মায়া নামক একটি শব্দ অভিধানে আছে, জীবনেও থাকা উচিত। সেই থেকে মায়ার বাঁধনের কথাও আসে। মায়ার কাছাকাছি হলো দয়া। মায়া ও দয়া পৃথিবী থেকে উবে গেলে মনুষ্যত্বও লোপ পাবে। তা যে লোপ পায়নি তার প্রমাণ চট্টগ্রামের কুড়িয়ে পাওয়া এক শিশু। জন্মগত ত্রুটির কারণে জনক-জননী তাকে ফেলে গিয়েছিলেন হাসপাতালে। স্বাভাবিক শিশুও অনাথ হলে বাঁচানো কঠিন হয়, সেখানে জটিল শারীরিক সমস্যা নিয়ে জন্মানো নবজাতকের জন্য আশা থাকার কথা ছিল না। তারপরও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিকিৎসক ও নার্সদের মায়া ও দয়ায় সেই শিশুটি আশ্রয় পেয়েছে, পেয়েছে তার প্রথম জন্মদিনের উৎসব।
গত বুধবার চমেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগ মেতে উঠেছিল দারুণ এক আনন্দে। ঘর সাজানো হয়, নতুন জামাকাপড় দেওয়া হয় সেখানে ভর্তি সব শিশুকে। কেক কাটা থেকে শুরু করে বেলুন ওড়ানো—কিছুই বাদ পড়ে না। এই এক বছরে শিশুটি হয়ে গেছে সবার সন্তান। তার নাম হয়েছে সানজিদা জাহান। আরাবি ডাকনামে ডাকলে সাড়া দেয়। অনাথ হলেও ওই বিভাগের চিকিৎসক-নার্সরাই এখন তার স্বজন। পালা করে তাঁরা ওকে খাওয়ান, ঘুম পাড়ান। মেরুদণ্ড গঠিত না হওয়ায় বসতে পারত না মেয়েটি। গত বছর তার পিঠে অপারেশন হয়; এখন সে বসতে পারে। আরও অস্ত্রোপচারও হবে তাকে সুস্থ করে তুলবার জন্য।
শিশুর জন্য সবচেয়ে বেশি চাই ভালোবাসা। আর আরাবি যে মায়ার বাঁধনে সবাইকে বেঁধেছে, তাকে ভালো না বেসে উপায় কী? আরাবি যে ভালোবাসার আশ্রয় পেয়েছে, সেটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের সমাজে দিনকে দিন সহমর্মিতার জায়গা নিচ্ছে উদাসীনতা। ভালোবাসার অভাবে জুড়ে বসছে হিংসা ও প্রতিযোগিতা। এ রকম এক দশায় চমেকের যে মানুষেরা মায়া শব্দটিকে জীবন্ত করে তুলে পথ দেখালেন, তাঁদের অভিবাদন।