একটি বাংলা বেতারের অকালমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৪০ বছর ধরে চালু থাকা ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানের সম্প্রচার শেষ হয়েছে ৮ মার্চ। ভাগ্য ভালো যে বিবিসি ছাড়ার পর ডয়চে ভেলে বাংলায় যোগ দিতে আমি তেমন একটা উৎসাহ দেখাইনি। না হলে, মাত্র বছর দেড়েকের মাথায় আমিও একটি আন্তর্জাতিক বাংলা রেডিওর শেষকৃত্যের অংশ হয়ে যেতাম। ২০০৫ সালে যখন আমি বিবিসি বাংলার বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলাম, সে সময়ে ডয়চে ভেলে বাংলার তৎকালীন প্রধান আবদুল্লাহ আল ফারুকের অনুরোধে তাঁদের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য শুভেচ্ছাবাণী দেওয়ার সময় কল্পনাও করতে পারিনি যে আট বছরের মাথায় ওই বাংলা রেডিওর সম্প্রচার সেবা বন্ধ হয়ে যাবে। ডয়চে ভেলের কর্তৃপক্ষ অবশ্য ঘোষণা করেছে যে এখন থেকে সপ্তাহে এক দিন বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন কেন্দ্র তাদের একটি বাংলা অনুষ্ঠান প্রচার করবে। অনুষ্ঠানটি হবে বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশের নানা বিষয় নিয়ে। অর্থাৎ, সংবাদনির্ভর নয়। আর এই চুক্তিটি যে কত দিন বহাল থাকবে, তা-ও তারা খোলাসা করেনি।ডয়চে ভেলের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান গ্রেহাম লুকাস এই সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেছেন যে গত কয়েক বছরে বাংলাদেশে সংবাদমাধ্যমের প্রতি মানুষের মনোভাব অনেক বদলে গেছে। এর কারণও রয়েছে। বাংলাদেশে সংবাদমাধ্যমের ক্ষেত্র অনেক শিথিল ও উদার হয়ে ওঠায় মত প্রকাশের অধিকার আরও জোরালো হয়ে উঠেছে। বড় বড় টেলিভিশন সংস্থার পাশাপাশি ইন্টারনেটেও স্বাধীন সংবাদ পোর্টাল তৈরি হয়েছে, ব্লগাররাও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনেক বেসরকারি এফএন স্টেশনও গড়ে উঠেছে। একই সঙ্গে নিরপেক্ষ সূত্র হিসেবে ডয়চে ভেলে, ভয়েস অব আমেরিকা বা বিবিসিসহ আন্তর্জাতিক বেতারকেন্দ্রের ওপর নির্ভরতাও অনেক কমে গেছে।গ্রেহাম লুকাস আরও বলেছেন যে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক প্রান্তেই এমন প্রবণতা আমরা লক্ষ করছি। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডয়চে ভেলেকেও তার কৌশল বদলাতে হচ্ছে। সমসাময়িক পরিস্থিতি অনুযায়ী সব অঞ্চলের জন্য কন্টেন্ট স্থির করতে হচ্ছে। আফ্রিকা ও কিছু সংকটপূর্ণ অঞ্চল ছাড়া ডয়চে ভেলে অন্য কোথাও আর সরাসরি রেডিও সম্প্রচার করছে না। এমনকি জার্মান ভাষায় রেডিও পরিষেবাও বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের সংবাদমাধ্যমে গত কয়েক বছরে যে উদারনৈতিক পরিবর্তনের কথা গ্রেহাম লুকাস বলেছেন, তা অস্বীকার করার কোনো উপায় নেই। বেসরকারি টেলিভিশন, এফএম রেডিও, সংবাদপত্র, অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলো অবাধ তথ্যপ্রবাহের ধারায় যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে তাতে কোনো সন্দেহ নেই। তবে, স্থানীয় রেডিও-টিভিগুলোর কারণে দেশের বাইরের নিরপেক্ষ সূত্রের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে, সে কথাটিও ঠিক নয়। বিশ্বের অন্য অনেক দেশের মতোই বাংলাদেশেও সংবাদমাধ্যমের অবাধ বিকাশের কারণে ডয়চে ভেলে, ভয়েস অব আমেরিকা বা বিবিসিসহ আন্তর্জাতিক বেতারকেন্দ্রের ওপর নির্ভরতাও অনেক কমে গেছে বলে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, সেটা অংশত সত্য হলেও যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, সেটির কোনো উল্লেখই তাঁর বক্তব্যে নেই। তিনি কোথাও তাঁদের নিজেদের আর্থিক দৈন্যের কথা স্বীকার করেননি। পাশ্চাত্যের যে তিনটি সম্প্রচার প্রতিষ্ঠান—বিবিসি, ভিওএ এবং ডয়চে ভেলে বাংলা অনুষ্ঠান ছাড়াও অন্যান্য ভাষা এবং ইংরেজিতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা দেশের নানা গোষ্ঠীর শ্রোতাদের উদ্দেশে অনুষ্ঠান প্রচারের মাধ্যমে জনপ্রিয় সংবাদমাধ্যমে পরিণত হয়েছিল, তাদের কার্যক্রম ক্রমশ সংকুচিত হয়ে আসার প্রধান কারণ হচ্ছে অর্থসংকট। বিশ্ব যখন দুই পরাশক্তির প্রভাব বিস্তারের চারণক্ষেত্র ছিল তখন মুক্তবিশ্ব ও গণতন্ত্রের পক্ষে বিশ্ব জনমতকে উদ্বুদ্ধ করার দায়িত্ব পড়েছিল পাশ্চাত্যের এসব সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর ওপর। ফলে, বাজেট বরাদ্দের ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানে একটা আলাদা গুরুত্ব ছিল।তবে, তৃতীয় বিশ্বের অন্য অনেক দেশের মতোই বাংলাদেশেও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে গণমাধ্যমের, বিশেষ করে সম্প্রচার মাধ্যমের নাটকীয় বিকাশ ঘটলেও রাজনৈতিক, বাণিজ্যিক এবং গোষ্ঠীগত স্বার্থের কারণে এগুলোর অনেকেরই সম্পাদকীয় নীতি প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। অবশ্য রেডিওর ক্ষেত্রে সম্পাদকীয় নীতিমালায় এ ধরনের প্রভাব কিছুটা কম। টেলিভিশনের কারণে রেডিও আর টিকবে না বলে যাঁরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তাঁদের মুখে ছাই দিয়ে তরতর করে এগিয়ে চলেছে এফএম রেডিওগুলো। এমনকি, কমিউনিটি রেডিওগুলোর অনেকেই ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে রেডিওর জনপ্রিয়তা একটুও কমেনি।ইতিমধ্যে বিশ্বরাজনীতির বাস্তবতায় পরিবর্তনের পটভূমিতে বৃহৎ শক্তিগুলোর বাজেট বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকারও বদলে গেছে। যেকোনো সংকট তা সে রাজনৈতিক, সামরিক কিংবা প্রাকৃতিক-এর সময়ে এসব রেডিও ছিল শ্রোতাদের একমাত্র নির্ভরযোগ্য সংবাদসূত্র। কিন্তু এখন সেসব বিশেষ অবস্থায় স্বদেশি বেতার-টেলিভিশনের পাশাপাশি এগিয়ে যাচ্ছে অপেক্ষাকৃত নতুন বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো। কখনো তা সরাসরি সম্প্রচারে আবার কখনো কখনো তা ব্যতিক্রমী বৈশিষ্ট্য ও সৃজনশীল বিশ্লেষণধর্মী অনুষ্ঠানের মাধ্যমে। পুরোনো বৈশ্বিক ব্র্যান্ডগুলো খবর প্রচারে প্রথম হওয়ার দৌড়েও যেমন পিছিয়ে থাকছে তেমনি অর্থাভাবে আকর্ষণীয় অনুষ্ঠান নির্মাণেও পেরে উঠছে না। প্রতিযোগিতায় টিকতে না পারার প্রধান কারণ যে ফিবছর বাজেট কমানো এবং তার পরিণতিতে লোকবল ছাঁটাই এবং অনুসন্ধানী সাংবাদিকতার জন্য অর্থ খরচ করতে না পারা, সে কথা এরা কেউ স্বীকার করতে চান না। তবে, কথাটা অকপটে স্বীকার করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মাত্র, দুই বছর আগে ২০১১ সালের মার্চের ২ তারিখে কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটির সামনে তাঁর মন্ত্রণালয়ের বাজেটের পক্ষে সাফাই দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘টাকার প্রয়োজন এ কারণে যে আমরা একটা প্রচারযুদ্ধের মধ্যে রয়েছি এবং এই প্রচারযুদ্ধে আমরা হেরে যাচ্ছি। ভয়েস অব আমেরিকা এবং তার সহযোগী আরও কয়েকটি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ চাইতে গিয়ে হিলারি ক্লিনটন বলেন আল-জাজিয়া জয়ী হচ্ছে। চীনারা ইংরেজিতে একটি বৈশ্বিক এবং অন্যান্য ভাষায় টেলিভিশন নেটওয়ার্ক শুরু করেছে, রুশরা ইংরেজিতে একটি নেটওয়ার্ক শুরু করেছে। কয়েকটি দেশে আমি এগুলো দেখেছি।’এমনকি গত ২৩ জানুয়ারি তিনি কংগ্রেসে বেনগাজিতে সন্ত্রাসী হামলায় রাষ্ট্রদূত নিহত হওয়ার বিষয় সাক্ষ্য দিতে এসেও বলেন, ‘জিহাদিরা তাদের বার্তাগুলো ছড়িয়ে দিতে যতটা সফল হচ্ছে, আমরা ততটা পারছি না, তার কারণ হচ্ছে আমাদের সেই ক্ষমতা কার্যকারিতা হারিয়েছে।’বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সেবার পেছনে ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তর বার্ষিক যে ২৭ কোটি পাউন্ড ব্যয় করে তা আগামী বছর অর্থাৎ ২০১৪ থেকে বন্ধ হয়ে যাবে। তখন থেকে ওয়ার্ল্ড সার্ভিসের খরচ জোগানোর কথা মূল বিবিসির বাজেট থেকে অর্থাৎ ব্রিটেনে যাঁরা টেলিভিশন দেখার জন্য প্রতিবছর লাইসেন্স ফি দেন, সেই টাকার একটি অংশ থেকে। অর্থায়নের এই ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে অনেকেই শঙ্কিত এবং সে কারণেই টোরি পার্টির ঘনিষ্ঠ রক্ষণশীল গবেষণা প্রতিষ্ঠান সিভিটাস প্রস্তাব দিয়েছে যে বৈদেশিক সাহায্যের বাজেট থেকে ওয়ার্ল্ড সার্ভিসের অর্থায়নের ব্যবস্থা করা হোক। সিভিটাসের মতে, বিদেশে গণতান্ত্রিক মূল্যবোধের প্রসার এবং আরও প্রভাব বিস্তারের জন্য প্রথাগত সাহায্যের পরিবর্তে এই ‘সফট ডিপ্লোম্যাসি’ অনেক বেশি অর্থবহ হবে। বাংলাদেশে অবশ্য এই সাহায্যের অর্থ দিয়েই কয়েক বছর ধরে বাংলাদেশ সংলাপ নামে বিবিসি রেডিও ও টেলিভিশনের জন্য অনুষ্ঠান করে আসছে। দেশে দেশে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বিকাশের কারণে বৈশ্বিক সংবাদ প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে বিষয়টি যে মোটেও সে রকম নয়, হিলারি ক্লিনটনের কথাতেই তার সাক্ষ্য মেলে। পাশ্চাত্যের সংবাদমাধ্যমগুলোর বৈশ্বিক সেবা প্রদানের ক্ষমতা সংকুচিত হওয়ায় যে শূন্যতা তৈরি হচ্ছে তা পূরণ করার প্রতিযোগিতায় অনেকেই এগিয়ে এসেছে। আল-জাজিরার পাশাপাশি এ ক্ষেত্রে চীন এবং রাশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ এতটাই বড় আকারের যে তার সঙ্গে প্রতিযোগিতার কথা পাঁচ বছর ধরে মন্দায় পীড়িত অথবা মন্দা মোকাবিলায় হিমশিম খাওয়া পশ্চিমা অর্থনীতিগুলোর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আর, সে ক্ষেত্রে প্রথম পরাজয় মানল ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি জার্মানি। ডয়চে ভেলে বাংলা এ ক্ষেত্রে প্রথম হলেও তারাই কি শেষ? কামাল আহমেদ: প্রথম আলোর লন্ডন প্রতিনিধি।