বিশেষ সাক্ষাৎকারযুদ্ধাপরাধের বিচার ও তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে রাজনৈতিক সংকট গভীর হওয়ার মুখে। এ অবস্থায়সরকার ও বিরোধীদলের ভূমিকা নিয়েপ্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। সাক্ষাৎকার নিয়েছেন যথাক্রমে মশিউলআলম ও মিজানুর রহমান খান
একটা গিরিখাতের কিনারে দাঁড়িয়ে আছি
প্রথম আলো দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন? দেশ কোন দিকে যাচ্ছে?মাহবুব উল্লাহ পরিস্থিতি অত্যন্ত জটিল। এই পরিস্থিতি বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। পার্শ্ববর্তী দেশ ভারতের সংবাদমাধ্যমে লেখা হয়েছে, বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। অর্থাৎ এ দেশের পরিস্থিতি এত নাজুক, আতঙ্কজনক ও এত ভয়ানক বলে চিত্রিত করা হয়েছে। আর দেশের ভেতর যাঁরা ঘটনাবলি অবলোকন করছেন, তাঁরাও কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি বা স্বস্তি অনুভব করছেন না।প্রথম আলো কিন্তু এটাকে কি গৃহযুদ্ধের পরিস্থিতি বলা যায়?মাহবুব উল্লাহ গৃহযুদ্ধ বলতে না চাইলেও দেশের ভেতর অনেকেই পরিস্থিতিটাকে অনেকটা ভয়াবহ, আতঙ্কজনক ও অবাঞ্ছিত বলেই মনে করছেন। সবাই জীবনের নিরাপত্তাহীনতার শঙ্কার মধ্যে আছেন। এমন একটি সংঘাতমুখর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে অনেকেই ভাবছেন, এ থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে কঠিন। বিভিন্ন মহলের বক্তব্য, পাল্টা বক্তব্য, অবস্থান, পাল্টা অবস্থান লক্ষ করে অনেকে অনুভব করছেন যে একটা বিরাট রাজনৈতিক জটিলতার মধ্য দিয়ে আমরা সময় পার করছি।প্রথম আলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান বাতিল হওয়ার পর থেকে একটা সংশয় বা শঙ্কা দেখা দেয় যে আগামী নির্বাচন কীভাবে হবে বা আদৌ হবে কি না। কারণ, প্রধান বিরোধী দল বিএনপি এটা মেনে নেয়নি, বলে আসছে দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনে অংশ নেবে না। এই অবস্থার মধ্যে যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে শাহবাগ আন্দোলন শুরু ও বেগবান হলে নির্বাচনের প্রসঙ্গটি খানিক চাপা পড়ে যায়, কিন্তু অনেক সহিংসতা ও প্রাণহানি ঘটে...।মাহবুব উল্লাহ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। আমাদের দেশ রাষ্ট্র হিসেবে খুব সবল নয়, গণতান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়েছে মাত্র কিছু সময় আগে। যে দেশে রাজনৈতিক সংস্কৃতি সুষ্ঠুভাবে দানা বাঁধেনি, যেখানে গণতন্ত্র ভালোভাবে শিকড় গাড়তে পারেনি, সে রকম একটা দেশে যখন সংসদে একটা পক্ষের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হয়ে যায়, তখন তারা মনে করতে থাকে যে তারা যা ইচ্ছা তা-ই করতে পারে। এর ফলে গণতন্ত্রের মূল মর্মবাণী, অর্থাৎ সংখ্যালঘিষ্ঠের সম্মতিতে সংখ্যাগরিষ্ঠের শাসন—এই রাজনৈতিক সংস্কৃতি তখন সম্পূর্ণভাবে নির্বাসিত হয়ে যায়।প্রথম আলো হ্যাঁ, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এ দেশে বিরোধী দলগুলোও ঠিক গঠনমূলকভাবে রাজনৈতিক দায়িত্ব পালন করে না। নির্বাচনে জয়ী হতে না পারলে তারা পরদিন থেকেই সরকারের বিরুদ্ধাচরণ শুরু করে, সংসদেও যায় না...।মাহবুব উল্লাহ ২০০৮ সালের নির্বাচনের পর বিরোধী দলের খুবই ক্ষুদ্র একটা অংশ সংসদে আসন পায়। তারা সংসদের প্রথম অধিবেশনে গেছে এবং বহুদিন পর্যন্ত তারা বলার চেষ্টা করেছে যে তারা সরকারকে সহযোগিতা করতে চায়। কারণটা কী? কারণটা ছিল, এক-এগারোর পরের দুই বছর সেনানিয়ন্ত্রিত যে ব্যবস্থা ছিল, তাতে তারা নির্যাতিত-নিপীড়িত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে তারা চেয়েছিল, এ দেশে একটা কার্যকর গণতন্ত্র থাকা দরকার। দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, তাদের সেই সহযোগিতার মনোভাবের প্রতি সরকারের দিক থেকে সে রকম কোনো সাড়া লক্ষ করা যায়নি। প্রথমেই সংসদে একটা সমস্যা দেখা দিল আসন বণ্টন নিয়ে। সেখানে মান-অভিমান, জেদাজেদির ঘটনা ঘটে গেল। আমার মনে হয়েছে, আমাদের দেশে গ্রামীণ মোড়লদের মধ্যে যে ধরনের সংকীর্ণতা থাকে, এখানে সে ধরনের সংকীর্ণতা কোনো পক্ষ বর্জন করতে পারেনি। তারপর এসে গেল পঞ্চম সংশোধনী বাতিলের পক্ষে সুপ্রিম কোর্টের রায়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হলো। সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল, দেশ-জাতির প্রয়োজনে পরবর্তী দুই মেয়াদের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে করা যাবে। কিন্তু পূর্ণাঙ্গ রায়ে সে বিষয়টা আর সেভাবে থাকল না। বিরোধী দল, অ্যামিকাস কিউরিদের সিংহভাগ, সংসদীয় কমিটি, নাগরিক সমাজ—সবার মতামত অগ্রাহ্য করে শুধু প্রধানমন্ত্রীর ভাবনার অনুকূলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে।প্রথম আলো মূলত সমস্যার শুরুটা সেই থেকেই?মাহবুব উল্লাহ হ্যাঁ, প্রধান বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করে। কিন্তু খেয়াল করবেন, ১৯৯১-৯৬ পর্যায়ে বা ১৯৯৬-২০০১ পর্যায়ে বা তারপর ২০০১-০৬ পর্যায়ে যতগুলো হরতাল হয়েছে, সেই তুলনায় কিন্তু এবার হরতালের সংখ্যা কম। অর্থনীতির ভাষায় বলা যায়, হরতালের ক্ষেত্রে একটা নিম্নমুখী প্রবণতা এবার লক্ষ করা যাচ্ছে। দেশবাসীর চাপ, পারিপার্শ্বিক অবস্থার কারণেই এটা সম্ভব হয়েছে। কিন্তু তার পরও পরিস্থিতি প্রচণ্ড মারমুখী।প্রথম আলো যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে শুরু হওয়া তরুণসমাজের আন্দোলনের আগে কিন্তু পরিস্থিতি এত সংঘাতময় ছিল না। প্রধান বিরোধী দল কেন এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিল বলে আপনি মনে করেন?মাহবুব উল্লাহ বিরোধী দল কিন্তু এই বিচারের বিরোধিতা করেনি, বরং সমর্থন করেছে। তবে তাদের শর্ত ছিল, বিচার হতে হবে স্বচ্ছ, সুষ্ঠু, আন্তর্জাতিক মানের। ন্যায়বিচার হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও কিন্তু একই কথা বলেছে। কথাটা অত্যন্ত সঠিক। কারণ, বিচারের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে ১০ বছর বা ২০ বছর পরে হোক, প্রশ্ন উঠতে পারে যে এই দেশে বিচারের নামে একটা প্রহসন হয়ে গেছে। কাজেই সে ধরনের ত্রুটি রাখার কোনো সুযোগ ছিল না। কিন্তু একজন বিচারপতির স্কাইপ কেলেঙ্কারি, তাঁর পদত্যাগ, একজন সাক্ষীর গুম হয়ে যাওয়াসহ অনেক ঘটনায় এই বিচারপ্রক্রিয়া সম্পর্কে দেশে-বিদেশে ইতিমধ্যেই অনেক প্রশ্ন উঠেছে। তারপর কাদের মোল্লার রায়ের পরিপ্রেক্ষিতে জনমনে সন্দেহ দেখা দিল যে সরকার বুঝি জামায়াতের সঙ্গে গোপনে একটা সমঝোতা করতে যাচ্ছে। এটা নিয়ে তরুণসমাজের মধ্যে আবেগের সৃষ্টি হলো, শাহবাগ আন্দোলনের জন্ম হলো এই আবেগ থেকেই।প্রথম আলো এ আন্দোলনকে আপনি কীভাবে দেখেন?মাহবুব উল্লাহ তরুণসমাজের আবেগ প্রকাশের মধ্যে দোষের কিছু নেই। কিন্তু সমস্যা হলো, বাইরে থেকে যখন প্রচণ্ড দাবি তোলা হয় যে এ ধরনের রায় চাই, তখন বিচারকদের পক্ষে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ধরা যাক, সুপ্রিম কোর্টে আপিলের রায়ে কাদের মোল্লা বেকসুর খালাস পেয়ে গেলেন, তাহলে অবস্থা কী দাঁড়াবে? আবার এমনও হতে পারে ট্রাইব্যুনালের রায়ে দেওয়া শাস্তির চেয়ে আরও কঠোর শাস্তি দেওয়া হলো। তখন বলা হবে, শাহবাগ আন্দোলনের চাপে এ রকম রায় হয়েছে। আমরা একটা ত্রিশঙ্কু অবস্থার মধ্যে পড়ে গেছি।প্রথম আলো এ অবস্থা থেকে বের হওয়ার উপায় কী?মাহবুব উল্লাহ সব পক্ষের আচরণ হওয়া উচিত যুক্তিবুদ্ধিনির্ভর, বিচার-বিবেচনাসম্পন্ন। বিচারকে বিচারের জায়গায়, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে দেওয়া উচিত। বিচার চলাকালে সরকারি দলের নেতাদের কোনো ধরনের মন্তব্য করা উচিত নয়।প্রথম আলো সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে। নির্বাচন করতে হবে। সব পক্ষের অংশগ্রহণে নির্বাচনের দিকে যেতে হলে এখন কী করা দরকার?মাহবুব উল্লাহ উভয় পক্ষকেই বুঝতে হবে অনড় অবস্থানে থাকাটা কারও জন্যই কল্যাণকর হবে না। আমরা এখন এক বিশাল গিরিখাতের একদম কিনারায় পৌঁছেছি; একটু পদস্খলন হলেই আমরা অতল গভীরে পড়ে যাব। আলাপ-আলোচনার মাধ্যমে একটা জাতীয় মতৈক্য ছাড়া এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে আলোচনার কথা বলা হচ্ছে, আবার নানা রকম শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু শর্ত আরোপ করে বিরোধী দলকে আলোচনায় বসানো সম্ভব হবে বলে আমার মনে হয় না। আলোচনার জন্য ন্যূনতম একটা পরিবেশ তৈরি করতে হবে। বিরোধী দলের প্রচুরসংখ্যক নেতা-কর্মী কারাগারে, তাঁদের বিরুদ্ধে শত শত মামলা করা হয়েছে। সে মামলাগুলো তুলে নিয়ে তাঁদের কারাগার থেকে মুক্তি দিয়ে সরকার আলোচনায় বসার একটা পরিবেশ তৈরি করতে পারে। অতীতে পাকিস্তান আমলে এ রকম করা হয়েছে। আলোচনার টেবিলে বসেই সমস্যার সমাধান করতে হবে এবং সেটা করা অবশ্যই সম্ভব। সে জন্য উদ্যোগটা আসতে হবে সরকারের পক্ষ থেকে। নির্বাচনে সব পক্ষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ সৃষ্টি করতে হবে—এর কোনো বিকল্প নেই। জাতির একটা বিরাট অংশকে গুরুত্ব না দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না—এটা সরকারকে উপলব্ধি করতে হবে। প্রথম আলো আপনাকে ধন্যবাদ।মাহবুব উল্লাহ ধন্যবাদ।