২৯ অক্টোবর—ধ্বংসযজ্ঞ চালানোর ঠিক এক মাসের মাথায় আমরা কয়েকজন পৌঁছাই রামু। এদিন প্রবারণা পূর্ণিমা—তিন মাসের বর্ষাবাস শেষে ভিক্ষুরা এবার প্রব্রজ্যায় বেরোবেন। তাই বৌদ্ধ জনগণ মন্দিরে প্রার্থনা করবেন, দেশনা শুনবেন এবং শেষে ফানুস উড়িয়ে আনন্দ করবেন। এরপর এক মাস ধরে চলবে শ্রমণদের পোশাক বা কঠিন চীবর দানের আনুষ্ঠানিকতা। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত তাদের ঐতিহ্যবাহী কয়েকটি মন্দির পোড়ানো, ভাঙচুর ও লুণ্ঠিত হলে সমগ্র বৌদ্ধসমাজ প্রথমে ঘটনার আকস্মিকতায় হকচকিত হয়েছে। কিন্তু সাদা চোখেই যখন তারা দেখতে পায়, এতে পূর্বপ্রস্তুতির ব্যাপার ছিল এবং স্থানীয় পুলিশকর্তা ও সামগ্রিকভাবে জেলা প্রশাসনের ঔদাসীন্য/শৈথিল্য/প্রশ্রয় ছিল, তখন তো তাদের পক্ষে একে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়া সম্ভব হয় না। ফলে বৌদ্ধ সম্প্রদায়ের মনে একদিকে ভয়, শঙ্কা ও ক্ষোভ কাজ করেছে, আর অন্যদিকে তাদের ভবিষ্যৎ, বৃহত্তর জনগোষ্ঠীর ভূমিকা এবং প্রশাসন সম্পর্কে আস্থাহীনতা তৈরি হয়েছে। এর মধ্যে দেশের নাগরিক সমাজের নানা পর্যায়ের মাথা মাথা ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে গেছেন, দেখে গেছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন, ঘটনার জন্য ক্ষোভ-দুঃখ প্রকাশ করেছেন। তবে বড় দুই দলের নেতৃত্ব নিজেদের দুর্বলতা-দোষ ঢাকার চেষ্টা ও অন্যের গায়ে দোষ চাপানোর কৌশল চালিয়ে দুর্দশাগ্রস্ত মানুষকে যুগপৎ হতাশ করেছেন এবং তাদের ক্ষোভ, আস্থাহীনতা ও দুর্ভাবনা বাড়িয়েছেন। দুই দলের মধ্যে ঐতিহ্যগতভাবে বিএনপির ধর্মভিত্তিক জাতীয়তার রাজনীতি এবং বর্তমানে জামায়াতের সঙ্গে গাঁটছড়া থাকার কারণে দেশের অমুসলিম সম্প্রদায়ের মনে এ দল সম্পর্কে সংশয় থাকাটা অস্বাভাবিক নয়। বিপরীতে আওয়ামী লীগ সহজাতভাবেই সুবিধাজনক অবস্থানে থাকলেও ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার ব্যাপ্তি, গভীরতা ও সুদূরপ্রসারী প্রভাব বিবেচনায় নিয়ে যে ধরনের ভূমিকা নেওয়া উচিত ছিল, তা তারা নিতে পারেনি। গোড়া থেকেই দোষ ঢাকা ও দোষ দেওয়ার বাজে কৌশলের খেলায় মেতে অপেক্ষাকৃত সহজ কাজকে কঠিন করে ফেলা হয়েছে। সরকার সবটা জোর দিচ্ছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে তোলার দিকে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, দলীয় নেতারা এলাকা ঘুরেছেন, নিরাপত্তা বাড়িয়েছেন এবং বৌদ্ধ নেতাদের সঙ্গে শীর্ষ পর্যায়ে বৈঠক করে ধ্বংসপ্রাপ্ত মন্দিরের পুনর্নির্মাণ ও প্রবারণাসহ সব উৎসব-অনুষ্ঠান যেন চিরাচরিত নিয়মেই হয়, সেটা নিশ্চিত করতে চেয়েছেন। তবু সব রকম প্রতিকারে বা নিরাময়ে কিছু সময় লাগেই, চাপাচাপি চালিয়ে বা তাড়াহুড়া করে এসব ক্ষেত্রে সুফল পাওয়া কঠিন। আমরা গিয়ে দেখলাম রামুর পরিবেশ থমথমে, এক মাস পরেও। পুড়ে যাওয়া, ধ্বংসপ্রাপ্ত, লুণ্ঠিত মন্দিরের যেটুকু আছে, তাতেই পুণ্যার্থী বৌদ্ধ নারী-পুরুষ-শিশুর ভিড় বাড়ছে, পূজা চলছে, দেশনা শুরু হচ্ছে। এর আগে বিকেলে বৌদ্ধরা সমবেত হয়ে এলাকায় স্মরণকালের বৃহত্তম মৌন মিছিল করেছেন। সংশ্লিষ্টদের অভিমত, নিকটবর্তী প্রায় ১৫টি গ্রাম থেকে ছয়-সাত হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে এতে যোগ দিয়েছেন। উৎসবের দিনে কালো ব্যাজ পরে মৌন মিছিল করার অর্থই হলো, তাঁরা আনন্দ বাদ দিয়ে বেদনা ও ক্ষোভের প্রকাশ ঘটাতে চেয়েছেন। খোঁজখবর নিয়ে এর তাৎক্ষণিক কয়েকটি কারণ বুঝতে অসুবিধা হয় না— এক. নিজেদের ও মানুষের মনের অবস্থা জেনে স্থানীয় ভান্তে ও বৌদ্ধ নেতারা বুঝেছিলেন, এবারে অন্তত রামুতে প্রবারণায় ঐতিহ্যগতভাবে আনন্দ-উৎসব করা যাবে না। কিন্তু স্থানীয় প্রশাসন—বুঝতে অসুবিধা হয় না, সরকারি নির্দেশে বারবার তাঁদের চাপ দিচ্ছিল ফানুস ওড়ানোসহ প্রবারণার সব আনুষ্ঠানিকতা পালনের জন্য। ভুক্তভোগী মানুষের মনের অবস্থা বোঝার এবং তা বিবেচনায় নেওয়ার গুরুত্ব সম্পর্কে উদাসীন থেকে যান্ত্রিকভাবে স্বাভাবিকতা ফেরানোর এই জবরদস্তি স্বভাবতই মানুষের মনের গভীরে সৃষ্ট ক্ষত, শঙ্কা ও হতাশার কোনো উপশম করতে পারে না। দুই. জেলার পুলিশকর্তা মহোদয় দুর্ঘটনার রাতের নিশ্চেষ্টতা ও ব্যর্থতা ঢাকার জন্য ঈদুল আজহার শুভেচ্ছাস্বরূপ মন্দিরের ভান্তেদের জন্য মাংস-পরোটাসহ যে আহার্য পাঠিয়েছেন, তাতে প্রশাসনের উচ্চপর্যায়ের মানুষের অন্য ধর্মাবলম্বী প্রতিবেশীর সম্পর্কে অজ্ঞতা, সংবেদনশীলতার অভাব এবং যেনতেনভাবে ক্ষমতার দায় মেটানোর চেষ্টারই প্রকাশ ঘটে। সরকারি নির্দেশে, না নিজ বুদ্ধিতে তিনি এ কাজ করেছেন, তা বোঝা মুশকিল। তিন. অগ্নিকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালানোর ফলে দেশের যে মূল্যবান প্রত্নসম্পদের ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও কর্তৃপক্ষীয় মহলে যথাযথ সচেতনতার ও সংবেদনার অভাব বোঝা যায়, যখন দেখি এসব বিষয় নিয়ে বৌদ্ধ নেতা ও দেশের বিশেষজ্ঞদের সঙ্গে অনুপুঙ্খ আলোচনার আগেই সামরিক বাহিনীর ব্যবস্থাপনায় দ্রুততার সঙ্গে স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হচ্ছে।কিন্তু কথা হলো, ফাটলটা কে ভরাবে? কীভাবে ভরাবে? ফাটল যে গভীর হয়েছে তা বোঝা যায় নানাভাবে। এক. বৌদ্ধরা প্রবারণার দিনে প্রথার বাইরে গিয়ে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করেছেন, তাতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করেছেন এবং তাকে একান্তভাবে সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছেন। এমনকি অন্য ধর্মাবলম্বী পরীক্ষিত বন্ধুদেরও অনুরোধ করেছেন এটিতে যোগ না দিয়ে একে তাঁদেরই বেদনা ও ক্ষোভ প্রকাশে সীমাবদ্ধ রাখায় সহযোগিতা দিতে। দুই. চৌমুহনীর মোড়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে যে সম্প্রীতি সমাবেশ আয়োজন করা হয়েছে, তাকে মনে হচ্ছিল একটি বিচ্ছিন্ন আনুষ্ঠানিকতা মাত্র। রামুতে সামনের কদিনে আরও কয়েকটি সম্প্রীতি সমাবেশ যে হবে, তা জানতে পারি দোকানে নতুন নতুন ব্যানারের অসমাপ্ত লেখা পড়ে। কিন্তু সেসব আনুষ্ঠানিকতা স্বেচ্ছাসেবক লীগের চেয়ে ভিন্ন কিছু হবে কি না, সে বিষয়ে সংশয় আছে। তিন. বৌদ্ধ সম্প্রদায় সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে যে গণমোমবাতি প্রজ্বালনের অনুষ্ঠান ঘোষণা করেছিল, তা স্থানীয় প্রশাসনের অনুরোধে শেষ পর্যন্ত বাতিল করা হয়। তারা নিশ্চয় নিরাপত্তা নিয়ে ভাবিত ছিল। চার. জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি উদ্যোগ যে নাগরিক সমাবেশ, ঘোষণা পাঠ ও মোমবাতি প্রজ্বালনের কর্মসূচি নিয়েছিল, যাতে অংশ নিতে আমি গিয়েছিলাম, তা উন্মুক্ত স্থানের পরিবর্তে প্রাচীর ঘেরা স্কুল প্রাঙ্গণে অপেক্ষাকৃত নিরাপদ ও ক্ষুদ্র পরিসরে সারতে হয়েছে। বৌদ্ধসহ সব ধর্মের মানুষ এতে যোগ দিলেও বৌদ্ধদের অনুরোধে রামুতে আমরা গান বাদ দিয়েছিলাম। মানুষের মনে যখন আঘাত লাগে, সে মনে নানান মিশ্র প্রতিক্রিয়া হয়। তাতে ভয়, শঙ্কা, ক্ষোভ, ক্রোধ, হতাশার মতো অনেক নেতিবাচক ভাব সক্রিয় হয় এবং বৃহত্তর সমাজ ও সরকারের কাছ থেকে সঠিক আচরণ ও প্রতিকার না পেলে তা বাড়ে, পুঞ্জীভূত হয়। এ দেশে সেই ১৯৪৬, ১৯৫০ ও ১৯৬৪-এর পরে ঠিক সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। তবে ১৯৪৭ থেকে ১৯৭১ এবং ১৯৭৫ থেকে ১৯৯৫ পর্যন্ত রাষ্ট্র চলেছে সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে। এর দ্বারা প্রধানত ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুসমাজ, তবে তুলনায় ক্ষুদ্র জনগোষ্ঠীর বৌদ্ধ ও খ্রিষ্ট সম্প্রদায়ও সংখ্যাগুরু মুসলমানের সমান আচরণ রাষ্ট্রের কাছে পায়নি। দীর্ঘকাল ধরে এটা চললেও এবং এর ফলে সংখ্যালঘুর সম্পত্তিহানি ও দেশত্যাগের ঘটনা ঘটলেও মুসলিম সমাজ—রাজনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বাইরে—সামাজিক পর্যায়ে এ নিয়ে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ায়নি, তাদের সমব্যথী হয়নি, প্রতিকারের কোনো চেষ্টা করেনি। ফলে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জন্ম হয়েছে, সংখ্যালঘুদের মধ্যে ধর্মীয়-সাম্প্রদায়িক আচার-অনুষ্ঠান বেড়েছে, ভেতরে ভেতরে মুসলমানদের সঙ্গে দূরত্ব বেড়েছে। আমাদের রাজনীতি এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, সংস্কৃতির সার্থকতা অতি সীমিত এবং সংখ্যাগুরুর সঙ্গে অন্যান্য ধর্ম-সম্প্রদায়ের মানুষের দূরত্ব কেবল বাড়ছে।সরকারি কাজের কিছু সমালোচনা করছি বটে, কিন্তু এ কাজ শুরু করতে ও চালাতে হবে সমাজকেই। ধর্মীয় সংখ্যাগুরুর সমাজ বিশেষভাবে সচেষ্ট হলে সর্বধর্মের মানুষের সমন্বয়ে সমাজ পরস্পরকে জানা-বোঝার, পরস্পরের কাছে আসার কাজ করতে পারে। নাগরিক সমাজ থেকে উদ্যোগ শুরু হলে তার প্রভাব পড়বে রাজনৈতিক দলের ওপর, চাপ তৈরি হবে সরকারের ওপর। তখনই শুভ শক্তির জাগরণ হবে আর অশুভ বাতাসের বিকার ক্রমে বন্ধ হতে থাকবে।আমি শেষ করব নাগরিক সমাজের কাছে চারটি প্রস্তাব রেখে—১. একটি জাতীয় সম্প্রীতি দিবস ঘোষণা করে সারা দেশে সব ধর্মের সম্প্রদায়ের মানুষ মিলে দিনটি উদ্যাপনের ব্যবস্থা গ্রহণ।২. প্রত্নবিদ, ইতিহাসবিদ, বৌদ্ধ পণ্ডিত, স্থপতি, পুরকৌশলী, মানবাধিকারকর্মী, সংস্কৃতিকর্মীসহ একটি বিশেষ দল গঠন করে তাদের রামুতে কিছুদিন (অন্তত ১৫ দিন) অবস্থান এবং ঐতিহ্য সংরক্ষণ, পুনরুদ্ধার ও মানবিক সম্পর্ক প্রতিষ্ঠার কাজে স্থানীয় মানুষের সঙ্গে মিলে দায়িত্ব পালন। সরকারের সঙ্গে এ কাজ নিয়ে যোগাযোগ থাকবে। ৩. সরকারের উচিত হবে উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ তদন্ত কমিশন গঠন। এর মূল উদ্দেশ্য হবে মূল অপরাধী, যারা এ কাজ পরিকল্পনা করেছে, এতে ইন্ধন ও সহযোগিতা দিয়েছে এবং ধ্বংসাত্মক কাজে অংশ নিয়েছে, তাদের শনাক্ত করা। পাশাপাশি এদের বাইরে যারা ঘটনার স্রোতে ভেসে তাৎক্ষণিক উত্তেজনায় এবং পুলিশ প্রশাসনের নিশ্চেষ্টতার সুযোগ নিয়ে এতে অংশ নিয়েছে, তাদের আলাদা করা। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রত্নসম্পদ সম্পর্কে একটা অনুসন্ধান চালিয়ে ক্ষতিপূরণের নির্দেশনাও এ কমিশন দেবে। ৪. মিয়ানমারে চলমান এবং নতুনভাবে ঘটমান রোহিঙ্গাদের ওপর জাতিগত নৃশংস নিপীড়নের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে। পাশাপাশি এ দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের পাশে মানবিক ত্রাণ নিয়ে দাঁড়াতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে যাতে তাদের যথাযথ কূটনৈতিক তৎপরতার ফলে মিয়ানমার সরকার এ সমস্যার স্থায়ী মানবিক সমাধানে বাধ্য হয়। আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।