চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে টানাপোড়েন ও বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি দুটি আন্তর্জাতিক দরদাতা প্রতিষ্ঠানের আপত্তির মুখে রিভিউ প্যানেল যে আদেশ দিয়েছে, তাতে বিষয়টির আপাতত সুরাহা হয়েছে বলে মনে হচ্ছে। তবে নৌপরিবহন মন্ত্রণালয় যদি এই আদেশ অমান্য করে তা হলে আবার নতুন জটিলতা সৃষ্টি হবে। পাঠকের সুবিধার জন্য একটু পেছনে তাকানো যাক। ২০০৭ সালে নির্মাণ সম্পন্ন হওয়ার পর এই প্রতিষ্ঠানের জন্য বেসরকারি অপারেটর নিয়োগ নিয়ে টানাপোড়েন চলছে ২০০৯ সাল থেকে। এর আগের বছর প্রাক্-যোগ্যতা দরপত্র আহ্বান করা হয়েছিল। সেই দরপত্র যাচাই-বাছাই করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত চারটি প্রতিষ্ঠানের কাছে দরপত্র বিক্রি করা হয় এ সময়। কিন্তু দেশীয় একটি প্রতিষ্ঠানকে দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য বাতিল করা হয় চলমান দরপত্রটি। এভাবেই দীর্ঘসূত্রতার কবলে পড়ে এনসিটি পরিচালনার অপারেটর নিয়োগ-প্রক্রিয়া। আড়াই বছর ধরে তাই নিষ্ক্রিয় পড়ে আছে ৫৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কনটেইনার টার্মিনাল। এর সুফল থেকে বঞ্চিত করা হয়েছে বন্দর ব্যবহারকারীদের, আর এই কালক্ষেপণের কারণে বৃহত্তর অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ।কিছুদিন আগে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ‘বন্দর রক্ষা পরিষদ’-এর ব্যানারে আন্দোলন শুরু করলে এই কনটেইনার টার্মিনাল নিয়ে সরকারের ভেতরেই দ্বিধা-বিভক্তির ব্যাপারটি জনসমক্ষে চলে আসে। মহিউদ্দিন চৌধুরী যখন এনসিটির দরপত্রের ব্যাপারে ‘মাফিয়া চক্রের কারসাজির’ অভিযোগ তোলেন, তখন খোদ নৌপরিবহনমন্ত্রী ও চট্টগ্রামের অন্য কয়েকজন সাংসদ তাঁর বিরুদ্ধে অবস্থান নেন। একদিকে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ‘বন্দর রক্ষা পরিষদ’ মানববন্ধন ও জনসভাসহ একাধিক কর্মসূচি পালন করেছে, অন্যদিকে বন্দর এলাকার সাংসদ ও বন্দর ব্যবহারকারী ফোরামের উপদেষ্টা এম এ লতিফ বন্দরকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে বিষোদ্গার করেছেন তাঁর বিরুদ্ধে। এই বাদানুবাদের ফলে বন্দরসংশ্লিষ্টরা তো বটেই, বিভ্রান্ত হয়ে পড়ে এই অঞ্চলের সাধারণ মানুষও।অভিযোগে যেটুকু জানা যায়, এমনকি রিভিউ প্যানেলের আদেশ থেকেও যা আমরা বুঝে নিতে পারি তা হলো, সাইফ পাওয়ার টেক নামের একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে নানাভাবে কালক্ষেপণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। তার চেয়েও বড় অভিযোগ, এই প্রতিষ্ঠানকে এই কাজের দরপত্র জমা দেওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করতে ধাপে ধাপে ১১টি শর্ত শিথিল করা হয়েছে। একসময় (২৩.২.১১) খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এনসিটি বিষয়ে তাঁর মতামত পাঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে তিনি স্পষ্ট করে লেখেন: ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কনটেইনার টার্মিনাল বিষয়ক মূল্যায়ন প্রতিবেদন দেখার আমার সুযোগ হয়েছে। একটি প্রতিষ্ঠান মেসার্স সাইফ পাওয়ার টেক কনসোর্টিয়াম বিষয়ে তিনটি নোট অব ডিসেন্ট দাখিল হয়েছে। এই ক্ষেত্রে দরপত্রে যেসব দোষত্রুটি আছে সেগুলো সবই উপেক্ষা করা হয়েছে। এতে মনে হয় এই দরদাতাকে বিশেষভাবে অনুগ্রহ করা হয়েছে।’ মহিউদ্দিন চৌধুরী যখন এনসিটি নিয়ে আন্দোলন শুরু করেন, তখন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান পত্রিকান্তরে এক সাক্ষাৎকারে প্রশ্ন করেছিলেন, ‘কার্যাদেশ দেওয়ার আগেই কেন ধরে নেওয়া হলো যে ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানকেই কাজ দেওয়া হবে?’ তাঁর প্রশ্নটি আপাত নিরীহ। কিন্তু যে প্রতিষ্ঠানের জন্য ১১টি শর্ত শিথিল করা হলো, যে প্রতিষ্ঠান সম্পর্কে প্রাক্-যোগ্যতা দরপত্র মূল্যায়ন কমিটির তিনজন সদস্যের আপত্তি (নোট অব ডিসেন্ট) আমলে নেওয়া হলো না, এমনকি অর্থমন্ত্রীর পর্যবেক্ষণ পর্যন্ত উপেক্ষিত হলো, সে ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানকেই কাজ পাইয়ে দেওয়ার তৎপরতা যে চলছে তা বোঝার জন্য কি বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন আছে?বারবার বলা হচ্ছিল, দেশীয় প্রতিষ্ঠানকে সুযোগ করে দেওয়ার জন্যই শর্ত শিথিল করা হয়েছে। যেখানে ভারতের মতো রক্ষণশীল দেশ এ ধরনের টার্মিনাল পরিচালনার জন্য দক্ষ ও পরীক্ষিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে, সেখানে বাংলাদেশে হঠাৎ করে দেশপ্রেমের (?) এই সাফাই কতটা গ্রহণযোগ্য? তা ছাড়া যে চারটি প্রতিষ্ঠানকে দরপত্র ক্রয়ের জন্য যোগ্য বিবেচনা করা হয়েছিল, তার সব কটির সঙ্গেই বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশীদারি রয়েছে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত। মনে রাখা দরকার, বাংলাদেশের সবচেয়ে বড় ও সম্ভাবনাময় খাত তৈরি পোশাকশিল্পের রপ্তানি গতিশীল রাখার জন্য নিউমুরিং কনটেইনার টার্মিনালের দক্ষ ও নির্বিঘ্ন পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ।যাই হোক, রিভিউ প্যানেলের সর্বশেষ আদেশের ফলে এনসিটির ব্যাপারে জটিলতা নিরসন হয়েছে বলে আমাদের ধারণা। দীর্ঘ কালক্ষেপণের পর চলতি বছরের জুন মাসে যে দরপত্র আহ্বান করা হয়েছিল, এ আদেশের মাধ্যমে তা বাতিল করা হয়েছে। পক্ষান্তরে ২০০৮ সালে প্রথমবারের প্রাক্-যোগ্যতা অর্জনকারী চারটি প্রতিষ্ঠানকে বহাল রেখে পুনরায় টেন্ডার-প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন নৌপরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সব মহলের উচিত হবে নতুন করে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে রিভিউ প্যানেলের নির্দেশনা অনুযায়ী এনসিটি পরিচালনার ভার দ্রুত যোগ্য প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া।প্রথমবার বাছাই হওয়া চারটি প্রতিষ্ঠানের মধ্যে যেটিকে শেষ পর্যন্ত নির্বাচন করা হবে, তাদের সঙ্গে চুক্তি সম্পাদনের পরও এনসিটি পরিপূর্ণভাবে চালু করতে সময় লাগবে অন্তত এক থেকে দেড় বছর। অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদকালে এনসিটির কাজ পূর্ণ প্রক্রিয়ায় চালু হবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেল।এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, মাঝখানে এই যে এতগুলো বছর কেটে গেল, সময়ের এই অপচয়ের দায় কার? রাষ্ট্রের এই অপচয়ের জন্য যারা দায়ী, সরকার কি তাদের চিহ্নিত করবে? তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কি নেওয়া হবে, যাতে দেশের সম্ভাবনা ও সাফল্যের ক্ষেত্রগুলো বারবার কিছু মানুষের স্বার্থের কাছে জিম্মি হয়ে না পড়ে?কালাপাহাড়ি মনোভাব ও একগুঁয়েমির জন্য নানা সময়ে আমরা মহিউদ্দিন চৌধুরীর সমালোচনা করেছি। কিন্তু এ কথা তো ঠিক, ‘বন্দর রক্ষা পরিষদ’ গঠন করে মহিউদ্দিন আন্দোলনে না নামলে এনসিটির ব্যাপারটি জনসমক্ষে আসত না। এই আন্দোলনের পেছনে মহিউদ্দিনের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু সেই রাজনীতি যদি দেশের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় হয়ে ওঠে, তাতে জনসমর্থন থাকবে।মহিউদ্দিনের নেতৃত্বে আন্দোলনের সময় চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে বন্দর ব্যবহারকারীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দর ব্যবহারকারীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, আন্দোলনের নামে বন্দরকে অচল করার কোনো অভিসন্ধি আছে কি না। এই আশঙ্কা অমূলক নয়। কেননা, অতীতেও আমরা দেখেছি, দাবি আদায়ের কৌশল হিসেবে বিভিন্ন সময় বন্দরকে জিম্মি করা হয়েছে। এই কৌশল কিছুতেই সমর্থন করা যায় না। মহিউদ্দিন চৌধুরী তখন ঘোষণা দিয়েছেন, কোনো অবস্থাতেই বন্দর অচল করা হবে না। সম্প্রতি চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে মহিউদ্দিনের বিরোধ আবার নতুন মাত্রা পেয়েছে। কয়েক দিন আগে গঠিত ‘বন্দর রক্ষা পরিষদ’ বিলুপ্ত করে মহিউদ্দিন ‘বন্দর নাগরিক অধিকার পরিষদ’ গঠনের ঘোষণা দিয়েছেন। এই সংগঠনের ব্যানারে বন্দর এলাকায় সমাবেশও করেছেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোরশেদ মুরাদ এক বিবৃতিতে বলেন, ‘বন্দর, ব্রিজ, বিমানবন্দর, অস্ত্রের চালান, গরুর বাজার, খেয়াঘাট, নালা-নর্দমা, রাস্তার ওপর দোকান নির্মাণ—এমন কোনো ইস্যু নেই, যা নিয়ে মহিউদ্দিন চৌধুরী তথাকথিত দুর্বার আন্দোলন করেননি।’ চট্টগ্রাম বন্দরসহ দেশের অর্থনীতিকে অস্থিতিশীল এবং জনদুর্ভোগ সৃষ্টি করার ইতিহাস তাঁর জন্য নতুন কোনো বিষয় নয় বলে অভিযোগ করেছেন মোরশেদ মুরাদ। এই বিবৃতির জবাবে মহিউদ্দিন বলেছেন, ‘লেট দেম বার্ক’ (তাদের ঘেউ ঘেউ করতে দাও)।একজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী সম্প্রদায়ের নেতার মধ্যে এ ধরনের বিরোধ ও অসহিষ্ণুতা সাধারণ নাগরিকের জন্য অস্বস্তিকর নিঃসন্দেহে। একজন শিল্পপতি ও ব্যবসায়ী সংগঠনের নেতা হিসেবে মোরশেদ মুরাদের বিবৃতিতে ব্যবসায়ীদের শঙ্কাটাই ফুটে উঠেছে। নানা সময়ে বন্দর ঘিরে শ্রমিকদের আন্দোলন, অন্যায্য দাবি নিয়ে সভা-সমাবেশ বন্দর ব্যবহারকারীদের তথা দেশের বাণিজ্যের বিপুল ক্ষতি করেছে। এটা কারও কাম্য হতে পারে না। তবে শ্রমিকদের সুযোগ-সুবিধার বিষয়টি যেন উপেক্ষিত না হয়, তা-ও দেখতে হবে।আমরা আশা করব, মহিউদ্দিন তাঁর আগের ঘোষণা অনুযায়ী বন্দরের কার্যক্রমে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় তার উদ্যোগ নেবেন। পাশাপাশি আমরা এ-ও মনে করি, ‘বন্দর নাগরিক অধিকার পরিষদ’-এর মতো সংগঠন যদি ওয়াচ ডগের কাজ করে, তা হলে তার প্রয়োজন আছে। মনে রাখতে হবে, স্টিভিডোর সার্ভিসেস অব আমেরিকার (এসএসএ) সঙ্গে একটি অসম চুক্তির ভিত্তিতে বন্দরের বেসরকারি কনটেইনার টার্মিনাল তাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা রুখে দিয়েছিলেন মহিউদ্দিন। আবার এনসিটি নিয়ে অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে বিষয়টিকে জনসমক্ষে এনেছেনও তিনি। মোট কথা, দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ বন্দরকে যেমন যেকোনো মূল্যে সচল রাখতে হবে, তেমনি এর অভ্যন্তরে অনিয়ম বা দুর্নীতি ঘটলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাও জরুরি। বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক। [email protected]