একটি সেতুর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌর এলাকার ভেতরেই এ গ্রামের নাম চরকিশোরগঞ্জ (মোল্লাপাড়া)। এর উত্তর ও পূর্ব দিকে ধলেশ্বরী নদী, পশ্চিম ও দক্ষিণ দিকে শাখা ধলেশ্বরী নদী। অর্থাৎ চারদিক থেকেই গ্রামটি নদী দ্বারা বেষ্টিত। তবে উত্তর দিকে লাগোয়া একটা চর আছে। শুকনো মৌসুমে চরটা শুকিয়ে গেলে গ্রামবাসী তার ওপর দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যাতায়াত করতে পারে। কিন্তু বর্ষায় চর ডুবে গেলে পুরো গ্রামটিই চারপাশ থেকে পানিবেষ্টিত একটা দ্বীপের মতো বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ছয় হাজার মানুষের গ্রামটিকে যথেষ্ট বড়ই বলতে হয়, কিন্তু সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের প্রতিদিন স্কুল-কলেজে যাওয়া-আসা করতে হয় নৌকায়। এটা যেমন ব্যয়সাধ্য, তেমনি ঝামেলাপূর্ণ ও সময়সাপেক্ষও বটে। নদীর পাড়ে নৌকার জন্য অপেক্ষায় থেকে তাদের সময় নষ্ট হয়, রোদ ও ঝড়-বৃষ্টিতে তাদের কষ্ট হয়। বিশেষভাবে ভোগান্তি হয় মেয়ে শিক্ষার্থীদের। চাকরিজীবীদেরও একই রকম দুর্ভোগের শিকার হতে হয়। গ্রামটিতে কোনো চিকিৎসাকেন্দ্র নেই। অসুখ-বিসুখ হলে রোগীদের দূরে যেতে হয়। সময়মতো নৌকা না পেলে গুরুতর রোগীদের প্রাণসংশয় দেখা দেয়। নৌকাতেই রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে।

এই গ্রামবাসীর জন্য একটা সেতু খুব প্রয়োজন। বিভিন্ন নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। কিন্তু ভোটের পর প্রতিশ্রুতি ভুলে যান। এলজিইডি বলে, সেতু নির্মাণের দায়িত্ব তাদের নয়। পৌরসভাও কাজটি করেনি। প্রায় ৫০ বছর ধরে গ্রামবাসী একটা সেতুর দাবি জানিয়ে আসছে। তাদের দাবি পূরণ করা হোক। পৌরসভার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া উচিত।