেও কিছুদিন বন্ধ থাকা দরকার। কারণ, এতে তত্ত্বীয় বিষয় ছাড়াও গণিতের অনেক অনুশীলন রয়েছে। পদার্থবিদ্যা প্রথম পত্র পরীক্ষার আগে মাত্র এক-দুই দিন বিরতি। কিন্তু পরবর্তী সময়ে রসায়নবিদ্যায় প্রথম পত্রের আগে এক সপ্তাহ এবং দ্বিতীয় পত্রের আগে মাত্র এক দিন বিরতি। তাই রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষার আগে আরও তিন-চার দিন বন্ধ থাকা প্রয়োজন। আধুনিক যুগে সব বিষয়ই গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন পরীক্ষার আগে বন্ধ দেওয়ার প্রয়োজন হলে তা সুষমভাবে দেওয়া উচিত। অধিকন্তু সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে হলে কেবল সাজেশনের আলোকে পড়া যায় না, এর জন্য সমগ্র বইয়ের আগাগোড়া ভালোভাবে পড়াশোনা করা প্রয়োজন। তাই উল্লিখিত বিষয়ের আলোকে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা উচিত বলে মনে করি। উপরিউক্ত বিষয় বিবেচনা করে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এই আশা করছি। নিশিতাংমত দত্তশ্রীমঙ্গল।