একের পর এক খুনের ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতির ইঙ্গিত দেয়, গত দুই দিনে সে রকম কয়েকটি ঘটনা ঘটেছে সাভার ও মানিকগঞ্জ এলাকায়। মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় দুই যুবককে গুলি করে খুন করে পালিয়ে গেছেন চার যুবক। শামীম ও শাওন নামের এই দুই যুবক নানা অপকর্ম ও দুর্বৃত্তপনার সঙ্গে জড়িত ছিলেন বলেই প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে কাছাকাছি সাভারের সলমাসি এলাকার ইটভাটায় একটি লাশ পাওয়া গেছে সোমবার রাতে। পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা গেল, নিহত এই যুবকের নাম সুবীর চন্দ্র দাস। তিনি একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাভারের হেমায়েতপুরে মঙ্গলবার সকালে অপর যে ব্যক্তির লাশ পাওয়া গেছে, তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ধরনের ঘটনাগুলো আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।সিঙ্গাইরে দুই যুবক খুনের যে ঘটনা ঘটেছে, তাতে খুনের শিকার ও খুনিরা মোটরসাইকেলে করে একই সঙ্গে ধলেশ্বরী নদীর তীরের ওই নির্জন এলাকায় এসেছিল। ধারণা করা যাচ্ছে, অপরাধী চক্রের সদস্যরা নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ে এ ঘটনা ঘটিয়েছে। এখন অপরাধীরা যদি এভাবে মোটরসাইকেলে করে ঘুরে বেড়াতে পারে এবং নিজেরা খুনোখুনিতে লিপ্ত হতে পারে, তাহলে মানতেই হবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নেই। অপরাধ ও অপকর্ম করলেও শাস্তির মুখোমুখি হতে হবে না—সমাজে এমন ধারণা তৈরি হলেই দুর্বৃত্তরা বেপরোয়া হয়ে ওঠে। সুবীর চন্দ্র দাসের হত্যার ক্ষেত্রেও প্রাথমিকভাবে যে মোটিফ জানা যাচ্ছে, সেটাও ইঙ্গিত দিচ্ছে যে একজনকে খুন করে ফেলা যেন আমাদের সমাজে এখন আর তেমন ঘটনা নয়। স্ত্রীর সঙ্গে অতীতে সম্পর্ক থাকার কারণেই যদি তাঁর স্বামী এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন, তা অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে ধারণা আমাদের সমাজে রয়েছে, তারই ইঙ্গিত দেয়। অন্যথায় একের পর হত্যাসহ গুরুতর অপরাধের ঘটনাগুলো ঘটতে পারত না। এ ধরনের ঘটনাগুলো রোধ করতে না পারার দায় প্রথমত আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ ও বাহিনীকে নিতে হবে। এগুলোকে তাদের প্রত্যক্ষ ব্যর্থতা হিসেবেই আমরা বিবেচনা করছি। আর সার্বিকভাবে এই ব্যর্থতার দায় সরকারের, কারণ অপরাধ-অপকর্ম ও খুনের মতো ঘটনা ঘটালেও পার পাওয়া যায়—এ ধরনের ধারণা সমাজে তৈরি হয় আইনের শাসনের অভাবে। অন্যদিকে জনগণের জানমালের নিরাপত্তার তথা আইনের শাসন নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব সংশ্লিষ্টরা পালন করছে না বলেই সমাজে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। এই বিপজ্জনক ও আত্মঘাতী প্রবণতা থেকে বেরিয়ে আসার উপায় হলো, এসব অপরাধ ও অপকর্মের সঙ্গে জড়িতদের আটক করে শাস্তির মুখোমুখি করা।এই খুনের ঘটনাগুলোর সঙ্গে জড়িতরা চিহ্নিত ও আটক হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, সেটাই সবার প্রত্যাশা।