বাঁধহীন উপকূলীয় কোনো জনপদ কী রকম অভিশপ্ত হতে পারে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে না গেলে বোঝা যাবে না। খোলপেটুয়া নদীতে জোয়ার এলেই ঘর থেকে বের হয়ে ভাঙা বাঁধে আশ্রয় নেয় এখানকার মানুষ। আবার পানি নেমে গেলে ঘরে ফেরে। এটিই তাদের জীবনযাপনের নিত্যদিনের রুটিন হয়ে গেছে। দিনে দুবার জোয়ারের পানিতে এভাবেই ভুগতে হচ্ছে তাদের। ঘূর্ণিঝড় আসে ঘূর্ণিঝড় যায়, কিন্তু বাঁধের সংস্কার হয় না। দিনকে দিনকে জনশূন্য হয়ে পড়ছে প্রতাপনগর। ভিটেমাটি ছেড়ে সেখানকার বাসিন্দারা শহরে চলে আসতে বাধ্য হচ্ছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি সরকারি কর্তৃপক্ষের গাফিলতির বড় ধরনের শিকার তারা।
প্রথম আলোর এক প্রতিবেদন জানায়, প্রাকৃতিক দুর্যোগে দ্বীপ ইউনিয়নটির মানুষ সোজা হয়ে দাঁড়ানোর আগেই তা আবার আঘাত হানে। ভেঙে যাওয়া বাঁধের কারণে ১৬ মাসের বেশি সময় ধরে এ ইউনিয়নের মানুষের জীবন বাঁধা পড়েছে খোলপেটুয়া নদীর জোয়ার-ভাটায়। ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানে সাতক্ষীরায়। ভেঙে যায় শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ। বন্যতলা এলাকার বেড়িবাঁধ ছাড়া ভেঙে যাওয়া অন্য বাঁধ সংস্কার করে লোকালয় পানি ঢোকা বন্ধ করা গেছে। স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কয়েকবার পানি আটকানোর চেষ্টা করলেও গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভাঙন বেড়ে দুর্ভোগ বেড়ে গেছে কয়েক গুণ।
ইউনিয়নের কুড়িকাউনিয়া প্রতাপনগর, মান্দারবাড়িয়া, বন্যতলা, কল্যাণপুরসহ আরও কয়েকটি গ্রামের যত দূর দেখা যায় পানি আর পানি। কাঁচা ঘরবাড়ি অনেক আগেই বিলীন হয়ে গেছে। আধপাকা বাড়িগুলোও দেয়াল খসে পড়েছে। ছাউনি নেই। এসব গ্রামের মানুষ চলে গেছে অন্যত্র। যাঁরা আছেন, তাঁরাও চলের যাওয়ার চিন্তা করছেন। কারণ, কোনো কাজ নেই।
প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিনি নিজে কয়েকবার বন্যতলা এলাকার ভাঙনকবলিত বাঁধ মেরামত করার চেষ্টা করে সফল হননি। পাউবোর কর্মকর্তাদের আম্পানের আগে একাধিকবার বললেও তাঁরা কর্ণপাত করেননি। ফলে এই বাঁধ ভেঙে গেছে। তাঁদের মেরামতের তাগিদও নেই। যদিও পাউবো বলছে, চলতি মাসে বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছে। তবে প্রথম আলোর প্রতিনিধি ফোনে জানালেন, কাজের ধীরগতির কারণে ভুগতে হচ্ছে এখানকার মানুষকে। বাঁধ সংস্কার ও তদারকি নিয়ে পাউবোর বিরুদ্ধে বিস্তর অভিযোগ নতুন নয়। তাদের বলব, দ্রুত কাজ শেষ করে অসহায় মানুষগুলোকে রেহাই দিন।