দুই ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে নানা মহল থেকে যতই প্রশ্ন উঠুক, এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে তিনজন মেয়র নির্বাচিত হয়েছেন এবং তাঁরা গতকাল বুধবার শপথ নিয়েছেন। এই তিনটি সিটির দেখভালের পুরো দায়িত্ব এখন তাঁদের হাতে। চট্টগ্রামে এক নির্বাচিত মেয়রের পরিবর্তে আরেকজন নতুন মেয়র এলেও ঢাকাবাসী দুজন মেয়র পেল দীর্ঘদিন পর। নতুন তিন মেয়র এই নগরগুলোর অসংখ্য সমস্যার কতটুকু দূর ও নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে কী কী করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।
স্থানীয় সরকার সংস্থার এই অরাজনৈতিক নির্বাচনে প্রার্থীদের পেছনে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল। সরকারি দল-সমর্থিত বিজয়ী তিন মেয়রই নির্বাচনের আগে নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে উঠে নগরবাসী, তথা সবার মেয়র হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আশা করব, তাঁরা এই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবেন।
ঢাকা ও চট্টগ্রামে যে তিনজন মেয়র নির্বাচিত হয়েছেন, তাঁরা নিজ নিজ শহরগুলোর সমস্যা চিহ্নিত করে কোন সমস্যাগুলো সমাধানে প্রাধান্য দেবেন ও কী কী উদ্যোগ নেবেন, তা তাঁদের ইশতেহারে বিস্তারিতভাবেই উল্লেখ করেছেন। আমরা মনে করি, দায়িত্ব নেওয়ার পর এই তিন মেয়রের প্রথম কাজ হওয়া উচিত নির্বাচনী ইশতেহার ধরে একটি একটি করে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া। নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার সঙ্গে নগরের নানা দিকের ব্যবস্থাপনা ও উন্নয়নকাজ জড়িত। আর এর সঙ্গেই মিলেমিশে থাকে দুর্নীতি। এই তিন সিটি করপোরেশনের কাজকর্মে দুর্নীতির জোরালো অভিযোগ রয়েছে। যথার্থ নাগরিক সেবা ও উন্নয়ন নিশ্চিত করতে চাইলে নতুন তিন নির্বাচিত মেয়রকে এর বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে হবে।
মেয়ররা নির্বাচনের আগে যত প্রতিশ্রুতি দিয়েছেন, তার কতটা সিটি করপোরেশনের আওতা বা ক্ষমতার মধ্যে রয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকারের উচ্চপর্যায়ের সমর্থন ও যথাযথ নীতি-সহায়তা ছাড়া মেয়ররা তাঁদের প্রতিশ্রুত অনেক কাজই বাস্তবায়ন করতে পারবেন না। আমরা আশা করব, সরকার এ ক্ষেত্রে তাঁদের প্রয়োজনীয় সমর্থন ও সহায়তা দেবে।