দেশের কোনো বনাঞ্চলই এখন ভালো নেই। দখলবাজ ও গাছখেকোদের কবলে পড়ে ধুঁকছে সংরক্ষিত বনাঞ্চলগুলো। এ ছাড়া সরকারি নানা প্রকল্পের জন্যও বনাঞ্চলের জায়গা বরাদ্দ দিতে ন্যূনতম চিন্তা করা হচ্ছে না। ফলে প্রভাবশালী ব্যক্তিরাও আশকারা পেয়ে বনাঞ্চলগুলোর ধ্বংস ডেকে আনছেন। এর সঙ্গে জড়িয়ে পড়ছেন বন বিভাগেরই অসাধু কিছু কর্মকর্তা। এমনটাই আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগরঘেঁষা চর গঙ্গামতীর সংরক্ষিত বনাঞ্চলে। দিনদুপুরে গাছ কেটে উজাড় করে ফেলা হচ্ছে বনাঞ্চলটি। গাছ কাটতে আসা লোকেরাই জানাচ্ছেন, বন বিভাগের লোকদের টাকা দিয়ে এ কাজটি করছেন তঁারা। বিষয়টি খুবই দুঃখজনক।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ২০০৮-২০০৯ সালে চর গঙ্গামতী এলাকায় সাগরের কোল ঘেঁষে প্রায় ১০ হাজার আকাশমণিগাছের বাগান তৈরি করা হয়। এ বাগানসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশমণি, হরীতকী, বহেড়া, রেইনট্রি, গামারিসহ নানা প্রজাতির গাছ রয়েছে। পার্শ্ববর্তী খাজুরা ও কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পের আওতায় আরও ২০ হাজার আকাশমণিগাছের বাগান রয়েছে। কুয়াকাটা ইকোপার্ক শীর্ষক প্রকল্পের আওতায় এসব বাগান করা হয়েছে। কিন্তু সেসব গাছ কেটে নিয়ে যাচ্ছে গাছখেকোরা।
স্থানীয়দের অভিযোগ, গাছ কেটে নেওয়ার ঘটনা নতুন নয়। প্রায়ই বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কখনো দিনে গাছ কাটে। আবার কখনো রাতেও কাটা হয়। বন বিভাগের স্থানীয় কর্মীদের সঙ্গে যোগসাজশে এ কাজ চলে। পরিবেশ আইনবিদ সমিতি (বেলার) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, এমনিতেই উপকূলীয় এলাকা দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ রোপণ করা হচ্ছে। সেখানে গাছ কাটা কাম্য নয়। দিনদুপুরে গাছ কাটা হচ্ছে, এর সঙ্গে নিশ্চয়ই বন বিভাগের লোকজন জড়িত। এর দায় বন বিভাগকেই নিতে হবে।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানাচ্ছেন, দিনদুপুরে এভাবে গাছ কাটা হচ্ছে, তিনি জানতেন না। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত দুই বছরে গাছ কাটার ঘটনায় ১৮ থেকে ২০টির মতো মামলা করা হয়েছে। তাঁর এমন মন্তব্য আমাদের হতাশ করে। দিনদুপুরে গাছ কাটা হচ্ছে অথচ সেই খবর তাঁদের কাছে নেই! আর গাছ কাটাই যদি বন্ধ করা না যায়, এত মামলা করে কী লাভ হলো, সেটি আমাদের প্রশ্ন। পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা বলছেন, দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে বন বিভাগের কেউ যদি জড়িত থাকেন, তাঁদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা দেখতে চাই তাঁরা কী ব্যবস্থা নিচ্ছেন।