একুশের চেয়ারম্যানকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাতে আইনের প্রতি সরকারের শ্রদ্ধাশীল থাকা প্রমাণিত হয়নি। কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, সেটা স্বাভাবিক। কিন্তু যেই মামলায় আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি তার এজাহারভুক্ত আসামি ছিলেন না। অফিস থেকে নেমে বাড়ি ফেরার পথে ডিবি পুলিশ আটক করার পর ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এটি আইনের সুস্পষ্ট ব্যত্যয়।
ইটিভির অনুষ্ঠান প্রচার বন্ধ, সালাম কারাগারেএকুশে টিভির চেয়ারম্যানকে গ্রেপ্তারের পটভূমিও ব্যাখ্যার দাবি রাখে। গত নভেম্বরে পর্নোগ্রাফি আইনে টিভি চ্যানেলটির বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও, তিনি আসামি হলেন ৫ জানুয়ারি ইটিভিতে লন্ডনপ্রবাসী বিএনপির নেতা তারেক রহমানের বক্তৃতা সরাসরি প্রচারের পর। বিভিন্ন স্থানে ইটিভির অনুষ্ঠান প্রচার বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও লক্ষণীয়। এটা তাই সন্দেহজনক যে আগের মামলা মুখ্য নয়, বরং তারেক রহমানের বক্তৃতা প্রচারের কারণেই সরকার প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে পারে। এটা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হুমকি। গতকাল হাইকোর্ট তারেক রহমানের বক্তৃতা-বিবৃতি প্রচার করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন। কিন্তু এর আগে কোনো বাধানিষেধ ছিল না। এভাবে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেপ্তার ও অনুষ্ঠান প্রচারে বাধা দেওয়ায় গণমাধ্যমের প্রতি সরকারের বৈরী আচরণই ফুটে উঠেছে।
আমরা সরকারের এহেন পদক্ষেপে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এটা ব্যক্তি আবদুস সালামের বিষয় নয়, সংবিধানে স্বীকৃত সংবাদক্ষেত্রের স্বাধীনতা বিপন্ন হওয়ার প্রশ্ন। এর মাধ্যমে যদি সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের এই বার্তা দিতে চায় যে তাদের পছন্দ নয় এমন কিছু প্রচার করা যাবে না, তার পরিণতি কারও জন্যই ভালো হতে পারে না। সরকারকে মনে রাখতে হবে, গণমাধ্যম নিয়ন্ত্রণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। অবিলম্বে আবদুস সালামকে মুক্তি এবং ইটিভির অনুষ্ঠান প্রচার নির্বিঘ্ন করা হোক।