জনপ্রিয় ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ সম্প্রতি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর এই অপ্রত্যাশিত মৃত্যুতে দেশবাসী শোকে মুহ্যমান। দলমত-নির্বিশেষে প্রত্যেকে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে।গল্প, উপন্যাস ও নাটক লিখে এবং নাট্য ও চলচ্চিত্রনির্মাতা হিসেবে হুমায়ূন আহমেদ সাফল্যের শীর্ষে উঠেছিলেন। জীবনের জটিল কথাগুলো সহজ-সরলভাবে অবলীলায় তাঁর লেখায় বলে গেছেন। পাঠকেরা তাঁর লেখা পড়ে এবং নাটক ও চলচ্চিত্র দেখে মুগ্ধ ও আলোড়িত। যুগোত্তীর্ণ হুমায়ূন আহমেদ বহুদিন পাঠকের মনে জাগ্রত থাকবেন।হুমায়ূন আহমেদের প্রকাশিত গল্প-উপন্যাসের বিশাল ভান্ডার থেকে শিক্ষার্থীদের জন্য নির্বাচিত একটি গল্প ও একটি উপন্যাস মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাংলা বিভাগের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য পত্রিকার মাধ্যমে প্রস্তাব করছি।বিষয়টি বিবেচনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।মাহতাব আলীমিরপুর, ঢাকা।