চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহার করা বিষাক্ত রাসায়নিক ঢুকে যাচ্ছে আমাদের খাদ্যচক্রে। কারণ, ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে মাছ ও মুরগির খাবার। এসব খেয়ে বেড়ে ওঠা মাছ ও মুরগি যখন আমাদের খাবারে পরিণত হচ্ছে, তখন সেই বিষ ঢুকছে আমাদের শরীরে। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়েই উঠছে বিষ খেয়ে। র্যাবকে ধন্যবাদ, এ ধরনের একটি প্রতিষ্ঠানে নজরদারি ও পরে অভিযান চালানোর জন্য।
ট্যানারিশিল্প এলাকা হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার সোনতনগড়ের হাইপো ফিড কারখানার মুরগি ও মাছের খাবার পরীক্ষা করার পর সেখানে উচ্চমাত্রার ক্রোমিয়ামের উপস্থিতি ধরা পড়ে। যেখানের মাছ ও মুরগির খাবারে ৩০ পিপিএমের বেশি ক্রোমিয়াম থাকা ঝুঁকিপূর্ণ, সেখানে এর দেড় শ গুণের বেশি ক্রোমিয়ামের উপস্থিতি মিলেছে। র্যাব জানিয়েছে, বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে চামড়া প্রক্রিয়াজাত করার পর তা মসৃণ করতে গিয়ে যে উচ্ছিষ্ট হয়, মাছ ও মুরগির খাবারে তা ব্যবহার করা হচ্ছিল। কারখানাটির অবস্থানই প্রমাণ দিচ্ছে যে ট্যানারির বর্জ্যের ওপর নির্ভর করেই এটি গড়ে উঠেছিল।
র্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি সিলগালা, দুজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাছ ও মুরগির খাবারে ট্যানারির বর্জ্য ব্যবহারের খবর দীর্ঘদিন ধরেই আলোচিত হয়ে আসছে। আমাদের প্রশ্ন, র্যাবের এই অভিযানের আগ পর্যন্ত কারখানাটি চলল কীভাবে? এ ধরনের কারখানা স্থাপনে অনুমতি বা মান নিয়ন্ত্রণের বিষয়টি যাঁদের দেখার কথা, তাঁরা কোথায় ছিলেন? পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন বা বিএসটিআই কোনো বিষয়ই গুরুত্ব দিয়ে নিয়মিত তদারকি করে না।
এই একটি কারখানা সিল করা বা দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়ার ফলে মাছ ও মুরগির খাবারে এ ধরনের বিষাক্ত দ্রব্য ব্যবহারের নির্মূল ঘটেছে, তা নিশ্চয়ই নয়। অব্যাহত অভিযান চালিয়ে এ ধরনের অন্য কারখানাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই অপকর্ম রুখতে হবে।