সিলেটের বালাগঞ্জ উপজেলার বড়ভাগা নদীতে একটি সেতুর প্রয়োজন থাকলেও তা কেন এত দিনে হয়নি, সেটা একটা বিস্ময় বটে। একটি সেতুর অভাবে উপজেলার দেড় লাখ মানুষ যে কষ্ট করছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বড়ভাগা নদীতে সেতু না থাকায় বালাগঞ্জ উপজেলার সদর, দেওয়ানবাজার, গৌরীপুর ও বালাগঞ্জ—এই চার ইউনিয়নের অন্তত দেড় লাখ মানুষকে উপজেলা সদরে যেতে হলে খেয়ানৌকায় পারাপার হতে হয়। বর্ষা ও বৃষ্টির মৌসুমে নদীতে প্রবল স্রোত থাকে। তখন ঝুঁকি নিয়ে বিশেষত স্কুলের শিক্ষার্থী, প্রবীণ ব্যক্তি, নারী ও শিশুদের পারাপার হতে হয়। মাঝে মাঝে নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠে। তখন ডুবে যাওয়ার ভয় থাকে। এর মধ্যে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ঝুঁকির পাশাপাশি নৌকা পারাপারে সময়ও লাগে অনেক। আবার সন্ধ্যার পর খেয়া পারাপার বন্ধ থাকে। তাই রাতের বেলা অসুস্থতার কারণে কাউকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যেতে চাইলে স্থানীয় মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছায়।
এই দুর্ভোগ অবসানের জন্য এলাকার লোকজন অনেক দিন ধরেই নদীতে একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাঁদের সেই দাবি পূরণ হয়নি। এই যে দিনের পর দিন এভাবে চলছে, তাতে এ প্রশ্ন খুব স্বাভাবিক যে স্থানীয় প্রশাসন বলে আদৌ কিছু আছে সেখানে? এলাকার সাংসদই-বা কী করছেন? তিনি কি দেখছেন না এই এলাকার লোকজন যাতায়াত করতে গিয়ে কী কষ্টই না করছে?
স্বাধীনতার পর দীর্ঘ ৪৬ বছরে অনেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁরা কী করেছেন? এলাকার উন্নয়ন ও লোকজনের চলাচলের সুবিধা নিশ্চিত করার দায়িত্ব তো তাঁদেরই। বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অবশ্য বলেছেন, বড়ভাগা নদীতে সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প নিয়েছে উপজেলা পরিষদ। আগামী মাসে এর দরপত্র আহ্বান করা হবে।
আমরা আশা করব, দ্রুত এই সেতু নির্মাণের কাজ শুরু হবে এবং স্থানীয় মানুষের ভোগান্তি পুরোপুরি দূর হয়ে যাবে।