মুক্তিযুদ্ধের সময় আমাদের যাদের জ্ঞানবুদ্ধির বয়স ছিল তাদের জন্য বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস হলো সীমাহীন আনন্দের। আবার অন্যদিকে বয়স ও সমাজে তথাকথিত অবস্থানের সুবাদে এসব দিবসে নানা অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ আসে, যা কিছুটা বিড়ম্বনাও বটে। তখন বলতে হয় আমার বয়সী অনেকেই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, আমি ভীরু ছিলাম তাই যাওয়া হয়নি। আমার এক বন্ধু জীবিকার তাগিদে কানাডা বাস করেন, একমাত্র মেয়েকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে পড়িয়েছেন। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও তাঁর মন পড়ে থাকে বাংলাদেশে। দেশের খবর অধিকাংশ সময়ই তাঁর কাছ থেকে শুনি ইন্টারনেট আর মিডিয়ার বৈপ্লবিক অগ্রগতির কল্যাণে। হুমায়ূন আহমেদের মৃত্যুতে তাঁর যেমন ঘুম হয় না, তেমনি গ্রামের একজন সাধারণ লোক মারা গেলে চোখে পানি, কণ্ঠে তাঁর বুকফাটা কান্না। প্রতিদিন দেশের পাঁচ-ছয়জন লোকের সঙ্গে কথা না বললে তাঁর চলে না। সেই সিরাজুল ইসলাম প্রতিবছরই দেশে আসেন এবং কিছু সমাজসেবামূলক কাজও করেন। যেমন গ্রামের শূন্য জায়গায় গাছ লাগানো, গ্রামের ক্লাবের পৃষ্ঠপোষকতা করা, গ্রামের ছেলেমেয়েদের পড়ালেখায় আর্থিক সাহায্যের ব্যবস্থা করা, বিজয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা নববর্ষ উদ্যাপনে উদ্যোগ নেওয়া। এবার স্বাধীনতা দিবসেও তাঁর একই রকম উদ্যোগে আমি যেতে বাধ্য হলাম। এবার তাঁর বিশেষ আনন্দ। এর আগে যখন গ্রামে স্থাপিত বিজয়স্তম্ভে গ্রামের এক মুক্তিযোদ্ধার নাম লিখতে গিয়েছিলেন তাঁর সনদ ছিল না বলে লেখা সম্ভব হয়নি। এবার তিনি দেশে এসে সেই মুক্তিযোদ্ধার নাম পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে বের করেছেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর সাত-আট সন্তানের বড়জনের বয়স ছিল ১০-১১। বিগত ৪০ বছর তারা এ নিয়ে উচ্চকণ্ঠে গর্ব করতে পারেনি, বাবার জীবদ্দশায় কিংবা মৃত্যুর পরও না। রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জীবদ্দশায় কখনো মুক্তিযুদ্ধের সনদ তোলার কথা চিন্তা করেননি, এমনকি নিম্নমধ্যবিত্ত পরিবারে আর্থিক অনটনের মধ্যে আটটি ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেও না। দেশের জন্য যুদ্ধ করেই তাঁর জীবন ধন্য হয়েছে। শিক্ষিত সরকারি কর্মকর্তা, তাও আবার পুলিশ বাহিনীর, একটি সনদ বের করতে তেমন বেগও পেতে হতো না, তাও করেননি।যেসব মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একটি সনদ পর্যন্ত গ্রহণ করেননি তাঁরা মনে হয় বিশেষ করে উঁচু শ্রেণীর, যাঁরা কোনো কিছু পাওয়ার আশায় মুক্তিযুদ্ধ করেননি কিংবা করার পরও তাঁদের মধ্যে সেই আশা জেগে ওঠেনি। এবং তা যদি একজন আট সন্তানের জনক নিম্নমধ্যবিত্ত পরিবারের কান্ডারি সাধারণ পুলিশ কর্মকর্তা করে থাকেন তাহলে তা মূল্যায়িত হওয়ার সবিশেষ দাবিদার। আমরা জানি মুক্তিযুদ্ধের অমূল্য সনদ শুধু যাঁরা যুদ্ধ করেছেন তাঁদের হাতেই যায়নি, যাঁরা যুদ্ধ করেননি তাঁদের হাতেও গিয়েছে। আরও দুঃখজনক হলো, যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের হাতেও গিয়েছে। যে দুঃখে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা সেই অমূল্য সনদটি গ্রহণও করেননি। তবে অত্যন্ত আনন্দের বিষয় হলো, বাংলাদেশ পুলিশের স্পেশাল অ্যাফেয়ার্স, সিটি স্পেশাল ব্রাঞ্চ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খেতাবপ্রাপ্ত পুলিশ সদস্য, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ পুলিশ সদস্য এবং কর্মস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যের নামের তালিকা তাঁদের হোমপেজে রেখে অনেক নিবেদিতপ্রাণ নির্মোহ প্রচারবিমুখ মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করে তাঁদের প্রতি জাতির কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দিয়েছেন। এই পবিত্র দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনীকে যারপরনাই ধন্যবাদ জানাচ্ছি। এভাবে অন্যান্য পেশায় থাকা মুক্তিযোদ্ধাদের নামও যদি প্রাতিষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হতো তাহলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আমরা অনেকখানি জানতে পারতাম। এমদাদুল হক স্বাধীনতাযুদ্ধের সময় আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। পাকিস্তান বাহিনী এবং তাদের দোসররা তাঁর বাসস্থান লুট করে নিয়ে যায়। থানা আক্রমণ করার সময় তিনি পেছন দিয়ে পালিয়ে জীবনে বেঁচে যান। তারপর আগরতলা হয়ে ত্রিপুরা রাজ্যের নরসিংগর ক্যাম্পে যোগ দেন। পুলিশ বাহিনীর কর্মকর্তা হিসেবে তিনি আমাদের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন এবং ক্যাম্পের প্রশাসনিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকেন। স্বাধীনতার পর আবার এসে কর্মস্থলে যোগ দেন। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রকাশিত এবং এ এস এম সামছুল আরেফিন সম্পাদিত মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা গ্রন্থের প্রথম খণ্ডের ১৭৯ নং পৃষ্ঠায় মানিকগঞ্জ জেলার চারজন পুলিশের মধ্যে তাঁর নাম ও বৃত্তান্ত তিন নম্বরে লিপিবদ্ধ রয়েছে। স্বাধীনতার অনেক দিন পর চাকরি থেকে অবসর নিয়েছেন কিন্তু পদোন্নয়নে মুক্তিযুদ্ধের কোনো ছিটেফোঁটাও কাজে আসেনি কিংবা ব্যবহার করেননি। তারপর অবসর সময়ে বৃহৎ সংসার চালাতে যখন হিমশিম খেতে হয়েছে তখনো মুক্তিযুদ্ধের সনদ যে জীবনকে কিছুটা স্বাচ্ছন্দ্য দিতে পারত তাও ভাবনায় আসেনি। দেশের জন্য যে মানুষটি নিঃস্বার্থভাবে নিজেকে নিবেদিত করেছিলেন, এই কলুষিত পৃথিবীতে বাঁচার তাগিদে সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করেও যিনি মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার কথা ভাবেননি, তাঁর জন্য দেশ ভাববে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ভাববে, এটাই স্বাভাবিক। তাঁর সনদ তো এখন আর তাঁর হাতে তুলে দেওয়াও সম্ভব নয়, তবে তাঁর নিকটাত্মীয়দের হাতে তুলে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানানো হবে, এটাই তো হওয়া উচিত। তাঁর ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের সময় বয়সে ছোট ছিল, যুদ্ধের সময়ে বাবার অবর্তমানে তাদের যে কষ্ট হয়েছিল, তাদের জীবনে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা নিশ্চয়ই মৃত বাবার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির আনন্দে ঢেকে যাবে। মানিকগঞ্জ জেলার বরঙ্গাখোলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা এমদাদুল হক ১৯৯২ সালের ২২ অক্টোবর স্বীয় গ্রামে পরলোকগমন করেন। আমি নিশ্চিত, সারা দেশে এ রকম অনেক সনদহীন প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন, হয়তো বা তার সিংহভাগই পরলোকগমন করেছেন। তবে তাঁদের মরণোত্তর স্বীকৃতি অন্তত তাঁদের নিকটাত্মীয়দের আনন্দের-সুখের কারণ হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই কঠিন দায়িত্ব পালন করে সারা দেশের সব মুক্তিযোদ্ধার প্রশংসার পাত্র হতে পারে এবং দেশকে দায় থেকে মুক্তি দিতে পারে। মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ফেলো, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস।