একচেটিয়ার অবসান ঘটুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব সড়কপথে মাত্র ২৭ কিলোমিটার। অথচ মুন্সিগঞ্জের জনসাধারণের ঢাকা আসা-যাওয়ায় ভোগান্তির শেষ নেই। কারণ, ঢাকা ও মুন্সিগঞ্জের মধ্যে চলাচল করে মাত্র একটা কোম্পানির বাস। কারণ কী? দেশে কি আর কোনো সড়ক পরিবহন কোম্পানি নেই? নাকি তারা এই রুটে বাস চালাতে চায় না? এমনকি সরকারি মালিকানাধীন সড়ক পরিবহন সংস্থা বিআরটিসিও?
না, ব্যাপারটা মোটেও সে রকম নয়। আসল ব্যাপার হলো, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কপথে যে একমাত্র কোম্পানিটির বাস চলাচল করে, সেটার মালিক মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই সঙ্গে তিনি জেলা সড়ক পরিবহন সমিতিরও সভাপতি। ক্ষমতাসীন দলের এই নেতার ক্ষমতা ও প্রভাব এতই প্রবল যে তাঁর কোম্পানির বাস ছাড়া ওই সড়কপথে আর কেউ যাত্রী পরিবহনের ব্যবসায় নামতে পারে না। সরকারি সংস্থা বিআরটিসি সাহস করে নেমেছিল বটে, কিন্তু দুই দিনও চলতে পারেনি।

এর ফলে যা হচ্ছে, তা হলো যাত্রীসাধারণের বঞ্চনা ও দুর্ভোগ। একাধিক কোম্পানির বাস চলাচল করলে যাত্রীসেবার ক্ষেত্রে যে প্রতিযোগিতা চলত, তা এখন স্বভাবতই নেই। ফলে ভাড়া নিয়ে যাত্রীদের দর-কষাকষির কোনো সুযোগ নেই, ইচ্ছামতো ভাড়া বাড়ালে, সড়কের যেখানে-সেখানে বাস থামিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তুললে তার প্রতিবাদ করারও সুযোগ নেই। মাত্র ২৭ কিলোমিটার পথ পাড়ি দিতে তাদের ভাড়া গুনতে হয় ৬০ টাকা, সময় লাগে গড়ে প্রায় আড়াই ঘণ্টা; আর যানজট থাকলে তো কথাই নেই! অর্থাৎ সংক্ষেপে বলা চলে, মুন্সিগঞ্জের যাত্রীরা একটা মাত্র পরিবহন কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছেন।
অথচ দেশটা নাকি গণতান্ত্রিক, অর্থনীতি নাকি মুক্তবাজারভিত্তিক!
ক্ষমতাসীন দলের নেতার কোম্পানির এই একচেটিয়া আধিপত্য অন্যায়, জবরদস্তিমূলক ও ক্ষতিকর। অবিলম্বে এর অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হোক। প্রথমত, চালু করা হোক বিআরটিসির বাস। আর অন্যান্য পরিবহন কোম্পানি বাস নামাতে এলে তারা যেন কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয়, তা নিশ্চিত করা হোক।