১৮ জুলাই নেলসন ম্যান্ডেলার ৯৪তম জন্মদিবস।তিন বছর আগে, ২০০৯ সালে, জাতিসংঘ সাধারণ পরিষদ এক প্রস্তাবে ১৮ জুলাইকে ‘আন্তর্জাতিক ম্যান্ডেলা দিবস’ ঘোষণা করে। ম্যান্ডেলা তাঁর জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে, গণতন্ত্র ও সমানাধিকারের পক্ষে নিজের দেশের ও বিশ্বের মানুষকে সম্মিলিত করার কাজে। এর মধ্যে ২৭ বছর কাটিয়েছেন জেলে। মুক্ত হয়ে ফিরে আসবেন, এমন কোনো নিশ্চিত সম্ভাবনা ছিল না, কিন্তু তার পরও আপস করেননি। জীবনের শেষ প্রান্তে এসে যখন সে যুদ্ধে তিনি জয়ী হলেন, পরিবর্তিত দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে আজন্ম শত্রু বর্ণবাদী শ্বেতকায়দের প্রতি প্রতিশোধ গ্রহণের বদলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন। এমন একজন আশ্চর্য মানুষের প্রতি সম্মান দেখাতেই ম্যান্ডেলা দিবসের প্রতিষ্ঠা।শুধু একজন মানুষ যে কখনো কখনো পুরো পৃথিবী বদলে দিতে পারে, ম্যান্ডেলা তাঁর প্রমাণ। অন্য সেরা উদাহরণ গান্ধী, যাঁর কাছ থেকে অনুপ্রেরণার ঋণ ম্যান্ডেলা নিজে স্বীকার করেছেন। শুধু গান্ধী বা ম্যান্ডেলা নন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের আং সান সু চিও সে রকম একজন মানুষ। অথবা বাংলাদেশের জনক বঙ্গবন্ধু। অং সান সু চির সাহস ও আপসহীন সংগ্রামের ফলেই আজ মিয়ানমারে গুণগত পরিবর্তনের সূচনা হয়েছে। অন্যদিকে, স্বাধীন বাংলাদেশের সৃষ্টির পেছনে রয়েছে তার জনকের আজন্ম সংগ্রাম, তাঁর আপসহীন অবস্থান। সবাই যখন সুখী গৃহস্থের জীবনযাপনে ব্যস্ত, এঁরা কষ্টের পথ বেছে নেন। বছরের পর বছর বন্দিজীবন কাটিয়েছেন, মৃত্যুর হুমকিকে উপেক্ষা করেছেন। অবশেষে এসেছে বিজয়।কিন্তু, না, আমি স্বনামধন্য এসব রাজনীতিকের কথা বলতে চাই না। আমি বলতে চাই একজন রাশেদার কথা। বাংলাদেশের এক হতদরিদ্র গ্রামের একদম সাধারণ একটি মেয়ে। প্রথম আলো পত্রিকাতেই সপ্তাহ দুয়েক আগে তার সম্বন্ধে একটি প্রতিবেদন বেরিয়েছে।লক্ষ্মীপুরের এক গণ্ডগ্রাম কাদির পণ্ডিতের হাট চর, সেখানে এক মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী রাশেদা। কতই বা বয়স, বড়জোর পনেরো-ষোলো। মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি সে নাটকে অভিনয়ের মাধ্যমে সামাজিক অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে তার ছোট প্রতিবাদ প্রকাশ করত। মাদকাসক্তি, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা ইত্যাদি সামাজিক অনাচার তার বিদ্রূপের শিকার। আর তাতেই ক্ষিপ্ত হয়ে পড়ে মাদ্রাসা কর্তৃপক্ষ। গত মাসে গ্রীষ্মের ছুটি শেষে ক্লাসে ফিরে এলে তাকে বেত্রাঘাত করে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। সারা মাদ্রাসার সবাই হাঁ হয়ে সেই দৃশ্য দেখে, কেউ প্রতিবাদ করেনি। কিন্তু রাশেদা দমার পাত্র নয়। এ নিয়ে প্রতিবাদপত্র পাঠায় স্থানীয় প্রশাসনের কাছে, আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাঠায় স্থানীয় থানায়, যোগাযোগ করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। অল্পদিনেই তার সঙ্গে হাত মেলায় স্থানীয় সংস্কৃতিসেবী ও রাজনৈতিক কর্মীরা। স্থানীয় প্রশাসনের পক্ষেও চুপ করে বসে থাকা অসম্ভব হয়ে পড়ে। অব্যাহত প্রতিবাদ ও প্রশাসনিক অনুসন্ধানের পর মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত বদলায়। রাশেদাকে তারা ফিরিয়ে নিতে প্রস্তুত জানায়। শুধু তা-ই নয়, মাদ্রাসায় পড়তে তার আর কোনো অর্থ লাগবে না, সে কথাও জানায়। যে শিক্ষক তাকে বেত্রাঘাত করেছিলেন, তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে আইনানুগ তদন্ত ও বিচারের প্রতিশ্রুতিও দেয় তারা।খুব বড় কোনো ঘটনা নয়। পত্রিকায় ছাপা না হলে পণ্ডিতের হাট চরের বাইরে খুব বেশি মানুষ এ ঘটনার কথা জানত না। এর ফলে মাদ্রাসার বাইরে কোথাও কোনো নাটকীয় পরিবর্তনও হয়তো আসবে না। অথচ আমার চোখে এ ঘটনার গুরুত্ব কম নয়, তাকে খাটো করে দেখারও কোনো কারণ দেখি না। পৃথিবী বদলের আগে দরকার পৃথিবীর যে ক্ষুদ্র প্রান্তে আমরা বাস করি, তাকে বদলাতে সাহায্য করা। রাশেদা ঠিক সেই কাজটুকুই করেছে। এর ফলে শুধু যে তার একার জীবনে একটি গুণগত পরিবর্তন সূচিত হলো তা-ই নয়, তার মতো আরও অসংখ্য কিশোরীর জীবনে পরিবর্তনের সম্ভাবনা উন্মুক্ত হলো। সমাজের ক্ষমতাবানেরা যে নিয়ম বেঁধে দিয়েছেন, রাশেদা তা বিনা প্রতিবাদে রাজি হয়নি। তার প্রতিবাদের ওই সামান্য স্ফুলিঙ্গ থেকেই জন্ম নিয়েছে পরিবর্তন।এই এত্তটুকুন মেয়ে রাশেদা অথচ ম্যান্ডেলা বা আং সান সু চির নামের পাশে তার নাম উচ্চারণ করতে আমি বিন্দুমাত্র বিব্রত নই। প্রতিবাদী রাজনৈতিক সংস্কৃতির ভেতরে থেকে ম্যান্ডেলা ও অং সান সু চি তাঁদের আপসহীন সংগ্রাম করেছেন। তাঁরা একা আবার একা নন। বয়সে যেমন পরিণত, তেমনই অভিজ্ঞতাতেও তাঁরা ধনী। মৃত্যুর ভয় ছিল ঠিকই, কিন্তু জয়ী হলে তাঁদের জন্য খুলে যাবে অমিত সম্ভাবনাময় দুয়ার, এ কথা তাঁরা জানতেন। কিন্তু রাশেদার প্রতিবাদ, তার উঠে দাঁড়ানো ও যুদ্ধে জেতা, তা একদম একার একটা বিষয়। ক্ষমতার রাজনীতি তার লক্ষ্য নয়, যে শুধু চেয়েছিল নিজের লেখাপড়ার অধিকার। যে অচলায়তনের ভেতরে সে বড় হয়েছে, সেখানে প্রতিবাদ নয়, নিয়মের প্রতি শর্তহীন বশ্যতাই আইন। শ্রেণীবদ্ধ গ্রামীণ জীবনে আমরা আবাল্য শিখি বয়োজ্যেষ্ঠদের মান্য করতে, ক্ষমতাবানদের সমীহ করতে। নিকটাত্মীয় থেকে পাড়ার মাতব্বর, সবাই এই মান্যবরদের তালিকায়। এই নিয়ম মানা সমাজের একজন হয়েও রাশেদা প্রতিবাদ করেছে, সে কারণেই তার এই প্রতিবাদী সাফল্য এত উল্লেখযোগ্য। তার ওপর সে একটি মেয়ে, এ কথাটা মাথায় রাখলে বোঝা যায় আসলে কত বড় একটা বিজয় সে অর্জন করেছে। প্রতিবাদের জন্য চাই সাহস, মাথা না নোয়ানোর প্রত্যয়। কিন্তু এমন সাহসের উৎস কী? সে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরও তিনটি কিশোরীর কথা আমি বলতে চাই। টুকটুকি খাতুন, বিথিকা ও আদরী প্রধান, বয়সে তারা তিনজনই রাশেদার কাছাকাছি। পশ্চিম বাংলার বিভিন্ন গ্রামের মেয়ে, অতিদরিদ্রের সন্তান। আমাদের মতো দেশে গরিবের ঘরের মেয়ে মানেই বোঝা। ফলে, সে বোঝা ঝেড়ে ফেলতে অভিভাবকেরা অপ্রাপ্তবয়স্ক মেয়ে তিনটিকে তাদের অমতে বিয়ের ব্যবস্থা করেন। এখনো স্কুলের পাঠ শেষ হয়নি, মেয়ে তিনটি অভিভাবকদের কাছে সানুনয় অনুরোধ করে এখনই যেন তাদের বিয়েতে বাধ্য করা না হয়। কিন্তু কে শোনো তাদের কথা! অপারগ মেয়ে তিনটি—ভিন্ন ভিন্নভাবে তাদের স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে, তাদের মাধ্যমে যোগাযোগ হয় স্থানীয় মানবাধিকার সংগঠনের সঙ্গে। এই নিয়ে ছাত্রছাত্রীদের মিটিং-মিছিলও হয়। একসময় মেয়ে তিনটি একা ছিল, কিন্তু প্রতিবাদের মাধ্যমে এভাবে যখন সংহতির এক আশ্চর্য বর্ম তৈরি হলো, তখন তারা আর একা রইল না। তাদের সম্মিলিত প্রতিবাদের মুখে, বিশেষত অপ্রাপ্তবয়স্কদের বিবাহ বেআইনি, এ কথা প্রতিবাদ করে জানানোর পর, অভিভাবকদের পক্ষে বিয়ে নিয়ে একগুঁয়েমি করা আর সম্ভব হলো না। তিনটি মেয়েই এক ভয়াবহ বন্দিত্ব থেকে এখন মুক্তি পেয়ে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, এই বছরের শুরুতে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল নিজে ডেকে মেয়ে তিনটিকে সম্মানিত করেছেন, আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকার।রাশেদার মতো এই তিনটি মেয়েও একদম পাড়াগাঁয়ের মেয়ে, হাজার বছর ধরেও যেখানে সামাজিক আচার-আচরণের কোনো পরিবর্তন হয় না। তাহলে প্রতিবাদ করার সাহস কোত্থেকে পায় এই মেয়েগুলো?সব প্রতিবাদের ও প্রতিরোধের উৎস মানুষের মনে মুক্তির স্বপ্ন। স্পার্টাকাস থেকে ম্যান্ডেলা—সবাই তাদের সে স্বপ্নকে অনুসরণ করেছেন আপসহীনভাবে। তাদের কাছ থেকেই আমরা শিখেছি মানুষ যখন জেগে ওঠে, তাদের ঠেলে ঘুম পাড়ানো অসম্ভব। আমার মনে হয়, পৃথিবীর সর্বত্রই এখন পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পরিবর্তন সম্ভব, এমন এক স্বপ্ন সম্ভবে মানুষের আস্থা বাড়ছে। তৈরি হচ্ছে সংহতির বিভিন্ন প্রকাশ। মানুষের মনে মনে জাগছে ভালোভাবে-ভিন্নভাবে বাঁচার স্বপ্ন। এখন যা দরকার তা হলো এই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখা, তাকে সুরক্ষিত করা। সে স্বপ্নকে সরকার বাঁচাবে না, সমাজের ভেতরে যাঁরা ক্ষমতা আগলে থাকেন, তাঁরাও সে স্বপ্ন বাঁচাতে এগিয়ে আসবেন না। কিন্তু আমরা, দেশের সাধারণ মানুষ, যারা রাশেদা অথবা টুকটুকি বেগমের স্বপ্নের অঙ্গীকারে বিশ্বাস করি, তারা এগিয়ে আসতে পারি। নাগরিক সংহতির মাধ্যমে যে পরিবর্তন সম্ভব—হোক না অতি ক্ষুদ্র অতি সামান্য সে পরিবর্তন—প্রতিটি রাশেদার, প্রতিটি টুকটুকি বেগমের আত্মপ্রত্যয় আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। মহাত্মা গান্ধী একটা কথা প্রায়ই বলতেন। পরিবর্তনের কথা শুধু মুখে না বলে যে পরিবর্তন চাই, নিজেরাই যেন তার ‘এজেন্ট’ হই। অন্য কথায়, সমাজ বা পৃথিবী বদলের আগে নিজেরাই যেন বদলে যাই। কাজটি সহজ নয়, ঝাঁকের কই হয়ে ভেসে যাওয়া সহজ, কিন্তু উল্টো স্রোতে যেতে চাইলে মনের ভেতর প্রতিরোধের একটুখানি আগুন জ্বেলে নেওয়া চাই। গান্ধী নিজে আজীবন উল্টো স্রোতে চলেছেন। উল্টো স্রোতে চলেছেন ম্যান্ডেলা।বদলে যাওয়ার আসল লক্ষ্য কেবল আমরা নিজেরা নই, অন্যরা। আমরা এমন অনেক কাজ করি যার প্রতিক্রিয়া বর্তায় অন্যের ওপর। কখনো কখনো একজনের ওপর, কখনো অনেকের ওপর, কখনো বা পুরো দেশের ওপর। শুধু একজন মানুষ নিজে বদলে গেলে তার আশপাশের পৃথিবীকে সে কীভাবে বদলে দেয় তার সেরা উদাহরণ গান্ধী ও ম্যান্ডেলা। আমরা তাঁদের মতো মহামানব নই, হয়তো কখনো হবও না। কিন্তু আমাদের প্রতিবেশী ওই একরত্তি মেয়ে রাশেদা, তার কাছ থেকে শিখতে পারি প্রতিবাদের শক্তি, জানতে পারি কীভাবে শুধু একজন মানুষের চেষ্টায় সূচিত হয় পরিবর্তন। পরিবর্তন প্রথম আসে অতি ক্ষুদ্র একটি চরে, সেখান থেকে সে আগুন ছড়িয়ে পড়ে দূর থেকে দূরান্তরে।১৮ জুলাই ম্যান্ডেলার জন্মদিন। আসুন, আমরা সবাই রাশেদার মতো হতে শিখি।৭ জুলাই ২০১২হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।