এক তরুণীর সাহসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়ের মানসিকতাই ভয় বাড়িয়ে দেয়। ভয় না পেলে কী হয় তা দেখিয়ে দিলেন রাজধানীর শেখেরটেকের এক তরুণী। হাতে চাপাতির কোপ নিয়েও ছিনতাইকারীদের একজনকে জাপটে ধরে চিৎকার করলে লোকজন এগিয়ে আসে এবং চাপাতিধারী আটক হয়। জনজীবনে যে সার্বিক নিরাপত্তাহীনতা বিরাজ করছে, সেখানে দুঃসাহস আর ভীরুতার মধ্যে বুদ্ধি আর সাহসের ভারসাম্য থাকার দরকার আছে। ছিনতাইকারীকে পাকড়াও করা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটি তারই দৃষ্টান্ত রাখলেন।
ঘটনাটি গত রোববারের, ঘটনাস্থল মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা। মেয়েটি সেখানকার একটি বাসায় প্রাইভেট পড়িয়ে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। অস্ত্রের মুখে তারা তাঁর হাতব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। যুবকদের একজন তখন তাঁকে চাপাতির কোপ দেয়। কোপ তাঁর হাতে লাগে। কিন্তু সে অবস্থাতেও তিনি এক যুবককে জাপটে ধরে মানুষজন ডাকেন। আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে এবং ছিনতাইকারীদের একজনকে আটক করে। চাপাতি হাতে ধরা পড়া যুবক মামুনকে পুলিশে সোপর্দ করা হয়।
ছিনতাইকারীকে ধরিয়ে দিলেন আহত তরুণীবীরত্ব ও সাহসিকতার পাশাপাশি ছাত্রীটি যা করেছে তা ঝুঁকিপূর্ণ। যদি তাঁর চিৎকারে লোকজন ছুটে না আসত, তাহলে চিত্রটা ভিন্ন রকম হতে পারত। আবার বাধা না দিয়ে চুপচাপ ছিনতাই হতে দিলেও রেহাই মিলত কি না সন্দেহ। এ ব্যাপারে এককভাবে সাহসিকতাকে উৎসাহ দেওয়া সম্ভব নয়। তবে সাধারণ মানুষ যদি পথেঘাটে সচেতন থাকে, কোথাও কারও বিপদ চোখে পড়ামাত্র যদি দল বেঁধে এগিয়ে আসে, তাহলে দুষ্কৃতকারীরা ভয় পেয়ে যাবে। জননিরাপত্তার জন্য কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভরসায় থেকে লাভ নেই। তাদের যেমন গাফিলতি রয়েছে, তেমনি সর্বক্ষেত্রে তৎক্ষণাৎ হাজির হওয়াও তাদের পক্ষে সম্ভব নয়।
ঢাকার ওই সাহসী তরুণী আক্রান্ত হয়ে বাধা দিয়েছে চারপাশের মানুষের সহযোগিতা পাওয়ার ভরসায়। এই হতাশার ও অনিরাপদ সময়ে মানুষ মানুষের সহায় হোক, পুলিশ তার দায়িত্বে আরও নিষ্ঠাবান হোক।