একটি কাঠের সেতুর মেয়াদ কত দিন? নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চৌডাপাড়া খালের ওপর একটি কাঠের সেতু বানানো হয়েছিল ২৫ বছর আগে। খালটি পারাপারের জন্য সেই সেতুটিই এখনো এলাকাবাসীর একমাত্র অবলম্বন। দেশজুড়ে নানা উন্নয়নের ভিড়ে এই সেতুটি চাপা পড়ে আছে। এলাকাবাসীর আক্ষেপ আর চিৎকার-চেঁচামেচি কারও কানে ঢুকছে না।
পাঁচ বছর আগেই এই সেতুটি জরাজীর্ণ হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। কাঠ পচে গেছে, কোথাও কোথাও ভেঙে ফাঁকা হয়ে গেছে। এরপরও লোকজনকে এই সেতুর ওপরই ভরসা করতে হচ্ছে। ঝুঁকি নেওয়া ছাড়া কোনো উপায় নেই। মাঝেমধ্যেই কাঠ ভেঙে লোকজন পড়ে যায়, এসব দুর্ঘটনায় অনেকে গুরুতর পরিস্থিতিরও মুখোমুখি হন। প্রথম আলোর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে এই সেতু ভেঙে ৩৩ জন পানিতে পড়ে গেছেন। হাত-পা ভেঙেছে আটজনের।
ইউনিয়ন পরিষদ নিজের খরচে ২৫ বছর আগে যে সেতুটি বানিয়েছিল এবং যা এখন আর ব্যবহারের উপযোগী নেই, সেখানে একটি পাকা সেতু হোক—এটাই এলাকাবাসীর দাবি। গত পাঁচ বছর তাঁরা বিষয়টির প্রতি প্রশাসনের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে আসছেন। এ নিয়ে মানববন্ধন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া—এর সবই হয়েছে। এর বাইরে আর কীই-বা করতে পারেন এলাকাবাসী। জনপ্রতিনিধি হিসেবে ইউপি চেয়ারম্যানও দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে দৌড়ঝাঁপ করে যাচ্ছেন। তিনি বলেছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সেতুটি পাকা হচ্ছে না।
তবে প্রথম আলোর প্রতিনিধির কাছে এলজিইডির উপজেলা প্রকৌশলী বলেছেন, সেতুটি পাকা করার জন্য তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে সুনির্দিষ্ট কোনো আশ্বাস মিলছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, আশা করি, আগামী অর্থবছরে অর্থ বরাদ্দ পাওয়া যাবে, তখন সেতুটি পাকা করা যাবে। এখানেও শুধু ‘আশা’ করার মধ্যেই বিষয়টি আটকে রয়েছে। একটি পাকা সেতুর জন্য সেখানকার লোকজনের আর কত দিন অপেক্ষা করতে হবে?