বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিজয়ী প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে আমাদের অভিনন্দন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন খানকেও আমরা ধন্যবাদ জানাই। তাঁরা যথাক্রমে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন, কিন্তু চিরাচরিত বৈরিতা ও উত্তেজনা সৃষ্টির পথে না গিয়ে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে উভয়ে অবদান রেখেছেন।
এই নির্বাচন স্থানীয় সরকারের পর্যায়ের হলেও পুরো জাতির দৃষ্টি এদিকে নিবদ্ধ ছিল। প্রথমত, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত এর আগের নির্বাচনগুলো নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে; নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত ও ব্যর্থতার অনেক অভিযোগ উচ্চারিত হয়েছে। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচন এতটাই বিতর্কিত হয়েছে যে নির্বাচন কমিশনের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। এই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা ভীষণভাবে হ্রাস পেয়েছে। বিএনপি ও তার মিত্র দলগুলো এই প্রতিষ্ঠানটির ওপর আস্থা পুরোপুরি হারিয়ে ফেলেছিল এবং তারা একাধিকবার বলেছে যে তারা মনে করে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।
কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে সেটা সম্ভব। এ নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কেউ প্রশ্ন তোলেননি। সাধারণ মানুষের মধ্যেও কোনো অভিযোগ নেই। যদিও সাখাওয়াত হোসেন খান তাৎক্ষণিকভাবে ‘সূক্ষ্ম কারচুপি’র অভিযোগ তুলেছেন, কিন্তু নারায়ণগঞ্জের স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ তাঁর এই অভিযোগকে সমর্থন করে না। নির্বাচনের পরদিন বিজয়ী আইভী মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় গেলে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাখাওয়াত বলেছেন, মেয়র আইভী যদি সব দলকে সঙ্গে নিয়ে চলেন, সবার জন্য কাজ করেন, তাহলে তিনি তাঁকে সহযোগিতা করবেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভালো নির্বাচনের একটা অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। দুই প্রধান প্রতিপক্ষ প্রার্থী নির্বাচনী প্রচারণার শুরু থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত শান্তিশৃঙ্খলা বজায় রেখেছেন এবং নির্বাচনের পরে জয়-পরাজয় মেনে নিয়ে পরস্পরের কাছাকাছি হয়েছেন, পরস্পরকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। শুধু স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এটাই প্রত্যাশিত মানসিকতা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার পেছনে এই মানসিকতার অবদানই বেশি ছিল বলে প্রতীয়মান হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রতিপক্ষ বিএনপি এ নির্বাচনে দলগতভাবে সংযমের পরিচয় দিয়েছে। জাতীয় রাজনীতিতেও তাদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও কার্যকর রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠুক।