লিখতে বসে মনে হচ্ছিল, কী নিয়ে লিখব। বিশ্বে বহু কিছু ঘটে যাচ্ছে। পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শাসকদের চরিত্র। আফগানিস্তানে প্রায় এক যুগ ধরে পশ্চিমা শক্তি চেষ্টা করেও করতে পারেনি তালেবানমুক্ত। কারণ, দেশটি বহু গোত্রে আর মতাদর্শে বিভক্ত। তা ছাড়া হাজার বছরের আফগান ইতিহাস বহিঃশক্তির টিকে থাকবার সাক্ষী দেয় না। অতঃপর যুক্তরাষ্ট্র ও তারই পছন্দসই কারজাই সরকার তথাকথিত উগ্র ইসলামপন্থী তালেবানদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নিষ্পত্তিতে আসার প্রয়াসে রত। ইতিমধ্যেই দেশটি সাধারণ আফগানদের রক্তে রঞ্জিত হয়েছে এবং হচ্ছে তিন দশকেরও বেশি সময় ধরে।আফগানিস্তানের পাশের দেশ, একসময় যারা আমাদের অংশ ছিল, সেই পাকিস্তানে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, সে দেশের ঘটনাবহুল ইতিহাসে, প্রথমবারের মতো পূর্ণ মেয়াদ শেষ করে শান্তিপূর্ণ উপায়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে পরবর্তী নির্বাচনের পথে রয়েছে। আগামী মে মাসে ওই দেশে নির্বাচন। বহু যুগ পরে পাকিস্তান সেনাবাহিনী ওই দেশের রাজনীতির নীতিনির্ধারক পর্যায়ে থেকে পিছু হটেছে। চার বছর নির্বাসিত থাকার পর পাকিস্তানের সর্বশেষ সামরিক সরকারপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ ফিরে এসেছেন রাজনৈতিক অঙ্গনে, নিজের ভাগ্য পরীক্ষার জন্য। তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ থাকলেও রাষ্ট্র তাঁকে সাবেক রাষ্ট্রপতির মর্যাদাই দিচ্ছে। এ কোন পাকিস্তানের চিত্র আমরা দেখছি? আমরাই শুরু করেছিলাম তত্ত্বাবধায়ক ব্যবস্থা। পাকিস্তান তা বাস্তবায়ন করছে। সব দলের মতামতের ভিত্তিতেই তা হয়েছে। পাকিস্তানে যেখানে জাতিগত বিভেদ চরমে। চারটি ভিন্ন ভিন্ন প্রদেশের পোশাক, ভাষা আর সংস্কৃতিতে মিল নেই, তবু গণতন্ত্রের পরীক্ষায় আপাতত উত্তীর্ণ।আমরা কোথায় আছি। প্রসঙ্গতই এ প্রশ্নটি প্রকট হয়ে উঠছে। বঙ্গবন্ধুর সময়ের নেতারা একে একে দৃশ্যপট থেকে হারিয়ে যাচ্ছেন। ওই মাপের নেতাদের আর জন্ম হবে কি না, সন্দেহ রয়েছে। এখন আমরা বড় মাপের দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের অভাব বোধ করছি। রাজনীতি এখন ক্ষমতায় থাকা আর যাওয়ার উন্মাদনা ছাড়া কিছু নয়। আর এই সাংঘর্ষিক রাজনীতির শিকার হয়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। এরই মধ্যে প্রায় শতাধিক মানুষকে আমরা হারিয়েছি। তাদের সবাই যে দলীয় রাজনীতির সঙ্গে জড়িত, তেমন নয়। এখনো আগামী নির্বাচনের ৮ থেকে ১০ মাস বাকি। আগামী ছয় মাসে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে, কোনো পণ্ডিত বা ভাষ্যকার তা বলতে পারবেন না। আমি প্রারম্ভে অনেক কথাই লিখলাম, তার সারসংক্ষেপ যদি করি, তাহলে এককথায় বলতে হবে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সংকটের মধ্য দিয়ে পার হয়েছে, বর্তমান সংকট অতীতের তুলনায় ভয়াবহ। আরও ভয়াবহ রূপ নেবে, যার জন্য দৃশ্যত সরকার মোটেও প্রস্তুত নয়। প্রস্তুত নয় মোকাবিলার জন্যও। বর্তমান অবস্থার জন্য দায়ী সব মতবাদের রাজনীতিবিদেরা। এ অবস্থার দায়দায়িত্ব অন্য কারও ঘাড়ে চাপানো যাবে না। এ রাজনৈতিক সংকট অন্য কোনো বাহিনীকে আমন্ত্রণ করে সমাধান করা যাবে না। বিরোধী দলের নেতা সেনাবাহিনী নিয়ে যে মন্তব্য করেছেন, তা যেমনি অপ্রত্যাশিত, তেমনি অগ্রহণযোগ্য। এ বিষয়টি নিয়ে সরকারি দলও যেভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তা-ও অতিশয়োক্তি। তা ছাড়া এ বিষয় নিয়ে অতিবিতর্ক, অতিকথন এমনকি টক শো আরও ক্ষতিকর বলে মনে করি।সেনাবাহিনী নিয়ে বিরোধী দলের মন্তব্য যে খোদ সেনাবাহিনীকে অস্বস্তিতে ফেলেছে, তাতে সন্দেহ নেই। তবে ধন্যবাদ প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রীকে যে তিনি ঢাকা সেনানিবাসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি খোলামেলা কথা বলেছেন। আমি মনে করি, অত্যন্ত ভালো একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকের সেনাবাহিনী অত্যন্ত সুসংগঠিত ও পেশাদারি। রাজনীতির ঊর্ধ্বে। তাই সব রাজনীতিবিদের উচিত, সামরিক বাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে থাকতে দেওয়া। সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে এনে অতীতেও ভালো হয়নি। বাংলাদেশে যতবার সেনা হস্তক্ষেপ হয়েছে, তা আমাদের দেশের রাজনীতিবিদদের ব্যর্থতা ও অদূরদর্শিতার কারণেই। এ ব্যাপারে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু গবেষণায় ফল তা-ই বলে।দেশে যে ধরনের পরিস্থিতির উদ্ভব হচ্ছে, তা দেশকে একধরনের ব্যাপক বেসামরিক হানাহানির পথে নিয়ে যাচ্ছে। অনেকেই গৃহযুদ্ধের পদধ্বনির কথা বলছেন। তবে আমি মনে করি না যে গৃহযুদ্ধের পথে দেশ হাঁটছে, যদিও হানাহানির মাত্রাটা ব্যাপক। এই হানাহানির উদ্দেশ্য ক্ষমতা দখল, যা হতে হবে নির্বাচনের মাধ্যমে। কাজেই আগামী নির্বাচনের আগে যে ধরনের পরিস্থিতি হবে, তা সহজেই অনুমেয়।ইতিপূর্বে মনে করা হতো, দেশ দুই রাজনৈতিক ক্যাম্পে বিভক্ত। তেমনটা চলে এসেছিল বহু বছর। এখন আর তেমন নেই। দেশ এখন রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে এক ভয়াবহ বিভক্তির পথে রয়েছে। একদিকে জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামপন্থীদের উত্থান, অন্যদিকে ধর্মনিরপেক্ষতার সমর্থকদের মধ্যে তথাকথিত ভিন্নমতাবলম্বী ব্লগারদের নিয়ে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। গণজাগরণ মঞ্চ এখন যে অবস্থায় রয়েছে, তাতে তাদের প্রাথমিক সার্থকতা হারাতে বসেছে। গণজাগরণ মঞ্চের উদ্দেশ্য যা-ই থাকুক, তার বিপরীতে আরেক স্রোতোধারা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও সংকটের সৃষ্টি করবে, যার জন্য সরকার প্রস্তুত বলে মনে হয় না। এর প্রমাণ, জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার শেষে যে ধরনের সহিংসতা হয়েছে, তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপ্রস্তুতি। মনে হয় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচারাধীন জামায়াত নেতাসহ অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রোফাইল তৈরি করে প্রত্যন্ত অঞ্চলে ও মফস্বলে তাদের প্রভাব নিরূপণ করেছে। জামায়াতের মারমুখী আন্দোলনের শক্তি সরকারকে হতভম্ব করেছে, সন্দেহ নেই। অন্যথায়, এত মানুষের প্রাণহানি ঘটত না। ঘটতে পারত না পুলিশসহ অন্যান্য স্থাপনার ওপর হামলা। আমার এ লেখা হয়তো বিক্ষিপ্ত মনে হতে পারে, কিন্তু দেশে এখন যা ঘটছে বা ভবিষ্যতে ঘটতে যাচ্ছে, তা যেকোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকছে না, তার আলামত হেফাজতে ইসলামের মহাসমাবেশ। এই মহাসমাবেশ নিয়ন্ত্রণ করতে গিয়েও সরকারকে হিমশিম খেতে হয়েছে। অন্যদিকে বিরোধী দলের সঙ্গে এখনো তাদের নৈকট্য হয়েছে বলে মনে হয় না। বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি শুধু এ জাগরণের সুযোগ নেওয়ার চেষ্টায় রত মাত্র।হেফাজতে ইসলামের আত্মপ্রকাশ ও তাদের যে ধরনের সংকল্প, তা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। দৃশ্যত এই সংগঠন গণজাগরণ মঞ্চের আন্দোলনের বিপরীত আন্দোলন। যাঁরা মনে করেছিলেন, নতুন প্রজন্ম সবাই গণজাগরণের সঙ্গে সম্পৃক্ত, তাঁরা হিসাবে ভুল করেছেন। বাংলাদেশের নতুন প্রজন্মের সিংহভাগ গ্রামভিত্তিক এবং তাদের সিংহভাগের বিদ্যাপীঠ মাদ্রাসা, যার হিসাব আমাদের দেশের শহরের নব্য নাগরিকেরা রাখেন না। এরা সেই প্রজন্ম, যারা জামায়াত-শিবির থেকে শুরু করে আজকের হেফাজতে ইসলামের প্রাণশক্তি। তাদের সংখ্যা শহুরে মধ্যবিত্ত তরুণদের চেয়েও বেশি।আমি আমার বক্তব্য শেষ করব কয়েকটি কথার প্রসঙ্গ টেনে। প্রথমত, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার মোতাবেক যুদ্ধাপরাধীদের বিচার করার কথা ছিল। ওই পর্যন্ত সিংহভাগ দেশবাসী সমর্থন করেছে। এ অধ্যায়ের শেষ হওয়া বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো ছিল। কিন্তু প্রতিনিয়ত বিষয়টিকে নিয়ে যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে, তার আদৌ প্রয়োজন ছিল কি? কাদের মোল্লার রায়ের পর গণজাগরণ মঞ্চের সঙ্গে সরকারের একাত্মতা ঘোষণায় সরকার কতখানি লাভবান হয়েছে, তা ভেবে দেখলে এর বিপরীত ফলাফল পাওয়া যাবে। সরকার কাদের দ্বারা প্রভাবিত হচ্ছে, তা-ও দেখার বিষয়। দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। তখন থেকে পৃথিবী বদলে গেছে। ৪২ বছর আগে যা আমরা তখন করতে পারতাম, তা এখন তেমনভাবে করা সম্ভব কি না, সেটিও ভেবে দেখার বিষয়।এ দেশে ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি কল্পনাতীত। ইউরোপের যে কয়েকটি দেশে এ ধরনের ঘটনা ঘটেছে, তা বাংলাদেশের ব্লগের ধারেকাছেও নেই। এ পরিস্থিতি সরকারকে প্রথম থেকেই সামলানো উচিত ছিল। এখনো সময় আছে। যে ধরনের পরিস্থিতির উদ্ভব হওয়ার আশঙ্কা করা হচ্ছে, তা আশঙ্কা নয়, বাস্তবে রূপ নিতে পারে। তা হবে অত্যন্ত ভয়াবহ। এ অবস্থা সামলানো শুধু সরকারের পক্ষে সম্ভব নয়। সরকারের উচিত, কালক্ষেপণ না করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত করা। অন্যথায়, সে সময়টুকুও পাওয়া যাবে কি না, সন্দেহ থেকে যাচ্ছে।এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক। [email protected]