এক দিনে দুই ট্রেন দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার সকালে ও রাতে, একই দিনে দুই ট্রেন দুর্ঘটনা শুধু উদ্বেগজনকই নয়, বিস্ময়করও। সীতাকুণ্ডের বাড়বকুণ্ড রেলক্রসিংয়ে রেললাইনের ওপর একটি মালবাহী ট্রেইলর আটকা পড়লে খুব ভোরে চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় যে হতাহতের ঘটনা ঘটল, তার দায় কে নেবে? কর্তৃপক্ষ বলছে, ওই রেলগেটে দুজন দুই পালায় দায়িত্ব পালন করেন এবং ঘটনার সময়েও তাঁদের একজন ছিলেন। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, রাতের পালায় নাকি কেউ থাকেন না। অবশ্য রেললাইনের ওপর মালবাহী ট্রেইলর আটকে পড়ায় দুর্ঘটনা ছিল প্রায় অবশ্যম্ভাবী। গেটম্যান ছিলেন কি না এবং সময়মতো গেট বন্ধ করলে দুর্ঘটনা এড়ানো যেত কি না, এসব এখন তদন্ত কমিটি বিচার করবে।
সকালের পর আবার রাতে কুমিল্লার কাছে অপর এক ট্রেন লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে দুই রকম তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন রেললাইনের একটি সংযোগস্থলের সমস্যার কারণে, অপর এক তথ্যে জানা গেছে, সিগন্যাল অমান্য করায় ওই দুর্ঘটনা ঘটে। তদন্ত কমিটিকে খুঁজে বের করতে হবে, আসল কারণ কী ছিল এবং দায় কার।
রেললাইনের ওপর বিকল ট্রেইলরকে ট্রেনের ধাক্কাএ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। যাত্রীসাধারণ আরাম ও তুলনামূলক স্বস্তিদায়ক গণপরিবহন হিসেবে ট্রেনে যাতায়াত করতে পছন্দ করে। একে নিরাপদ করার জন্য যা কিছু দরকার, তা করতে হবে। কারণ, আমাদের মতো জনবহুল দেশে যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেন অতুলনীয়। পাশের দেশ ভারতে ট্রেন যদি ঘড়ি ধরে চলে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারে, বাংলাদেশ পারবে না কেন? কেন এমন ঘন ঘন ট্রেন দুর্ঘটনায় যাত্রীদের প্রাণ দিতে হবে?
তদন্ত কমিটি গঠন যেন একটি দায়সারা ব্যাপার হয়ে উঠেছে। ফলাফল অনেক সময় জানা যায় না। দুর্ঘটনা থেকে কী শিক্ষা কর্মকর্তারা গ্রহণ করলেন, সেটাও অজ্ঞাত থেকে যায়। রেল কর্তৃপক্ষ আরও দায়িত্বশীল না হলে দুর্ঘটনা রোধ করা কঠিন। এদিকে নজর দিতে হবে।