গত ২৪ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘বন্ধ হোক ধরিত্রীর বুকে এই জেনোসাইড’ শিরোনামের নিবন্ধের জন্য লেখক মহিউদ্দিন আহমদকে ধন্যবাদ। মনে পড়ে, প্রায় তিন দশক আগে মস্কোয় বসবাসের সময় সেখানকার সোভিয়েত ইউনিয়ন পত্রিকায় এ বিষয়ের একাধিক প্রবন্ধ পড়েছিলাম। সেই লেখাগুলোতেও ছিল ভূগর্ভস্থ জল সংরক্ষণের কথা। মানুষের অপচয়ী স্বভাব ও ভোগবাদী অর্থনীতির প্ররোচনায় প্রকৃতি ও পরিবেশ আজ বিপর্যস্ত। এর পরিণতি আমরা জানি না, জানার আন্তরিক আগ্রহও আমাদের নেই। বিদ্যমান উন্নয়ন আশু-লাভনির্ভর, চরম প্রতিযোগিতাদুষ্ট ও প্রকৃতিনাশী। সাসটেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই, পরিপোষক উন্নয়ন বস্তুত ধোঁকাবাজির নামান্তর। তাই সমস্যা কেবল ভূগর্ভস্থ জলের ক্ষেত্রেই নয়, আছে সর্বত্র। মহিউদ্দিনের উদ্বেগ কি দেশের নেতা-নেত্রীদের স্পর্শ করবে? নিশ্চিত হওয়া কঠিন, কেননা অনেক ক্ষেত্রে আন্তরিকতা সত্ত্বেও এসব সমস্যা মোকাবিলা তাঁদের সাধ্যাতীত। অত্যধিক জনঘনত্ব ও প্রাথমিক পুঁজি সঞ্চয়ের আগ্রাসী প্রবণতার পরিবেশে অতঃপর যেকোনো সরকারের অসহায়ত্ব সহজবোধ্য।এক লিটার ভূগর্ভ-জলের সর্বনিম্ন বাজারমূল্য আট হাজার টাকার হিসাবটি বড়ই চমকপ্রদ। জলের দাম এত চড়া! অবিশ্বাস্য! পানীয়জলের সম্ভাব্য অনটনের পরিপ্রেক্ষিতে অচিরেই সুপেয় সমুদ্রজলের বাণিজ্য শুরু হতে চলেছে। তিন দশক আগেও কি আমরা বোতলের পানি কেনার কথা ভাবতাম? ইউরোপে আজও ট্যাপের পানি খাওয়া যায়। লন্ডনের পানীয়জল জোগায় টেমস, যদিও নদীটি মোটেও টলটলে নয়। ইংল্যান্ডে শিল্পবিপ্লবের পর চার শতক অতিক্রান্ত, নদী ও হ্রদের জল এখনো পানীয় হিসেবে শোধনযোগ্য। আমাদের শিল্পায়নের ৩০ বছরেই বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু, বংশী নদীর পানি শোধনযোগ্যতা হারিয়েছে। দানিয়ুব নদীকে ইউরোপের নর্দমা বলা হলেও তার দূষণ আমাদের ওই নদীগুলোর সঙ্গে তুলনীয় নয়। শুনে বিস্ময় লাগে, ইংল্যান্ডের পানীয়জল নাকি ইউরোপের তুলনায় নিম্নমানের।ভূগর্ভস্থ জলের কি কোনো সার্বিক প্রতিবেশগত মূল্য বা ইকো-মূল্য আছে? আপাতত বলা কঠিন। ইকোলজি সম্পর্কে আমাদের জ্ঞানগম্যি সীমিত, আর যেটুকু জানা গেছে তা-ও আমলে নিতে আমরা অনাগ্রহী। একটি বড় গাছের ইকো-মূল্য কত? অক্সিজেন অবমোচন, কার্বন ডাই-অক্সাইড শোষণ, বাতাস শীতলীকরণ, আশ্রিত জীবজন্তুর পরিবেশ-অনুকূল ভূমিকা, সৌন্দর্য, তৃপ্তি প্রদানসহ সর্বসাকুল্যে কয়েক লাখ টাকা, অথচ চলতি বাজারমূল্য সে তুলনায় কত নগণ্য। হিসাবটি বিব্রতকর। বিদ্যমান অর্থনীতিতে ইকো-মূল্য যুক্ত হলে গোটা দুনিয়া অচল হয়ে পড়বে।পরিবেশ বিপর্যয়ের আলামত আমরা টের পেতে শুরু করি আশির দশকে, আর তখনই শুরু গাছ লাগানোর প্রচার। লোকজন বাড়ির আশপাশ ও পোড়ো জমিতে লাগাল এমন সব গাছ, যেগুলো থেকে মূলত কাঠ পাওয়া যায়। গাছগুলোর অধিকাংশই বিদেশি। প্রত্যক্ষ প্রণোদনা হলো অর্থ, তাতে চাপা পড়ল পরিবেশ-ভাবনা। গাছের মনোকালচার বা প্রায় একই ধরনের গাছে ভরে উঠল গ্রামগঞ্জ, সেই সঙ্গে উজাড় হলো বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক বন। এভাবে কি বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কমানো যায়? উচিত ছিল লোকদের ইকোসিস্টেম বোঝানো, তাহলে তারা প্রাকৃতিক বন ও কৃত্রিম বনায়নের পার্থক্য বুঝত, গোটা সংকটের স্বরূপটি অন্তত কিছুটা আঁচ করতে পারত। আসলে আমরা, শিক্ষিত মানুষেরাও ইকোসিস্টেম, প্রকৃতির সর্বস্পর্শী সামঞ্জস্যের জটিলতা ততটা বুঝি না।পরিবেশ নিয়ে লেখালেখি দিন দিন বাড়ছে, সংবাদমাধ্যমগুলো ক্রমে অধিকতর সোচ্চার হচ্ছে। দূরদূরান্তরের পরিবেশ বিনাশের খবরও আমরা পাই; কিন্তু ‘ধরিত্রীর বুকে জেনোসাইডে’র মতো লেখা বেরোয় খুবই কম। অনেকগুলো এনজিও পরিবেশ নিয়ে কাজ করে, তাদের সমীক্ষাগুলো কাগজে বেরোলে আমরা আরও উপকৃত হতাম।যা হোক, অনস্বীকার্য যে পরিবেশ-চেতনা ক্রমবর্ধমান এবং এমনটিও প্রত্যাশা নয় যে আগামী এক দশকের মধ্যে পরিবেশ-সমস্যা দেশের গণমাধ্যমের প্রধান আলোচ্য হয়ে উঠবে। কিন্তু এ বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর ভূমিকা বড়ই হতাশাজনক। অপরিকল্পিত শিল্প ও কৃষি উন্নয়ন এবং যদৃচ্ছা আবাসন বিস্তারে আগামী কয়েক দশকে দেশের প্রকৃতি ও পরিবেশের যে ‘জেনোসাইড’ ঘটবে, তার পরিণতি সম্পর্কে রাজনৈতিক দলগুলো তেমন উদ্বিগ্ন নয়।নৃকেন্দ্রিকতাই তাদের দর্শন—আগে মানুষ, তার পরে প্রকৃতি ও অন্য সবকিছু। এটা নতুন কিছু নয়, গোটা মানবজাতিই নৃকেন্দ্রিক এবং আমাদের সভ্যতা তারই ফসল। কিন্তু প্রকৃতির প্রত্যাঘাতে এ বিশ্বাসে এখন চিড় ধরেছে, মানুষের শ্রেষ্ঠত্বের ধারণা বাতিল হতে চলেছে, উন্নত বিশ্ব প্রকৃতির সঙ্গে আপসরফার পথ খুঁজছে।বাংলাদেশের অত্যধিক জনঘনত্ব ও নাজুক প্রাকৃতিক পরিবেশ সাবেকি উন্নয়ন মডেলের জন্য একটি বড় বাধা। প্রয়োজন ছিল অন্যতর উন্নয়ন ভাবনার, কিন্তু তেমন কিছুই দেখি না। আমাদের প্রধান রাজনৈতিক দল দুটি তাদের শাসনকালের পাঁচ বছরে উন্নয়নেই আটকে আছে। আমরা আর কতকাল উটপাখির মতো বালুতে মাথা গুঁজে মরুঝড় মোকাবিলা করব, কেবল তারাই জানেন।দ্বিজেন শর্মা: লেখক, নিসর্গবিদ।