একতরফা ইউপি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন যেন এক দায়সারা, নিষ্ক্রিয় ও নির্বিকার ভূমিকা পালনের অবস্থান নিয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে নানা অভিযোগ ও বাস্তব পরিস্থিতিকে তারা কার্যত বিবেচনার বাইরে রাখছে। ইউপি নির্বাচন নিয়ে অতীতে যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তা কার্যত প্রাণহীন, একতরফা ও জবরদখলের নির্বাচনে পরিণত হতে চলেছে।
এবারই প্রথম ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থীরা রাজনৈতিক মনোনয়নে নির্বাচন করতে যাচ্ছেন। কিন্তু প্রথম দফার ভোট গ্রহণের আগেই দেখা গেল ৭৩৮টি ইউপির মধ্যে ৬৬টিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ১১৪টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। কোনো রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে না, কিন্তু এরপরও কেন এমন হচ্ছে, তা বিবেচনায় নেওয়ার দায় যেন নির্বাচন কমিশনের নেই। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ভয়ভীতি, চাপ ও হুমকি রয়েছে—এমন অভিযোগ নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না।
দ্বিতীয় দফায় ৬৪৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনেও মনোনয়নপত্র দাখিল শেষে দেখা গেল ১৩টি ইউনিয়ন পরিষদে শুধু আওয়ামী লীগের প্রার্থীরা রয়েছেন। ৬৩টিতে বিএনপির প্রার্থী নেই। ফেনীর পরশুরামের তিনটি ইউনিয়নেই চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কীভাবে প্রার্থীদের জোরজবরদস্তি করে প্রার্থী হওয়া থেকে বিরত রাখা হয়েছে, তার বিবরণ পত্রিকায় প্রকাশিত হয়েছে। টের পাওয়া গেছে পুলিশের অসহায়ত্ব। আগের পৌরসভা নির্বাচনে সেখানে একই দশা হয়েছিল। এটা কি স্বাভাবিক কোনো ঘটনা হতে পারে?
এদিকে অতীতের চেয়ে এবারের ইউপি নির্বাচনে বেশি সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন স্থানে এর কিছু আলামতও দেখা যাচ্ছে। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ক্ষমতা দেওয়া আছে। কিন্তু নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে তার ক্ষমতা ব্যবহার থেকে বিরত থাকছে এবং এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির অক্ষমতাই দিনে দিনে স্পষ্ট হচ্ছে। নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থাকে অকার্যকর করার দায় নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।