বানানো হয়েছে সড়ক, কিন্তু ব্যবহৃত হচ্ছে আবর্জনার ভাগাড় হিসেবে। এই হলো মৎস্য ভবন-নটর ডেম কালভার্ট রোডের অবস্থা। ভাগাড় হলেও খুব দামি ভাগাড় বলতে হবে, কেননা এই সড়ক বানাতে খরচ হয়েছিল দেড় শ কোটি টাকা! এ-ও একধরনের উন্নয়ন বটে।
ঢাকা শহরে সড়কে আবর্জনার পাহাড় জমানোয় অধিবাসী ও সিটি করপোরেশন সমানে সমান। নির্মাণের উন্নয়নে যত উৎসাহ দেখা যায়, জনকল্যাণের ব্যবস্থাপনায় ততটাই উদাসীন সিটি করপোরেশন। রাজউকের নির্মিত ওই কালভার্ট সড়কটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরিত হয় ঠিকই, কিন্তু এর রক্ষণাবেক্ষণের দায় তারা ঠিকমতো পালন করছে না। সেই সুযোগে এই সড়কে জমানো হচ্ছে আবর্জনা, গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। এলাকাবাসী কিংবা পাশের নটর ডেম কলেজের শিক্ষার্থীদের কোনো কাজেই লাগছে না সড়কটি। তা ছাড়া এই সড়ক চালু থাকলে মতিঝিল এলাকার যানজটও লাঘব হতো। কিন্তু রাস্তা ব্যবহারের অযোগ্য হওয়ায় সুফলের বদলে তা কুফলই বয়ে এনেছে। ঢাকার দুটি সিটি করপোরেশনেরই আবর্জনা–ব্যবস্থাপনা প্রায় ‘অসভ্য’ পর্যায়ে পড়ে রয়েছে। তাই অনেক রাস্তাতেই দুর্গন্ধ ও কুৎসিত দৃশ্য সহ্য করতে হয় নগরবাসীকে।
রাজধানীতে সড়ক রক্ষণাবেক্ষণের দুর্দশা নতুন নয়। কিন্তু আমাদের প্রশ্ন, শত শত কোটি টাকা ব্যয় করে যে সড়ক, নালা, কালভার্ট ইত্যাদি তৈরি হয়, সেগুলোর উদ্দেশ্য কি অর্থ খরচের মওকা বের করা, নাকি জনগণের জীবনযাত্রাকে সহজ করা? সম্প্রতি ৪০০ কোটি টাকা ব্যয়ের পর ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ নেটওয়ার্ক’ স্থাপনের কাজ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্প বাতিল হলে ওই অঞ্চলের মানুষ সুবিধাবঞ্চিত হবে। তার চেয়েও বড় কথা, এই ৪০০ কোটি টাকা অপচয়ের দায় কার আর খেসারতই বা কে দেবে?
উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণ করলেই হয় না, তার রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনাও সুষ্ঠু হতে হয়। যথাযথ পরিকল্পনা ছাড়াই ধর তক্তা মার পেরেক গোছের কার্যকলাপ সরকারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হতে পারে না। অবিলম্বে রাস্তাটি পরিষ্কার করে চলাচলের উপযোগী করে রাখার ব্যবস্থা হোক।