একটি ভালো দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রেলপথ অপয়া ছিল না, কিন্তু অপচয়ে অপচয়ে প্রতিষ্ঠানটিকে নাজুক করে রাখা হয়েছে। এরই উদাহরণ সামনে এনেছে মঙ্গলবারের প্রথম আলোর একটি সংবাদ। ‘অচল’ ঘোষিত পরিত্যক্ত একটি রেল কোচ নবযৌবন পেয়েছে রেলওয়ের নিজস্ব কারখানায়। যার গন্তব্য ছিল ভাগাড়, তাই যখন নতুন শক্তিতে রেলবহরে যোগ হওয়ার যোগ্য হয়ে ওঠে, তখন আশাবাদী হতে হয় বৈকি! দৃষ্টান্তটি রেলওয়ে পরিচালনার নীতিকেই প্রশ্ন করে যে ‘অচল’ ও ‘লোকসানি’ ঘোষণার উৎসাহটা কি দায়িত্বহীনতা নয়?
রেলওয়ের চত্বরে ছয় মাস অকেজো অবস্থায় পড়ে থাকা কোচটির দিকে তাকিয়ে কর্মকর্তাদের মনে হয়, এটিকে সংস্কার করা সম্ভব। ঘটনাস্থল সৈয়দপুরের বাংলাদেশ রেলওয়ে কারখানা। সেখানকার প্রকৌশলীরা আগে নতুন কোচ বানাতেন; এখন অনেক টাকা দিয়ে তা বিদেশ থেকে আমদানি করা হয়। তার যে দরকার নেই, কোচটির নকশা পাল্টে মাত্র ১৫ লাখ টাকা খরচ করে প্রকৌশলীরা একে আরও এক যুগ পথ চলার উপযোগী করে দিলেন। চীন বা ভারত বা ইন্দোনেশিয়া থেকে এ রকম একটি কোচ আমদানি করতে ব্যয় হতো চার থেকে পাঁচ কোটি টাকা। ঘটনাটি বড় কিছু নয়, কিন্তু এ থেকে রেল খাতের ব্যবস্থাপনার সমস্যা চিহ্নিত করা যায়।
১৯৯৩ সাল থেকে তৎকালীন সরকারের নির্দেশে নতুন কোচ নির্মাণ বন্ধ হয়ে যায়। এরও আগে থেকে বিভিন্ন সময় বিশ্বব্যাংক রেল খাতকে যুগোপযোগী করার বিনিয়োগে আপত্তি দিতে থাকে। রেল খাত হয়ে ওঠে দুর্নীতি ও অবহেলার শিকার।
এখন ২১ বছর পর একটি পুরোনো কোচকে নবযৌবন দেওয়া সম্ভব হলে সমগ্র রেল খাতকেই কেন ঢেলে সাজানো যাবে না? চাহিদা রয়েছে, বিনিয়োগের দেশীয় সামর্থ্যও রয়েছে, রয়েছে শতবর্ষের পুরোনো অভিজ্ঞতা; তাহলে কেন হবে না?
রেল খাতকে নবায়ন ও প্রসারণ এখন সময়ের দাবি। লোকসান বন্ধ করতে হলে দুর্নীতি ও অব্যবস্থাপনাকে বিতাড়ন করতেই হবে। সৈয়দপুরের রেলওয়ে কারখানা প্রমাণ করেছে, আমরা পারি।