একটি প্রশংসনীয় ও অনুসরণীয় উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক সময় আমরা সংস্কার শুরুর জন্য অবকাঠামোসহ নানা ধরনের শর্ত আরোপ করি, কিন্তু ব্যক্তি উদ্যোগ কখনো কখনো বড় পরিবর্তনের অনুঘটক হতে পারে। ঢাকার ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাহ উদ্দিন তেমনই একটি ভালো নজির স্থাপন করেছেন। দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে ডিজিটাল কেন্দ্র স্থাপিত হয়েছে। এই বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে ঢাকার ডিসি এর আগে পঞ্চগড়ে প্রথম স্বল্প ফি অথচ দ্রুততার সঙ্গে পরচা সরবরাহের একটি পরীক্ষামূলক উদ্যোগ নিয়ে সফল হন। এরপর তিনি ঢাকায় বদলি হয়ে এসে কেরানীগঞ্জে একইভাবে মাত্র ১২০ টাকা পরিশোধ করে ঘরে বসে ডাকযোগে সাধারণ মানুষের পরচা প্রাপ্তি নিশ্চিত করেন। কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনলাইনে আবেদনকারী চারজনের হাতে গত রোববার পরচা তুলে দেন বিভাগীয় কমিশনার।
এখন থেকে ঢাকার পাঁচটি উপজেলার ৭২টি ইউপির সব কটিতেই একইভাবে ডিজিটাল পরচা মিলবে। এ কথা সর্বজনবিদিত যে জনজীবনের সব থেকে বড় ভোগান্তি ভূমি ব্যবস্থাপনা, ভূমি বিরোধেই দেদার ঘটে সহিংসতা, জমে ওঠে মামলাজট। ভূমি অফিসগুলো অনেক ক্ষেত্রে দুর্নীতির আখড়া হয়ে আছে। এটা স্বাভাবিক সেবাদাতার সঙ্গে সেবাগ্রহীতার যত বেশি পর্যায়ে দেখা হবে, তত বেশি দুর্নীতির মাত্রা বাড়ার আশঙ্কা তৈরি হবে।
সাধারণভাবে পরচা পেতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগলেও আবেদনকারীকে তদবিরের জন্য বারংবার ‘উপরি’ হাতে ভূমি অফিসে ধরনা দিতে হয়। কিন্তু ডিজিটাল ব্যবস্থায় কারও সঙ্গে দেখা-সাক্ষাতের ব্যাপার নেই। অনলাইনে আবেদন করতে কেবল একবার সশরীরে ইউপি ডিজিটাল সেন্টারে আসতে হবে। আমরা অনুমান করতে পারি, ধীরে ধীরে এটা শুধু পরচার মধ্যেই সীমিত থাকবে না, সেবাদানের পরিধি বাড়বে। আশা করব, এই ব্যবস্থা কার্যকর প্রমাণিত হলে তা দ্রুত সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।