একজন লিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০৭১ সালে এ দেশের মানুষ স্বাধীনতার শতবর্ষ উদ্যাপন করবে কি করবে না—সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। তবে একাত্তরের মুক্তিযুদ্ধের শতবর্ষ পালিত হবে। লাখ লাখ শহীদের কথা স্মরণ করে খুব বেশি না হলেও একটি মিনিট নীরবতা পালন করবে এ দেশের মুক্তিকামী মানুষ। আর তখন যদি শতবর্ষের আইনের শাসন ও ন্যায়বিচারের ওপর কোনো সেমিনার হয়, তাতে কোনো গবেষণাপত্রে লিমন-বৃত্তান্ত যদি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়, তা হবে যথার্থ।একজন লিমন একদিকে, অন্যদিকে গোটা রাষ্ট্রযন্ত্র ও সরকার। গ্রামের নিম্নবিত্ত কৃষক পরিবারের ছেলে লিমন। কলেজে পড়ে। রাষ্ট্রের নিরাপত্তার জন্য সে কোনো হুমকি নয়। তার সমর্থক কোনো সশস্ত্র বাহিনী নেই। সে সিরাজ সিকদার নয়। দস্যুরানি ফুলন দেবী নয়। চারু মজুমদার নয়। চে গুয়েভারা তো নয়ই।২০১১ সালের ২৩ মার্চ থেকে তার সঙ্গে রাষ্ট্রযন্ত্রের ও শাসকশ্রেণীর প্রবল লড়াই চলছে। তাকে আখ্যায়িত করা হয়েছে ‘সন্ত্রাসী’ হিসেবে। একতরফা যুদ্ধে প্রথম সে আহত হয়। তারপর তার একটি পা কেটে ফেলা হয়। গ্রেপ্তার করা হয়। মামলা হয়। মামলার বিচারে সে খালাস পায়। ওই খালাস পাওয়াটাই হলো তার জীবনের জন্য দ্বিতীয় পর্যায়ের অভিশাপ। কোনো কোনো মানুষের জন্য নির্দোষ প্রমাণিত হয়ে মামলা থেকে মুক্তি পাওয়া খুব বড় অপরাধ, তা ছেলেটি জানত না। তা জানলে সে বিচারককে বলত, আমাকে জেলেই ঢুকিয়ে রাখুন ২০২১ সাল পর্যন্ত। সে জেলের মধ্যে এক পা নিয়ে বন্দী থাকলে তার বাবা-মা, ভাই-বোনেরা মামলা-মোকদ্দমায় নাও জড়াতে পারত। লিমন যত দিন বেঁচে থাকবে এবং মহাজোট ক্ষমতায় থাকবে, তত দিন তার মুক্তি নেই। নির্যাতন ও প্রতিহিংসার প্রতীক লিমন।তার এলাকার প্রশাসনের প্রিয় কোনো ব্যক্তির শ্যালক যদি দৌড় দিয়ে গিয়ে হার্টফেল করে মারা যায়, তার মৃত্যুর দায় বর্তাবে লিমন বা লিমনের পরিবারের ওপর। তার মা-ভাইসহ ১০-১২ জনের ওপর আনা হবে খুনের অভিযোগ। ব্রিজের ওপর দাঁড়িয়ে সে যদি তার পরিবারের লোকদের ছবি তোলে, শাসকদের প্রিয়রা তার ওপর ঝাঁপিয়ে পড়বে। সরকারি সড়কের মধ্যে দাঁড়িয়ে তুই ছবি তোলার কে? এ সড়ক কি তোর বাপের?এর মধ্যে মানুষ বুঝতে পেরেছে, বাংলার মাটির অনেকেই লিমনকে দুই চোখে দেখতে পারেন না। সেটা তাঁদের সাংবিধানিক অধিকার ও ফান্ডামেন্টাল রাইট। কিন্তু লিমনের শত্রুদের—তা সেটা রাষ্ট্রযন্ত্র হোক, সরকারি দল হোক, স্থানীয় প্রশাসন হোক বা সাধারণ কোনো নাগরিক হোক—বোঝা উচিত পা হারানোর পর থেকে তার দিকে মিডিয়ার চোখ রয়েছে। তাকে কেন্দ্র করে ন্যায়সংগতভাবে হোক, অন্যায়ভাবে হোক যা হবে, তা মিডিয়ায় আসবে। মিডিয়ায় আসা মানে একটি জনমত তৈরি হবে ওর পক্ষে। জনমতের বিরুদ্ধে দাঁড়ানো স্রেফ বোকামি। তা সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো।লিমনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জনমত গড়ে উঠেছে। সাবেক ছাত্রনেতারা ঢাকায় মানববন্ধন করেছেন। পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। কিন্তু তাতেই বা কী যায়-আসে। তার ভাগ্যে যা হওয়ার তা-ই হবে।রাষ্ট্রযন্ত্র কী করতে চায়, তা তারাই ভালো জানে। ‘বরিশাল রেঞ্জের ডিআইজি ঝালকাঠির এসপি, র‌্যাবের মামলা তদন্তকারী কর্মকর্তা হালিম তালুকদার ও লিমনের পরিবারের বিরুদ্ধে হত্যা মামলার লাশের সুরতহাল প্রতিবেদনকারী এসআই আরিফুল হকের সঙ্গে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে এ সময় রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেনকে রুমের বাইরে অবস্থান করতে দেখা গেছে।’ [যুগান্তর, ২৬.৮.২০১২]রাষ্ট্রীয় কাজকর্মে স্বচ্ছতা থাকলে ভালো লাগে। ‘রুদ্ধদ্বার বৈঠকে’ ভয় হয়। ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত লিমনকে আর হেনস্তা না করাই ভালো। তবে এর মধ্যে যদি সে কোনো ফৌজদারি অপরাধ করে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে নিশ্চয়ই কেউ আপত্তি করবে না।প্রতিদিন প্রশাসনের প্রিয়রা এমন সব অপরাধ করছেন, যার প্রতিটির শাস্তি অন্তত পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড। তাঁরা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সাংসদদের হাতে চড়-থাপড় খাচ্ছেন, এমন কর্মকর্তা ও সাধারণ ভোটার বহু। কিছুদিন আগে টাঙ্গাইল জেলার সখীপুরের সাংসদ এক কর্মকর্তাকে ‘নিজের হাতে পিটিয়েছেন’ বলে পত্রপত্রিকায় জানলাম। সাংসদের ‘নিজের হাতে’ পেটানোর কথাটায় জোর দেওয়ার কারণ কিছু কিছু প্রক্সি পেটানিও আছে। অর্থাৎ মাননীয়ের হুকুমে তাঁদের লোকেরা কাজটা সারেন। কোনো ভোটার যদি তাঁদের নির্বাচিত প্রতিনিধির গায়ে হাতে তোলেন সেটা যেমন অপরাধ, কোনো মাননীয় যদি ভোটারকে কিল-ঘুষি মারেন, সেটাও সমান অপরাধ। আজ আমাদের রাষ্ট্রযন্ত্র নিরপরাধকেই শায়েস্তা করে পরম সুখ পায়।৫০ বছর আগে দেখেছি, স্থানীয় জনপ্রতিনিধিরাই তাঁর এলাকার ছোটখাটো সমস্যা মীমাংসা করে দেন। প্রচণ্ড গণতান্ত্রিক বাংলাদেশে আজ জনপ্রতিনিধিতে গিজগিজ করে। রাস্তাঘাট, হাটবাজারে কোথায় দেখা যায় না তাঁদের? ইউপি সদস্য চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ, পৌর মেয়র-কাউন্সিলর, তাঁদের সবার মুরব্বি এমপি তো আছেনই। তাঁদের ৪০ লাখ থেকে পাঁচ কোটি টাকা দামের গাড়ি আছে জনগণের সেবা করতে। লিমনের মতো মানুষের পাশে জনপ্রতিনিধিরা একটু দাঁড়াতে পারতেন।লিমন-সংক্রান্ত খবর কাগজে পড়ে এখন আর রাগ বা দুঃখ হয় না। লজ্জায় মাথা হেঁট হয়।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।